প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
সংগৃহীত ছবিহাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনামলে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ২০ মিলিয়ন ডলারের নগদ অর্থ উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। বনভূমির মাটির নিচে পুঁতে রাখা অর্থের পাশাপাশি খামারবাড়ি, গুদাম ও বিভিন্ন স্থাপনায় লুকিয়ে রাখা এসব অর্থ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস জানায়, ১২ ও ১৩ নভেম্বর বুদাপেস্টসহ দেশটির চারটি অঞ্চলে অভিযান চালিয়ে ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ তদন্তে এসব অভিযান পরিচালিত হয়।
উদ্ধার করা অর্থ গণনা করতে কোষাগারের ১২ কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান।
সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাককে ঘিরে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এসব অর্থ উদ্ধার করা হয়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অরবানের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা শেস্তাকের বিরুদ্ধে সরকারি পরিবহন সংস্থার জন্য অতিরিক্ত দামে বাস কেনা এবং নির্মাণ প্রকল্পের চুক্তি থেকে ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ ও অবৈধ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরে তাকে আটক করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার অর্থ উদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মধ্য দিয়ে তথাকথিত ‘ফিদেজ-কেডিএনপি মাফিয়া’ ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। তার নেতৃত্বাধীন তিসা পার্টি গত এপ্রিলে নির্বাচনে জয়ী হয়ে অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটায়।
অন্যদিকে, চলমান তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অরবান। তার অভিযোগ, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই নতুন সরকার এসব তদন্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগে আরও কয়েকজন সাবেক মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর জিয়র্গি মাতোলচিও তদন্তের আওতায় এসেছেন। এদিকে, সংবাদমাধ্যম এইচভিজিতে প্রকাশিত মিডিয়ানের এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ হাঙ্গেরীয় নাগরিক অরবানের আমলের দুর্নীতির অভিযোগ তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার পক্ষে।
সময়ের আলো/কেএইচও