এনভিডিয়া প্রধানের পরকীয়ার আগুনে পুড়ছে হোয়াইট হাউসও!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। চীনের কাছে উন্নত প্রযুক্তির

2026-11-13T19:42:46+00:00
2026-11-13T19:42:46+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এনভিডিয়া প্রধানের পরকীয়ার আগুনে পুড়ছে হোয়াইট হাউসও!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম 
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ প্রভাব ছিল তার। তবে এক যৌন সম্পর্কের অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন শুধু হুয়াংকে নয়, হোয়াইট হাউসকেও চাপে ফেলেছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে এই বিতর্কের সূত্রপাত। অ্যালিসের সঙ্গে জেনসেনের কোনো পারিবারিক সম্পর্ক নেই। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, অ্যালিসের সঙ্গে চীনা গোয়েন্দাদের যোগাযোগ থাকতে পারে। বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও জানিয়েছে, কোম্পানির গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ তাদের নেই।

তবে বিষয়টি নতুন প্রশ্ন সামনে এনেছে—ওয়াশিংটন এ বিষয়ে আগে কী জানত এবং ঝুঁকি মোকাবিলায় কী পদক্ষেপ নিয়েছিল?

এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ তৈরি করে। সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চীন এসব চিপ ব্যবহার করতে পারে—এমন আশঙ্কায় ২০২২ সাল থেকে দেশটিতে সবচেয়ে উন্নত চিপ রফতানিতে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশের মাধ্যমে চিপ চীনে পাঠানো কিংবা বিদেশের ডেটা সেন্টার থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার সুযোগ থাকায় এসব বিধিনিষেধ কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। 

জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে এসব নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছেন। তার যুক্তি, এতে এনভিডিয়া বড় একটি বাজার হারাচ্ছে এবং চীনা প্রতিষ্ঠানগুলো নিজস্ব প্রযুক্তি তৈরিতে উৎসাহিত হচ্ছে। ট্রাম্পও তার যুক্তির প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত বছর নির্দিষ্ট কিছু চিপ চীনে বিক্রির অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। বিনিময়ে বিক্রির আয়ের একটি অংশ পাওয়ার শর্ত রাখা হয়। তবে এনভিডিয়ার সবচেয়ে উন্নত ব্ল্যাকওয়েল চিপের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

এই পরিস্থিতিতে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। সংবেদনশীল মার্কিন প্রযুক্তি রপ্তানির নিয়ন্ত্রণ তার দপ্তরের দায়িত্বে। একই সঙ্গে চীনে উন্নত চিপ পাচারে সহায়তার সন্দেহে এনভিডিয়ার গ্রাহক মেগাস্পিডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার চাপ ছিল।

বৃহস্পতিবার মেগাস্পিডের প্রধান নির্বাহী তান ইয়ং পং, যিনি জেমস তান নামেও পরিচিত, বলেছেন, মার্কিন রফতানি নিয়ন্ত্রণ আইন মেনে চলার বিষয়ে তার প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সহযোগিতার পাশাপাশি বাণিজ্য দপ্তরের পরিদর্শনেও তারা সহায়তা করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালিস হুয়াং ও মেগাস্পিডকে ঘিরে উদ্বেগের বিষয়ে একটি অত্যন্ত গোপনীয় স্মারকলিপি লুটনিকের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি অনীহা দেখান। এ সিদ্ধান্ত এখন তদন্ত ও রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছে।

অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা মেগাস্পিডকে বাণিজ্য দপ্তরের কালো তালিকায় না রাখার কারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে জানা গেছে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মেগাস্পিডের বিরুদ্ধে চিপ পাচারের অভিযোগ তদন্তের সময় এনভিডিয়ার প্রধান আইন কর্মকর্তা বাণিজ্য দপ্তরের তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেন এবং ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রসঙ্গ তোলেন। এরপর দপ্তরটি তদন্ত স্থগিত করে মামলাটি বিচার বিভাগের কাছে হস্তান্তর করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় চীনবিষয়ক ট্রাম্প প্রশাসনের নীতিতে মতপার্থক্যও সামনে এসেছে। হুয়াং চীনের বাজারে এনভিডিয়ার প্রবেশাধিকার চান। অন্যদিকে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এখন বিষয়টি নিয়ে কংগ্রেসের উভয় দলের সদস্যরা জবাবদিহি চাইছেন। চীনা প্রতিষ্ঠানগুলোকে এআই চিপ কেনার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বাণিজ্য দপ্তরের যাচাইপ্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছেন ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের মধ্যেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

চীনবিষয়ক প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটির চেয়ারম্যান রিপাবলিকান আইনপ্রণেতা জন মুলেনার বলেছেন, এনভিডিয়াসহ মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোর সফলতা জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। তবে চীনা প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে উন্নত চিপ ব্যবহারের সুযোগ দিয়ে কোনো কোম্পানিরই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা উচিত নয়।

অন্যদিকে সিনেটের ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য এলিজাবেথ ওয়ারেন বলেছেন, হুয়াংয়ের পদত্যাগ তাকে দায়মুক্তি দেয় না। রফতানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর কেন এখনো বন্ধ করা হয়নি, সে বিষয়ে লুটনিকের ব্যাখ্যা চেয়েছেন তিনি। 


বুধবার রিপাবলিকান আইনপ্রণেতাদের জানানো হয়েছে, তাদের অনুরোধে হুয়াং রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দিতে রাজি আছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। নিউইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে হোয়াইট হাউস অবশ্য লুটনিকের প্রতি ট্রাম্পের পূর্ণ আস্থার কথা জানিয়েছে। তাঁকে আধুনিক ইতিহাসের সবচেয়ে রূপান্তরমূলক বাণিজ্যমন্ত্রী বলেও উল্লেখ করেছে।

লুটনিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনে আলোচনা চলছে—এমন খবরের মধ্যেই তার প্রতি ট্রাম্পের এই সমর্থন এসেছে। তবে লুটনিক ঝুঁকি সম্পর্কে আগেই সতর্ক হওয়ার পরও কেন তার দফতর ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংকটের সূত্রপাত হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ঘিরে হলেও এর প্রভাব এখন হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছেছে। চীনের কাছে উন্নত চিপ বিক্রির সিদ্ধান্তে হুয়াংয়ের প্রভাব কতটা ছিল, ট্রাম্প কী জানতেন এবং যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রযুক্তির নিরাপত্তা রক্ষার চূড়ান্ত দায়িত্ব কার ছিল—এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন আইনপ্রণেতারা। 

সূত্র : বিবিসি 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   এনভিডিয়া প্রধান  পরকীয়া  হোয়াইট হাউস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: