গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করেও সফল হয়নি দিল্লি। বিভিন্ন দেশের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা চালিয়েছে ভারত। তবে সেই উদ্যোগ কাজে না আসায় শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই এখন সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প মনে করছে দেশটি।
ব্যর্থ হয়ে এখন ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি। তবে দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার নিরাপত্তা এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করাকে শর্ত হিসেবে দেখছে ভারত।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে। দিল্লি ও শেখ হাসিনা—উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই এ ঘোষণা এসেছে বলে মনে করছে বিবিসি বাংলা। কারণ, ভারতে তার দীর্ঘদিনের অবস্থান দেশটির জন্য কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারত। এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লি একাধিকবার যোগাযোগ করলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি। ফলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই এখন বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে ভারত। এ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনরুজ্জীবনের ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দিল্লির নীতিনির্ধারকেরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের সঙ্গে দেশটির সরকার নিয়মিত মতবিনিময় করে। শেখ হাসিনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এসব আলোচনায় ভারতের মনোভাব তার কাছে তুলে ধরা হয়েছে। দুই পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হওয়ার পরই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রত্যর্পণের অনুরোধে নীরব দিল্লি
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ২০২৪ সালের ডিসেম্বরেই ভারতকে কূটনৈতিক বার্তা বা নোট ভার্বাল পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। এরপর একাধিকবার তাগিদ দেওয়া হলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না—কোনো জবাবই দেয়নি।
বিবিসি বলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত আগ্রহী হলে প্রত্যর্পণের অনুরোধে সাড়া দিতে পারে—এমন প্রশ্ন উঠেছে। তবে ভারতের পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা দেশটির দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত রাজনৈতিক মিত্র। তাকে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার মতো পদক্ষেপ নিতে চায় না দিল্লি।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অতীতে হাতকড়া পরিয়েও বিদেশ থেকে বন্দিদের ফিরিয়ে আনার নজির থাকার কথা বলেছেন। তবে শেখ হাসিনার ক্ষেত্রে ভারত এমন পদক্ষেপ নেবে না বলেই মনে করছেন দেশটির পর্যবেক্ষকেরা। তাদের মতে, এতে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ বিভিন্ন দেশে ভারতের রাজনৈতিক মিত্রদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখন তিনি কোনো আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না; বরং ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের দৃষ্টিতে তার সেই অবস্থানের পরিবর্তন হয়নি। এ ছাড়া ভারত-বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু আইনি সুযোগ রয়েছে, যার মাধ্যমে কোনো অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধের ক্ষেত্রেও ভারত সেই সুযোগ কাজে লাগাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে দিল্লির দুই শর্ত
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের দুটি প্রধান শর্তের কথা জানিয়েছেন।
প্রথম শর্ত, শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীকেই ফিরিয়ে নিতে হবে। তিনি যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে পৌঁছেছিলেন, ফেরার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চায় দিল্লি। এ জন্য বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানেও বাংলাদেশ সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এ ধরনের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
দ্বিতীয় শর্ত, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ উঠুক, তা চায় না ভারত। এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতেও সতর্ক দিল্লি।
বিবিসিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিতে চায় না ভারত। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটি নিশ্চিত করতে চায় দেশটি। বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে থাকুক—এটিও ভারতের প্রত্যাশা বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
এই দুই শর্তের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে কয়েক মাস ধরে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফেরার প্রক্রিয়ায় দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা
শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর ভূমিকার বিষয়টিও তুলে ধরেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি যান। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে জানিয়েছিল, বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের সাক্ষাতের প্রয়োজন হওয়ার কথা নয়। সূত্রটির ইঙ্গিত ছিল, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ যোগাযোগ।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দুই থেকে আড়াই বছরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়টি ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরিরাও প্রকাশ্যে জানিয়েছেন।
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ শেখ হাসিনার প্রত্যাবর্তনে কাজে লাগাতে চায় ভারত। একই সঙ্গে বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনী নিক—এমনটাই চায় দিল্লি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিসেম্বরে ফেরা কতটা সম্ভব?
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন বলে জানিয়েছে বিবিসি। তবে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তার প্রত্যাবর্তন চায় না।
ওই কর্মকর্তাদের মতে, জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের আন্দোলনসহ নানা সমস্যার মধ্যে রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দিল্লি। এ ছাড়া তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের শর্ত পূরণসহ বেশ কয়েকটি বিষয় এখনো অনিশ্চিত।
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে সব জটিলতা কাটিয়ে প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার সম্ভাবনা কম। ঘটনাপ্রবাহে বড় কোনো পরিবর্তন না এলে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন দিল্লির অধিকাংশ পর্যবেক্ষক।
শেখ হাসিনার ফেরার ঘোষণা থেকে ভারতের লাভ কী?
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো যে সহজ হবে না, তা দিল্লি শুরু থেকেই জানত বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরও তার দেশে ফেরার ঘোষণায় ভারতের সম্মতি থাকার পেছনে কূটনৈতিক হিসাব রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে না পারলেও ভারত বলতে পারবে, তিনি নিজেই ফিরতে চেয়েছিলেন; কিন্তু বাংলাদেশের নানা অজুহাতের কারণে তা সম্ভব হয়নি।
এ ছাড়া শেখ হাসিনার ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দলটির পুনরায় সক্রিয় হওয়ার যে প্রত্যাশা দিল্লির রয়েছে, সেই বিবেচনায়ও এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ভারত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত তিনি ভারতে থেকে গেলে তার অবস্থানকে যৌক্তিক হিসেবে তুলে ধরার জন্য এই ফেরার ঘোষণাকে কাজে লাগাতে পারবে দিল্লি।
সূত্র : বিবিসি বাংলা
সময়ের আলো/জেডি