ভুয়া ভিডিও কলেই চুরি ৫ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভুয়া ভিডিও কলের ফাঁদে ফেলে গত ১৮ মাসে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট

2026-11-13T20:46:11+00:00
2026-11-13T20:47:00+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার হ্যাকারদের নতুন ফাঁদ
ভুয়া ভিডিও কলেই চুরি ৫ হাজার কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
ভুয়া ভিডিও কলের ফাঁদে ফেলে গত ১৮ মাসে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা। ‘ফেসস্টিলার’ নামের এই নতুন সাইবার প্রতারণার কৌশলে প্রযুক্তি খাতের কর্মীদের টার্গেট করা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এ বিষয়ে সতর্কতা জারি করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত বিবৃতিতে এফবিআই জানায়, এসব হামলার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ‘স্যাফায়ার স্লিট’ জড়িত। এটি কুখ্যাত লাজারাস গোষ্ঠীর একটি শাখা। ভুয়া ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম, আগে থেকে ধারণ করা ওয়েবক্যাম ভিডিও এবং ম্যালওয়্যার ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে তারা।

হ্যাকাররা জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের আদলে ভুয়া প্ল্যাটফর্ম তৈরি করে পরিচিত ব্যক্তি বা সহকর্মীর নামে ভিডিও কলের আমন্ত্রণ পাঠায়। কলে যুক্ত হলে আগে থেকে ধারণ করা ভিডিও দেখিয়ে সরাসরি কথোপকথনের পরিবেশ তৈরি করা হয়। একপর্যায়ে কারিগরি সমস্যার কথা বলে ভুক্তভোগীকে বিশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। এতে কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে এবং হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি, ব্যক্তিগত তথ্য ও প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পায়।


এফবিআইয়ের সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লেদারম্যান জানান, উত্তর কোরিয়ার অর্থ সংগ্রহ ও ভার্চুয়াল সম্পদ চুরির বৃহত্তর প্রচেষ্টার অংশ এসব হামলা। এতে সামাজিক যোগাযোগভিত্তিক প্রতারণা ও ডিপফেক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

বিশেষ করে ওপেন সোর্স সফটওয়্যারের ডেভেলপার ও রক্ষণাবেক্ষণকারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কম্পিউটারে প্রবেশের পর কয়েক মাস বা এক বছরের বেশি সময় অপেক্ষা করে ক্রিপ্টো ওয়ালেটে অর্থ জমলে তা চুরি করা হচ্ছে।

এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ক্রিপ্টো ও ব্লকচেইন খাতের কর্মীদের প্রায় ৯০০টি ওয়েবক্যাম ভিডিও জব্দ করেছে এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই যৌথভাবে হামলায় ব্যবহৃত ক্লাউড অবকাঠামোর একটি অংশ অকার্যকর করেছে।

এ ধরনের প্রতারণা এড়াতে অপরিচিত লিংকে ক্লিক না করে আনুষ্ঠানিক ভিডিও কল অ্যাপ ব্যবহার এবং সন্দেহজনক হামলার শিকার হলে নিরাপদ ডিভাইসের মাধ্যমে নতুন ওয়ালেটে সম্পদ সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তবে সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভুয়া  ভিডিও কল  ৫ হাজার কোটি  টাকা  ক্রিপ্টো  চুরি  হ্যাকার  নতুন ফাঁদ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: