প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ভারত চাইলে শেখ হাসিনাকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পাঠাতে পারে, প্রয়োজনে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে ‘পুশইন’ করতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশের ঠেকা পড়ছে একটা খুনি, মানবতাবিরোধী আইনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মিলিটারি এয়ারক্রাফট (সামরিক বিমান) পাঠিয়ে দেশে নিয়ে আসবে!’
এরপর তিনি লেখেন, ‘মামাবাড়ির আবদার! পারলে দিল্লি ওরে ল্যান্ডপোর্ট (স্থলবন্দর) দিয়া পাঠাইয়া দিক, নতুবা বর্ডারের কাঁটাতারের বেড়া দিয়া পুশ-ইন করুক!!’
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। কয়েক মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দেন। তবে ফেরার নির্দিষ্ট দিন-তারিখ এখনো জানা যায়নি।
সম্প্রতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর তার দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ট্রাভেল পাস নাকি ভারত-বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ—কোন পথে তিনি ফিরবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে বিএনপি সরকার ট্রাভেল পাসের পরিবর্তে ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভারত এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
সময়ের আলো/জেডি