প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ এএম আপডেট: ২০.১০.২০২৬ ১১:২৮ এএম
নাহিদ ইসলাম ও ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ফেসবুকে কড়া মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলে নিজেই আত্মসমর্পণ করে জেলে যাবেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। আগে মাদকের ইস্যুটা এড্রেস করলে ভালো হত না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি। দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’
তিনি লেখেন, ‘নাম বললাম না, তবে আরেকটি ছেলে যার থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি, কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বলল, ভাই এরপর গেলে আমাকে নিয়েন, এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।’
‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে , আইন প্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে করে নিয়ে যাওয়ার পর। নাহিদকে বলব কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাব। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!’
সবশেষে তিনি লেখেন, ‘এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে । কিছুই পরিবর্তন করবে পারবে না। অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার বা বিক্রেতারা অপেক্ষা কর।’
উল্লেখ্য, সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
সময়ের আলো/মহু