প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৮ এএম
ছবি : সংগৃহীত দেশজুড়ে ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার সমর্থকের চুমু খেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রাজধানীর চকবাজার ও বংশাল এলাকায় দলটির গণসংযোগ কর্মসূচিতে এ ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি তাকে চুমু দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৫ অক্টোবর) এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গণসংযোগের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে কাছে পেয়ে এক ব্যক্তি তাকে চুমু দেন।
এদিনের কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন, ডা. মাহমুদা মিতু, ইসহাক সরকার, এস এম শাহরিয়ার ও তারেক আদেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে এ গণসংযোগের আয়োজন করা হয়। কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণবিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে এক শিক্ষকের চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগও ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘চুমুকাণ্ড’ নামে আলোচনায় আসে।
সময়ের আলো/এসএকে