পুতুল ঘিরে গা ছমছমে রহস্য

মাহফিক মাহিয়ান নাজাত

আন্তর্জাতিক

ভাঙা পুতুলের মাথা, হাত-পা আর শরীরের বিভিন্ন অংশ সাজিয়ে রাখা হয়েছে একটি দোকানের জানালায়। প্রথম দেখায় দৃশ্যটি কিছুটা ভীতিকর মনে

2026-11-14T03:06:33+00:00
2026-11-14T03:06:33+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পুতুল ঘিরে গা ছমছমে রহস্য
মাহফিক মাহিয়ান নাজাত
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:০৬ এএম 
পুতুল ঘিরে গা ছমছমে রহস্য । ছবি : জাস্টপ্লেইনজেন
ভাঙা পুতুলের মাথা, হাত-পা আর শরীরের বিভিন্ন অংশ সাজিয়ে রাখা হয়েছে একটি দোকানের জানালায়। প্রথম দেখায় দৃশ্যটি কিছুটা ভীতিকর মনে হলেও ইতালির রোমের এই দোকানে আসলে চলে পুতুল মেরামতের কাজ। পুতুল ঘিরে পৃথিবীর নানা প্রান্তে রয়েছে এমন অদ্ভুত সব আয়োজন। যুক্তরাজ্যের লন্ডনে এক শিল্পীর বাড়ি সাজানো হয়েছে হাজারো পুতুল ও ব্যক্তিগত স্মৃতি দিয়ে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ছয় হাজার পুতুল নিয়ে তৈরি হয়েছে ছোট্ট একটি গ্রাম। পর্তুগালের লিসবনে প্রায় দুই শতাব্দী ধরে চলছে পুতুলের হাসপাতাল। আবার ফ্লোরিডার একটি জাদুঘরে রাখা পুতুল রবার্টকে ঘিরে রয়েছে অভিশাপের গল্প। লাটভিয়ায় রয়েছে খড়ের পুতুলের বাগান, ওহাইওতে হাজারো ট্রল পুতুলের সংগ্রহশালা। আর সুইডেনের স্টকহোমে একটি রেলপথের সুড়ঙ্গে সারি করে রাখা হয়েছে হারিয়ে যাওয়া খেলনা। অদ্ভুত এসব জায়গার কোনোটি মানুষের শখের ফসল, কোনোটি শিল্পের প্রকাশ, আবার কোনোটি ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। তথ্যসূত্র : অ্যাটলাস অবস্কিউরা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও সাউথওয়ার্ক কাউন্সিল।

রোমের পুতুল হাসপাতাল : ইতালির রোমের ভিয়া দি রিপেত্তা সড়কে রয়েছে ‘ওসপেদালে দেলে বাম্বোলে’, যার অর্থ পুতুলের হাসপাতাল। দোকানটির কাচঘেরা জানালায় সারি করে রাখা থাকে পুরোনো পুতুলের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ। কোনোটি ভাঙা, কোনোটি বিবর্ণ, আবার কোনো পুতুলের চোখই নেই। বাইরে থেকে দেখলে ভৌতিক প্রদর্শনী মনে হলেও এখানে আসলে চলে পুতুল মেরামতের কাজ।

১৯৩৯ সালে স্কুয়াত্রিতি পরিবারের হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। বর্তমানে পরিবারের চতুর্থ প্রজন্মের উত্তরসূরি ফেদেরিকো স্কুয়াত্রিতি ও তার মা গেলসোমিনা এ কাজের সঙ্গে যুক্ত। প্রতি বছর প্রায় এক হাজার পুরোনো পুতুল ও অন্যান্য সামগ্রী মেরামত করা হয়। 

লন্ডনের হাউস অব ড্রিমস : যুক্তরাজ্যের লন্ডনের ইস্ট ডালউইচ এলাকায় শিল্পী ও টেক্সটাইল ডিজাইনার স্টিফেন রাইটের বাড়িটিই এখন ব্যতিক্রমী এক জাদুঘর। নাম ‘হাউস অব ড্রিমস’। 

