প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৭:০১ পিএম
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত ভারতের আসামে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ধর্মীয় বিভাজন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো উসকানি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, ‘আসামের নগাঁও জেলার লুতুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে রোববার ৬০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এর আগের দিন, শনিবার আসামের তিন জেলায় আরও ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। অর্থাৎ, দুই দিনে মোট ১১০০টিরও বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে। এ উচ্ছেদ অভিযানে ১০টিরও বেশি মসজিদও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এর মধ্যে কয়েকটি মসজিদের বয়স ৫০ বছরেরও বেশি।’
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভারত সরকার সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষায় শুধু ব্যর্থই হচ্ছে না, বরং বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার ক্ষুণ্ন করছে। এ ধরনের ঘটনা মানবতা, আইনের শাসন ও সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থি। যে দেশেই, যে পক্ষের দ্বারাই এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হোক না কেন, তা অবশ্যই নিন্দনীয়।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আপামর জনগণের প্রতি আমাদের আহ্বান- কোনো উসকানিতে দেশের অভ্যন্তরে ধর্মীয় বিভাজন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। কারও পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের প্রিয় দেশে বিদ্যমান সামাজিক সম্প্রীতি যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে।’
সময়ের আলো/মহু