প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি : সংগৃহীত ইয়েমেনের হুতিদের সামরিক তৎপরতা ও হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) নেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)।
বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে ভোট দেয়। এর আওতায় সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা বহাল থাকবে। একই সঙ্গে সৌদি আরবে হুতিদের হামলা বন্ধেরও দাবি জানানো হয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই বলেন, ‘এই প্রস্তাব বিশ্বাসঘাতকতাপূর্ণ হুতি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক অবস্থানকে আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
তিনি বলেন, হামলা বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সৃষ্ট হুমকি দূর করতে এই প্রস্তাবকে বাস্তব অঙ্গীকারে রূপ দেওয়া জরুরি।
এ ছাড়া ইয়েমেনের সার্বভৌমত্ব, ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের প্রতি জিসিসির সমর্থন পুনর্ব্যক্ত করেন আলবুদাইউই।
সময়ের আলো/জেডি