২০১৯ সালের ৩০শে আগস্ট ইসরায়েলি শহর তেল আবিবের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা আফ্রিকান শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ছবি : সংগৃহীত ইসরায়েলে বসবাসরত আফ্রিকার সব দেশের নাগরিকদের স্বেচ্ছায় দেশ ছাড়ার বিনিময়ে ৩ হাজার ৫০০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অভিবাসীদের দেশত্যাগে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও টোগোর নাগরিকরাও প্রথমবারের মতো অর্থ পাওয়ার সুযোগ পাবেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং চলতি বছরের শেষ দিন পর্যন্ত তা বহাল থাকবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। যেসব আফ্রিকান নাগরিক বৈধ ভিসা ছাড়া দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েলে রয়েছেন এবং যাদের অস্থায়ী বসবাসের অনুমতি রয়েছে, তারা এ সুবিধা পাবেন। প্রথমবারের মতো বৈধভাবে প্রবেশ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদেরও এর আওতায় আনা হয়েছে।
ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের ধারণা, নতুন সিদ্ধান্তের ফলে কয়েক হাজার অতিরিক্ত মানুষ এ সুবিধার যোগ্য হবেন। আগে মূলত সরকারি সীমান্ত চৌকি এড়িয়ে ইসরায়েলে প্রবেশ করা ব্যক্তিরাই এ অর্থ পাওয়ার সুযোগ পেতেন। তাদের মধ্যে ইরিত্রিয়া, সুদান, ইথিওপিয়া, আইভরি কোস্ট ও গিনির নাগরিকেরা ছিলেন। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই—এমন দেশের নাগরিকেরাও এ সুবিধার আওতায় ছিলেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্বেচ্ছায় দেশত্যাগ কর্মসূচির আওতায় ২০২৪ সালে ৩ হাজার ৫১১ জন আফ্রিকান নাগরিক ইসরায়েল ছেড়েছিলেন। ২০২৫ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ২ হাজার ৮১৫ জনে। অর্থাৎ এক বছরে দেশত্যাগের হার কমেছে প্রায় ২০ শতাংশ।
২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এ পতনের জন্য কানাডায় আশ্রয়ের সুযোগ কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের সীমান্ত আশ্রয়প্রার্থীদের জন্য বন্ধ হয়ে যাওয়া এবং যুদ্ধের কারণে বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইট চলাচলে বিঘ্নকে দায়ী করেছে কর্তৃপক্ষ।
গত বছর এ কর্মসূচির আওতায় ইসরায়েল ছেড়ে যাওয়া আফ্রিকানদের ৮৯ শতাংশই ছিলেন ইরিত্রিয়ার নাগরিক। কর্তৃপক্ষের তথ্য বলছে, দেশত্যাগ করা ইরিত্রিয়া ও সুদানের নাগরিকদের প্রায় ৯০ শতাংশ আফ্রিকার বাইরের দেশে গেছেন। নিজ দেশে ফিরেছেন মাত্র প্রায় ২ শতাংশ।
দেশত্যাগে অর্থ দেওয়ার পুরোনো উদ্যোগ
স্বেচ্ছায় দেশত্যাগের বিনিময়ে ৩ হাজার ৫০০ ডলার দেওয়ার এ অর্থের পরিমাণ নতুন নয়। ২০১৮ সালেও একই পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাব করেছিল ইসরায়েল। সে সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার প্রায় ৩৮ হাজার আশ্রয়প্রার্থীকে একটি বিকল্প দিয়েছিল—৩ হাজার ৫০০ ডলার ও বিমানের টিকিট নিয়ে অজ্ঞাত তৃতীয় কোনো দেশে চলে যাওয়া, অথবা কারাবরণের ঝুঁকি নেওয়া। তাঁদের অধিকাংশই ছিলেন ইরিত্রিয়া ও সুদানের নাগরিক।
তবে জাতিসংঘের সঙ্গে পুনর্বাসন চুক্তি বাতিলের পর ২০১৮ সালের এপ্রিলে ওই পরিকল্পনা পরিত্যক্ত হয়।
ইসরায়েলে শরণার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার হার অত্যন্ত কম। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত দেশটির শরণার্থী ও আশ্রয়প্রার্থী সংগঠনগুলোর ফোরামের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে শরণার্থী স্বীকৃতির হার ০.১ শতাংশেরও কম। ফোরামের হিসাবে, প্রায় ১৩ হাজার ইরিত্রীয় ও ৬ হাজার ৭০০ সুদানি নাগরিক ইসরায়েলে বহিষ্কার থেকে গোষ্ঠীগত সুরক্ষার আওতায় রয়েছেন।
গত আগস্টে ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের জুনের মধ্যে আবেদন করা সুদানি আশ্রয়প্রার্থীদের অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে। শরণার্থী সহায়তা সংস্থা হিয়াস এ সিদ্ধান্তকে ‘নিরলস আইনি চাপের সরাসরি ফল’ বলে অভিহিত করেছে।
অন্যদিকে, ইথিওপীয়দের জন্য গোষ্ঠীগত সুরক্ষা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সরকারের এ সিদ্ধান্ত বহাল রাখার পর চলতি বছরের মার্চে ইথিওপীয় আশ্রয়প্রার্থীদের গ্রেফতার শুরু করে কর্তৃপক্ষ। এপ্রিল থেকে তাঁদের বহিষ্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছিল বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
সহায়তা সংস্থা আসাফের হিসাব অনুযায়ী, প্রায় ৮ হাজার ইথিওপীয় নাগরিক বহিষ্কারের ঝুঁকিতে রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১ হাজার জন টাইগ্রে অঞ্চলের বাসিন্দা।
এ ছাড়া ইরিত্রীয় সরকারের সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বহিষ্কারের সুযোগ রেখে ২০২৫ সালে একটি আইন পাস হয়। ওই আইনের আওতায় গত জুনে তেল আবিবে ইরিত্রীয় নাগরিকদের গ্রেফতার করে পুলিশ।
সময়ের আলো/জেডি