১৯৯৮ সালে বাড়িটিকে শিল্পকর্মে রূপ দেওয়ার কাজ শুরু করেন স্টিফেন। প্রথমে এটি ছিল ব্যক্তিগত উদ্যোগ। পরে সঙ্গী ও পরিবারের সদস্যদের মৃত্যু এবং জীবনের নানা অভিজ্ঞতা তার শিল্পকর্মে নতুন মাত্রা যোগ করে। বাড়িটি হয়ে ওঠে তার ভালোবাসা, শোক, শৈশব, হারানো মানুষ ও জীবনের নানা ঘটনার স্মারক। এখানে রয়েছে হাজারো ভাঙা পুতুল। ছয় হাজার পুতুলের গ্রাম : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাপ্লাই এলাকায় রয়েছে ‘মেরিস গন ওয়াইল্ড ফোক আর্ট অ্যান্ড ডল বেবি মিউজিয়াম’। শিল্পী মেরি পলসেনের সংগ্রহে রয়েছে প্রায় ছয় হাজার পুতুল। তবে সেগুলো কেবল কাচের বাক্সে সাজিয়ে রাখা হয়নি। পুতুলগুলোকে নিয়ে তিনি তৈরি করেছেন ছোট্ট একটি গ্রাম। সেখানে রয়েছে স্কুলঘর, পানীয়ের দোকান, গ্রন্থাগার, সাধারণ দোকান, রেলস্টেশন ও একটি প্রার্থনা কক্ষ।

লিসবনের ‘হসপিটাল দে বোনেকাস’ : পর্তুগালের রাজধানী লিসবনের প্রাচা দা ফিগেইরা এলাকায় রয়েছে ‘হসপিটাল দে বোনেকাস’। ১৮৩০ সালে দোনা কার্লোতা নামের এক নারীর হাত ধরে এর যাত্রা শুরু হয়। সে সময় তিনি একটি ভেষজ ওষুধের দোকানের সামনে বসে কাপড়ের পুতুল তৈরি ও মেরামত করতেন। 

প্রায় দুই শতাব্দী ধরে প্রতিষ্ঠানটি পুতুল মেরামতের কাজ করে যাচ্ছে। শুধু মেরামত নয়, এখানে তৈরি হয় পুতুলের পোশাক, জুতা, চুলের সাজসজ্জা ও ক্ষুদ্রাকৃতির আসবাব। রয়েছে পুরোনো পুতুলের একটি জাদুঘরও। পুরোনো খেলনার পাশাপাশি শিশুদের পোশাক ও উৎসবের জন্য বিশেষ পোশাকও তৈরি করা হয় এখানে। লিসবনের দীর্ঘদিনের এই প্রতিষ্ঠান অনেকের কাছে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনার ঠিকানা।

ফ্লোরিডার ‘রবার্ট দ্য ডল’ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কি ওয়েস্ট শহরের ফোর্ট ইস্ট মার্তেলো জাদুঘরে রাখা রয়েছে ‘রবার্ট দ্য ডল’। প্রায় ৪০ ইঞ্চি লম্বা পুতুলটির শরীর কাঠের উল দিয়ে তৈরি। পরনে নাবিকের পোশাক। বিশ শতকের শুরুর দিকে তৈরি এই পুতুলটি একসময় রবার্ট ইউজিন অটো নামের এক শিশুর ছিল। পরিবার ও পরিচিতজনদের কাছে তিনি জিন নামে পরিচিত ছিলেন।

শৈশবে জিনের সঙ্গে পুতুলটির সম্পর্ক ছিল খুব ঘনিষ্ঠ। প্রচলিত গল্প অনুযায়ী, তিনি পুতুলটির সঙ্গে কথা বলতেন এবং কখনো কখনো মনে হতো, অন্য কেউ যেন তার হয়ে উত্তর দিচ্ছে। বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে জিন পুতুলটিকেই দায়ী করতেন। আসবাবপত্র উল্টে যাওয়া কিংবা রাতে অদ্ভুত শব্দ শোনার মতো ঘটনাও রবার্টকে ঘিরে রহস্যের জন্ম দেয়। জিন বড় হওয়ার পরও পুতুলটি তার কাছে ছিল। পরে বাড়িটির নতুন মালিক মির্টল রিউটার পুতুলটির দায়িত্ব নেন।

লাটভিয়ার পুতুলের বাগান : লাটভিয়ার ছোট শহর সাবিলেতে রয়েছে ‘ডল গার্ডেন’। সেখানে শত শত খড়ভর্তি পুতুলকে সাজানো হয়েছে মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে। কোনোটি রান্না করছে, কোনোটি গাছ কাটছে, কেউ সাইকেল চালাচ্ছে, আবার কোনোটি বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে। 

ওহাইওর ট্রল পুতুলের জগৎ : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের অ্যালায়েন্স শহরে রয়েছে ‘দ্য ট্রল হোল’। স্ক্যান্ডিনেভীয় লোককথার পাহাড়ে বসবাসকারী কাল্পনিক প্রাণী ট্রলকে কেন্দ্র করে তৈরি এই জাদুঘরে রয়েছে হাজার হাজার পুতুল। কারও চুল লম্বা ও রঙিন, কারও মুখে চওড়া হাসি, আবার কারও চেহারা বেশ অদ্ভুত। ৫০ দশকে তৈরি জনপ্রিয় ট্রল পুতুল থেকে শুরু করে বিরল ও বিশেষ সংস্করণের খেলনাও রয়েছে সংগ্রহে।

