প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৫ এএম
ছবি : সংগৃহীত বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিভ্রাটের কারণে চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রজুড়ে আবারও স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। শুক্রবার স্থানীয় সময় বিকেল থেকে রাত পর্যন্ত দেশটির বিমানবন্দরগুলোতে উড্ডয়ন স্থগিত থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ঘটনায় এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির সব বিমানবন্দরে ফ্লাইটের উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে এ স্থগিতাদেশ তুলে নেয় সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারে অতিরিক্ত ডেটার চাপ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
ফ্লাইট-ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় এয়ারলাইনগুলো। এ ছাড়া প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে যায়। আকাশে থাকা হাজার হাজার বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো বিমান উড্ডয়ন করতে পারেনি। পরে এ বিপর্যয়ের প্রভাব যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপের ফ্লাইট চলাচলেও পড়ে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, এখন পর্যন্ত এমন কোনো আলামত আমরা পাইনি, যার ভিত্তিতে বলা যায় যে আমাদের লক্ষ্য করে কোনো বিদ্বেষপূর্ণ হামলা ঘটেছে। আপাতত এটি কেবল একটি টেলিযোগাযোগ বিভ্রাট। প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারণের আতঙ্কিত হওয়ার বা প্রিয়জনদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটি কোনোভাবেই ১১ সেপ্টেম্বরের মতো ঘটনা নয়।
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমসহ বিভ্রাটের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মুলিন।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের সর্বশেষ ও বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে। সরঞ্জাম ও যোগাযোগব্যবস্থায় ত্রুটি, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতি এবং পুরোনো অবকাঠামোর কারণে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আগে থেকেই নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
সময়ের আলো/জেডি