ক্ষমতা ছাড়ার আগে ইরানে আবার হামলা চালাবেন নেতানিয়াহু?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন

2026-11-13T20:43:00+00:00
2026-11-13T20:43:00+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ক্ষমতা ছাড়ার আগে ইরানে আবার হামলা চালাবেন নেতানিয়াহু?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম 
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। তবে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছে তাঁর মন্ত্রিসভা। রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকলেও ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে, ক্ষমতা ছাড়ার আগে তিনি কি আইনগতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারবেন?

ইসরায়েলের আইন অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়মিত সরকারের মতোই। দেশটির মৌলিক আইনের ৩০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আগের মতোই দায়িত্ব পালন করবে। তবে ইসরায়েলের সুপ্রিম কোর্টের অতীতের রায়ে বলা হয়েছে, জরুরি প্রয়োজন না থাকলে বিদায়ী সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা পরে আর পরিবর্তন করা সম্ভব হবে না। এ নীতিকে বলা হয় ‘সংযমের দায়িত্ব’।

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক নেভে গর্ডন আলজাজিরাকে বলেন, নেতানিয়াহু তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সামরিক অভিযান শুরু করতে পারেন। তিনি এটিকে ‘জরুরি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট’ সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করতে পারবেন।

তেল আবিবভিত্তিক থাচলিট ইনস্টিটিউটের গবেষক ওর আশের বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের সংযমের দায়িত্বের সবচেয়ে স্পষ্ট ব্যতিক্রম। সুপ্রিম কোর্ট ঐতিহাসিকভাবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তে হস্তক্ষেপ এড়িয়ে এসেছে। এ ছাড়া নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর কমিটিগুলো গঠিত হওয়ার আগপর্যন্ত সংসদীয় নজরদারিও তুলনামূলক দুর্বল থাকে।

আশেরের ভাষায়, আইনগতভাবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধেও ইসরায়েলকে যুদ্ধে নিতে পারেন। তবে বিশ্লেষক এহাব জাবারিন মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের অবস্থানের কারণে এমন সিদ্ধান্তের পক্ষে নেতানিয়াহুকে আরও জোরালো রাজনৈতিক যুক্তি দেখাতে হবে। তাঁর মতে, এমন একটি সিদ্ধান্তের পরিণতি দেশের মানুষকে মেনে নিতে বলতে হবে, যার প্রভাব নেতানিয়াহুর সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও থাকবে।

ইরানে হামলার প্রস্তুতি নিয়ে আলোচনা

বুধবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে সামরিক বাহিনীকে ইরানে হামলার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, মন্ত্রিসভার নির্দেশনা এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে, যা নতুন করে যুদ্ধের সূচনা ঘটাতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর পক্ষে চাপ দিয়েছেন নেতানিয়াহু বলে খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট। অন্তত একটি ফোনালাপে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার কানকে উদ্ধৃত করে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানান, সম্ভাব্য নতুন সংঘাতের জন্য প্রস্তুত থাকতে ইসরায়েলকে বলেছে ওয়াশিংটন। তবে পরে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আলজাজিরাকে জানায়, এ ধরনের খবর নিছক অনুমাননির্ভর।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, দেশটির সামরিক নেতৃত্ব ইরানে হামলার কোনো জরুরি প্রয়োজন দেখছে না। বুধবার নেতানিয়াহু ও পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকটকে দেওয়া এক ব্রিফিংয়ে এ মূল্যায়ন তুলে ধরা হয়।

বিরোধীদের আপত্তি

নেতানিয়াহুর বিরোধীরা বলছেন, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া তার তত্ত্বাবধায়ক সরকারের সামরিক অভিযান চালানো উচিত নয়। বিরোধী জোটের নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, পার্লামেন্টের নজরদারি এবং সব নিরাপত্তা কর্মকর্তার পূর্ণ সম্মতি ছাড়া প্রধানমন্ত্রী এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, যা ইসরায়েলকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে।

বুধবার নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে একই ধরনের উদ্বেগ জানান গাদি আইজেনকট। তিনি বলেন, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি না থাকলে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ইসরায়েলের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

জবাবে নেতানিয়াহু বলেছেন, সরকারের সব সিদ্ধান্ত নেওয়া হয় কেবল নিরাপত্তাসংক্রান্ত বিবেচনার ভিত্তিতে।

যুদ্ধ হলে জনমত কোন দিকে যাবে?

