প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:০৭ এএম
ছবি : সংগৃহীতইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে ফেসবুকে ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’ লিখে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন তাশরীফ।
এর আগে একই দিন রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে ছেলে জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ।
কান্নাজড়িত কণ্ঠে হেদায়েতুল্লাহ দাবি করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহায়তা চেয়েও পাননি তিনি। এমনকি ছেলে তার খোঁজখবরও রাখেন না।
তিনি আরও বলেন, ছেলের পরামর্শে মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে আর কোনো টাকা পাননি।
সাক্ষাৎকারে ছেলেকে পড়াশোনা করানো এবং শৈশবে তার চিকিৎসার জন্য আর্থিক সংকটের কথাও তুলে ধরেন হেদায়েতুল্লাহ। তিনি জানান, একসময় ছেলের প্রস্রাব বন্ধ হয়ে গেলে মানুষের কাছ থেকে টাকা চেয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানের হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। অনেক কষ্টের পর ছেলে সুস্থ হয়।
নিজের অসুস্থতার সময় ছেলের কাছে টাকা চেয়েও না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, জমি কেনার কথা বলে ছেলে তকে টাকা দিতে পারেননি।
এর আগে সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দেওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ।
সময়ের আলো/এসএকে