ছবি : সংগৃহীত নগ্ন ছবি পাঠিয়ে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারের কাছ থেকে গোপন সামরিক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে। বিনিময়ে ওই কর্মকর্তা ভারতের যুদ্ধ পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান ও স্পর্শকাতর সামরিক স্থাপনার তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় দায়ের করা অভিযোগপত্রে পুলিশ জানিয়েছে, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে ওই পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল কর্মকর্তার। ১ এপ্রিল অফিসে স্মার্টফোন নেওয়ার সময় তাঁকে আটক করা হয়। সরকারি গোপনীয়তা আইনে করা মামলায় গত পাঁচ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।
পুলিশের অভিযোগ, পাকিস্তানি এজেন্ট ওই কর্মকর্তাকে একটি নগ্ন ছবি পাঠান। জবাবে তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধ পরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান। এমনকি প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধ পরিকল্পনার নথির একটি পৃষ্ঠা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়েছে, ওই কর্মকর্তা বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো, পরিচালন পদ্ধতি, সক্ষমতা, পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়নের স্থায়িত্ব এবং অস্ত্র নিশানা করার প্রযুক্তি সম্পর্কে তথ্য দিয়েছেন। যুদ্ধ পরিস্থিতিতে ইউনিটটির সম্ভাব্য অবস্থানের তথ্যও ফাঁস করেন তিনি। এ ছাড়া লেহতে যুদ্ধবিমান মোতায়েন এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়ার তথ্যও সরবরাহের অভিযোগ রয়েছে।
আরও গুরুতর অভিযোগ হলো, ওই কর্মকর্তা নিজের অধীন পাঁচ কর্মকর্তার মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করতে সহায়তা করেছিলেন। পুলিশের ধারণা, এর মাধ্যমে তাদের ডিভাইসে থাকা গোপন তথ্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে প্রবেশের চেষ্টা করা হয়েছিল।
দিল্লি পুলিশের অভিযোগপত্রে দুই পক্ষের হোয়াটসঅ্যাপ যোগাযোগের ডিজিটাল তথ্যও যুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, তাদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি অডিও কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংক আদান-প্রদান হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যের পরিমাণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্য ফাঁস ভারতের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
সময়ের আলো/জেডি