ইরানের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হলে ইসরায়েলের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে মতভেদ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অধ্যাপক নেভে গর্ডনের মতে, নেতানিয়াহুর সমর্থক ও তাঁর জোটের দলগুলো নতুন যুদ্ধের পক্ষে থাকবে। অন্যদিকে, পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া মানুষের বড় অংশ মনে করতে পারে, নির্বাচনে বিরোধীদের সাফল্য ঠেকাতে এবং ক্ষমতায় টিকে থাকতে যুদ্ধকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন নেতানিয়াহু।

তবে যুদ্ধ শুরু হলে এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হলে নেতানিয়াহুর বিরোধীরাও জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে পারেন বলে মনে করেন বিশ্লেষকেরা। জাবারিনের মতে, এতে অবশ্য প্রমাণ হয় না যে নতুন করে সংঘাত শুরু করার সিদ্ধান্তকে তাঁরা সঠিক মনে করেন।


তার ভাষায়, আসল পরীক্ষা হবে যখন আবার রিজার্ভ সেনাদের ডাকা হবে, পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে ফিরবে এবং সরকারকে ব্যাখ্যা করতে হবে—আগের অভিযানে যা অর্জন করা যায়নি, নতুন অভিযানে তা কীভাবে সম্ভব হবে।

জাবারিন মনে করেন, নতুন সংঘাত নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ বিতর্কের কেন্দ্রে থাকবে একটি প্রশ্ন—এখনই কেন? ওয়াশিংটন বিরোধিতা করলে এবং ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আপত্তি থাকলে হামলার জরুরি প্রয়োজনীয়তা প্রমাণ করা কঠিন হবে। এমন পরিস্থিতিতে আইজেনকট যখন নতুন সরকার গঠনের চেষ্টা করছেন, তখন নেতানিয়াহুর সিদ্ধান্তকে রাজনৈতিক আলোচনার গতিপথ বদলানোর চেষ্টা হিসেবেও দেখা হতে পারে।

যুক্তরাষ্ট্রের অবস্থান বড় বাধা

ইরানে নতুন করে হামলার ক্ষেত্রে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থানও গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর নীতি অনুসরণ করছে।

অধ্যাপক নেভে গর্ডনের মতে, নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় সমস্যা ইসরায়েলের জনমত নয়; বরং যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে যাওয়া। রাজনৈতিক বিশ্লেষক অ্যান্ডার্স পারসনও মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো গেলে নেতানিয়াহুর জন্য তা বাস্তবায়ন সহজ হতো। তবে ট্রাম্পের সমর্থন ছাড়া ইরানকে প্রকাশ্যে উসকানি দেওয়া যত বাড়বে, নতুন অভিযান চালানো এবং তা ইসরায়েলি জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা তত কঠিন হবে।

আগেও তত্ত্বাবধায়ক সরকার যুদ্ধ শুরু করেছে

ইসরায়েলে তত্ত্বাবধায়ক সরকারের সামরিক অভিযান চালানোর নজির রয়েছে। ২০২১ সালের মে মাসে নেতানিয়াহুর দল পার্লামেন্ট নির্বাচনে আসন হারানোর পর নতুন সরকার গঠনের আলোচনা চলছিল। ওই সময়ই তিনি গাজায় ১১ দিনের সামরিক অভিযান শুরু করেন। এতে ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত ২৬০ জন নিহত হন। ইসরায়েলেও প্রাণ হারান ১৩ জন।

ওই সংঘাতের কারণে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তবে পরের মাসেই নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুর টানা ১২ বছরের শাসনের অবসান ঘটে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ইয়ার লাপিদও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকাকালে গাজায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে ২০০৮ সালে ওলমার্টের নির্দেশে চালানো অভিযানটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে প্রায় ১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হন। 

স্টিফেনের এক্সপ্লেইনার থেকে বাংলায় অনূদিত। মূল লেখা পড়তে পারেন আল-আজিরায়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ক্ষমতা  ইরান  হামলা  নেতানিয়াহু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: