১৫০ বছর বাঁচতে চান পুতিন, দীর্ঘায়ুর স্বপ্ন পূরণে চলছে বানরের রক্ত পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার স্বপ্ন পূরণে দীর্ঘজীবী বানরের রক্ত নিয়ে গবেষণা করছেন দেশটির বিজ্ঞানীরা। বয়স বাড়ার

2026-11-13T21:51:30+00:00
2026-11-13T21:51:30+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
১৫০ বছর বাঁচতে চান পুতিন, দীর্ঘায়ুর স্বপ্ন পূরণে চলছে বানরের রক্ত পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার স্বপ্ন পূরণে দীর্ঘজীবী বানরের রক্ত নিয়ে গবেষণা করছেন দেশটির বিজ্ঞানীরা। বয়স বাড়ার প্রক্রিয়া বুঝতে এবং মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান কুরচাটভ ইনস্টিটিউট ও পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারি যৌথভাবে দীর্ঘজীবী প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীর রক্তের নমুনা সংরক্ষণের জন্য একটি ব্যাংক তৈরি করছে। রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম এজেন্স্তভো প্রথম এ খবর প্রকাশ করে।

কুরচাটভ ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোভালচুকের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সার্জারি গবেষণাকেন্দ্রের পরিচালক কনস্তান্তিন কাতেঙ্কো কুরচাটভ জিনোমিক ফোরামে বলেন, বয়স বাড়ার প্রক্রিয়া বোঝার জন্য এসব রক্তের নমুনা ব্যবহার করা হবে।

ফোরামে উপস্থিত কোভালচুক বলেন, বানর নিয়ে এই গবেষণা মানুষের আয়ু বাড়ানোর জন্য একটি নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

রুশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পুতিন ও কোভালচুক দুজনই মানুষের আয়ু বাড়ানো এবং দীর্ঘজীবী হওয়ার বিষয়ে আগ্রহী। কোভালচুকের ইনস্টিটিউটে ২২ প্রজাতির ৭ হাজারের বেশি বানর রয়েছে। গবেষকেরা বিশেষভাবে ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর নজর দিচ্ছেন। তাদের রক্তনালি, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গের অবস্থা পরীক্ষা করা হচ্ছে।

কোভালচুক বলেন, ‘বয়স্ক বানরদের বয়স বাড়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণে আমরা পরীক্ষা চালাচ্ছি। ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী প্রাণীদের মূল্যায়ন করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ পরীক্ষা চালাই। এর মধ্যে রয়েছে জৈব রাসায়নিক বিশ্লেষণ, অঙ্গের গঠন পরীক্ষা, রক্তনালি পর্যবেক্ষণ ও মস্তিষ্কের স্ক্যান। প্রাইমেটরা আমাদের সবচেয়ে কাছের উদাহরণ।’

পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কোভালচুককে রাশিয়ার বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা বলেও মনে করা হয়। তার ভাই ইউরির সঙ্গেও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মেদুজা ও অনুসন্ধানী সংবাদমাধ্যম সিসটেমার প্রতিবেদনে বলা হয়েছিল, কোভালচুকের উদ্যোগে দেশটিতে বার্ধক্য প্রতিরোধে রাষ্ট্রীয় প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে।


বর্তমানে ৭৪ বছর বয়সী পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষার বিষয়টি আলোচনায় আসে ২০২৫ সালে চীন সফরের সময়। বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার কথোপকথনে দীর্ঘায়ু ও ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনিচ্ছাকৃতভাবে ধারণ করা ওই কথোপকথনে পুতিনকে বলতে শোনা যায়, জৈবপ্রযুক্তির সাহায্যে নিয়মিত অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হতে পারে, এমনকি অমরত্ব অর্জনের পথও খুলে যেতে পারে।

তখন পুতিনকে বলতে শোনা যায়, ‘যত বেশি দিন বাঁচবেন, ততই তরুণ হবেন।’

এদিকে পুতিনের মেয়ে ও এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া ভোরোন্তসোভাও সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ও মৃত্যুকে পরাজিত করতে সক্ষম ওষুধ তৈরির পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তার ভাষায়, দীর্ঘায়ু অর্জনের গবেষণার ‘প্রধান চালিকাশক্তি’ হলো মৃত্যুর অস্তিত্বগত ভয়। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   পুতিন  আয়ু বাড়াতে  বানরের রক্ত  গবেষণা  রাশিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: