ছবি : সময়ের আলো কোলাজ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কোনো নিশ্চয়তা বা যোগাযোগের কথা স্বীকার কিংবা অস্বীকার করেননি। শুধু বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠানোর বিষয়ে ভারতের শর্তের কথা উল্লেখ করেন। ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে, নয়াদিল্লি চায় বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিক। তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি না, জানতে চান তিনি।
জবাবে জয়সোয়াল বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’
ব্রিফিংয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়েও প্রশ্ন করা হয়। তিনি স্থলবন্দর নাকি আকাশপথে দেশে ফিরবেন, এ বিষয়ে ভারত সরকারের কোনো প্রস্তুতি রয়েছে কি না এবং বিষয়টি নিয়ে দিল্লি উদ্বিগ্ন কি না—এসব জানতে চান সাংবাদিকেরা। তবে এসব প্রশ্নেও কোনো মন্তব্য করেননি জয়সোয়াল।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনো ভারতের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।
এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান তিনি। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তিনি চিঠি লিখেছেন বলেও সম্প্রতি খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন—এমনটি মনে করার কারণ নেই। প্রতিবেদনে তার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের দুটি সম্ভাব্য শর্তের কথা উল্লেখ করা হয়। এর একটি হলো, তাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের সেনাবাহিনীকে সামরিক বিমান পাঠাতে হবে। অন্যটি হলো, শেখ হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় তার বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে। তবে এসব শর্তের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শুক্রবারের ব্রিফিংয়ে বিবিসির প্রতিবেদনে উঠে আসা এসব তথ্যের সত্যতা জানতে চাওয়া হলেও জয়সোয়াল কোনো মন্তব্য করেননি। এমনকি প্রতিবেদনগুলোর তথ্য অসত্য কি না, সে বিষয়েও কিছু বলেননি তিনি।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিতের বিষয়েও প্রশ্ন করা হয়। কী কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে, জানতে চাইলে জয়সোয়াল বলেন, দুই দেশের পারস্পরিক সম্মতিতে সুবিধাজনক কোনো তারিখে আলোচনা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে বিভিন্ন ধরনের খবর তার নজরে এসেছে। ভারতেও এ বিষয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
জয়সোয়াল বলেন, ‘ভারত সব সময়ই বলে আসছে, বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। সেই লক্ষ্যে উদ্যোগও নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে কাঠামোগত ব্যবস্থায় বৈঠকও হয়েছে। অন্য অনেক বিষয়ের মধ্যে সেই বৈঠকে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, সংশোধিত ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্টস) ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয়েও দুই দেশের কনস্যুলার পর্যায়ের আলোচনা পারস্পরিক সম্মতিতে সুবিধাজনক তারিখে অনুষ্ঠিত হবে। বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় ভারত প্রস্তুত। এমনকি কারিগরি পর্যায়ের আলোচনাতেও ভারতের আপত্তি নেই। দুই দেশের জন্য সুবিধাজনক দিনেই কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/জেডি