জাদুঘরটির প্রতিষ্ঠাতা শেরি গ্রুম পাঁচ বছর বয়স থেকেই ট্রল পুতুল সংগ্রহ করছেন। দীর্ঘদিনের সেই শখ একসময় বিশাল সংগ্রহে পরিণত হয়। ২০১৩ সালে স্বামী জের সঙ্গে তিনি ট্রল হোল জাদুঘরটি চালু করেন। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার সংগ্রহে ৮ হাজার ১৩০টি স্বতন্ত্র ট্রল পুতুল থাকার তথ্য নথিভুক্ত হয়। বর্তমানে জাদুঘরের নিজস্ব তথ্য অনুযায়ী, সেখানে ১০ হাজারের বেশি স্বতন্ত্র ট্রল পুতুল রয়েছে। জাদুঘরটিতে রয়েছে গুহার মতো সাজসজ্জা, জলপ্রপাত এবং ১০ ফুট উঁচু ট্রল পাহাড়। আছে কফিশপও। দেখতে অনেকটা ভৌতিক মনে হলেও এসব পুতুলের বেশির ভাগই হাস্যোজ্জ্বল। ট্রল নিয়ে মানুষের কৌতূহল ও শেরির সংগ্রহের নেশাই জায়গাটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

স্টকহোমের সুড়ঙ্গে হারিয়ে যাওয়া খেলনা : সুইডেনের রাজধানী স্টকহোমে রয়েছে এক ভিন্নধর্মী খেলনার সংগ্রহ। লিলিয়েহোলমেন ও ন্যিবোহোভ পাহাড়ের মধ্যকার একটি ফানিকুলার রেলপথের সুড়ঙ্গে সারি করে রাখা হয়েছে শিশুদের পুরোনো নরম খেলনা। কোথাও টেডি বিয়ার, কোথাও নাম না জানা পশুর আদলে তৈরি খেলনা, আবার কোথাও ছোট পুতুল দেয়ালের পাশে বসে আছে। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে সমান দূরত্বে সাজানো এসব খেলনা দেখে মনে হয়, তারা যেন সেখানকারই বাসিন্দা।

ন্যিবোহোভ ফানিকুলারটি ১৯৬৪ সালে চালু হয়। প্রায় দুই মিনিটের যাত্রায় এটি যাত্রীদের পাহাড়ের ওপরের এলাকায় পৌঁছে দেয়। তবে কখন থেকে সুড়ঙ্গের ভেতরে খেলনা জমা হতে শুরু করে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হয়, যাত্রীরা বিশেষ করে শিশুরা গাড়িতে খেলনা ফেলে গেলে সেগুলোর কিছু পরে সুড়ঙ্গে জায়গা করে নেয়। আবার কে বা কারা সেগুলো নির্দিষ্ট দূরত্বে সাজিয়ে রাখে, সেটিও রহস্য। ২০১২ সালের মে মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে নগর কর্তৃপক্ষ খেলনাগুলো সরিয়ে পরিবহন বিভাগের হারানো প্রাপ্তি শাখায় জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সুড়ঙ্গে খেলনাগুলো অগ্নিঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করেন। তাদের কাছে খেলনাগুলো সুড়ঙ্গটির পরিচিত অংশ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত প্রতিবাদের মুখে খেলনাগুলো সেখানে রাখার সিদ্ধান্ত হয়। এভাবেই যাত্রীদের হারিয়ে যাওয়া কিছু খেলনা পরিণত হয়েছে স্টকহোমের অদ্ভুত এক পরিচিতিতে।

পুতুল ও খেলনার এসব ঠিকানার গল্প এক নয়। কোথাও বহু প্রজন্ম ধরে ভাঙা পুতুল সারানো হচ্ছে, কোথাও একজন শিল্পী নিজের জীবনের স্মৃতি সাজিয়েছেন খেলনার মধ্যে। আবার কোথাও হারিয়ে যাওয়া খেলনাই মানুষের ভালোবাসায় স্থায়ী জায়গা পেয়েছে। শৈশবের পরিচিত এসব খেলনা তাই সময়ের সঙ্গে বদলে গিয়ে কখনো শিল্প, কখনো সংগ্রহ, আবার কখনো রহস্যের অংশ হয়ে উঠেছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   পুতুল  ঘিরে  গা ছমছম  রহস্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: