প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
সংগৃহীত ছবিএনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে আর্থিক কৌশল নিয়ে মতবিরোধ ছিল প্রতিষ্ঠানটির নতুন ভারপ্রাপ্ত সিইও কোলেট ক্রেসের। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিভিন্ন কোম্পানিকে বড় অঙ্কের অর্থায়ন এবং এতে এনভিডিয়ার আর্থিক ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার হুয়াংয়ের বিদায়ের পর প্রতিষ্ঠানটির নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সেই ক্রেস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়ার ভারপ্রাপ্ত সিইও হিসেবে নিয়োগ পান কোলেট ক্রেস। এর আগে একাধিক ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে হুয়াংয়ের পদত্যাগের খবর সামনে আসে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, একবার উপস্থাপনার সময় ক্রেসকে থামিয়ে তাকে ‘হেডলাইটের সামনে পড়া হরিণের’ সঙ্গে তুলনা করেছিলেন হুয়াং। তাকে ‘রিপোর্টিং সিএফও’ বলেও অভিহিত করেন তিনি। অর্থাৎ, কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার চেয়ে আর্থিক ফলাফল তুলে ধরতেই ক্রেস বেশি দক্ষ—এমন ইঙ্গিত দিয়েছিলেন হুয়াং।
এআই কোম্পানিগুলোকে অর্থায়নে এনভিডিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়ে দুজনের মতবিরোধ তৈরি হয়। হুয়াং চাইতেন, গ্রাহকদের ডেটা সেন্টার নির্মাণ ও এনভিডিয়ার চিপ কেনার জন্য অর্থ সংগ্রহে সহায়তা করতে। তবে এতে কোম্পানির আর্থিক ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন ক্রেস।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ওহাইওতে ওপেনএআইয়ের একটি ডেটা সেন্টার প্রকল্পের অর্থায়ন নিয়ে এ বিরোধ তীব্র হয়। প্রকল্পটির জন্য ওপেনএআইকে ঋণ পেতে সহায়তা করতে এনভিডিয়া প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি ডলারের আর্থিক নিশ্চয়তা দেওয়ার কথা বিবেচনা করেছিল। পরে ক্রেস সেই প্রস্তাব কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামিয়ে আনেন। পাশাপাশি এ ধরনের নিশ্চয়তার মূল্যায়ন ও সম্ভাব্য মুনাফা পরিমাপের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বোর্ড ও জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়গুলো পর্যালোচনা শুরু করলে শেষ পর্যন্ত কিছু অর্থায়ন উদ্যোগ স্থগিত হয়ে যায়। এখন সেই ক্রেসের হাতেই বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্ব।
সূত্র : উইয়ন নিউজ
সময়ের আলো/কেএইচও