ছবি : সংগৃহীত বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমেই বাড়ছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর। তবে পৃথিবীর সব অঞ্চলে তাপমাত্রা একই হারে বাড়ছে না। কোথাও তাপমাত্রা দ্রুত বাড়ছে, আবার কোথাও দিনের বেলায় তাপমাত্রা কমার প্রবণতাও দেখা যাচ্ছে। এমনকি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মধ্যেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত ও অস্বাভাবিক তুষারপাতের ঘটনা ঘটছে।
তাপমাত্রার এই আঞ্চলিক পার্থক্যের পেছনে সূর্যালোক, মেঘের উপস্থিতি, বায়ুমণ্ডলীয় প্রবাহ এবং বাতাসের আর্দ্রতার মতো বিষয়গুলো ভূমিকা রাখে। পাশাপাশি গত এক শতকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হারও বেড়েছে। প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা এল নিনোর প্রভাবও তাপমাত্রা বৃদ্ধির পেছনে আংশিকভাবে দায়ী।
২০২৬ সালের মে মাসে কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের ১ হাজার ৪০০টি শহরের স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, অধিকাংশ শহরে তাপমাত্রা বাড়লেও অল্প কিছু শহরে দিনের বেলায় ভূপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৬ শতাংশ শহরে দিনের তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে রাতে তাপমাত্রা বেড়েছে ৯৬ শতাংশ শহরে। তবে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ শহরে দিনের বেলায় তাপমাত্রা কমার পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ প্রবণতা পাওয়া গেছে। রাতে তাপমাত্রা কমার এমন প্রবণতা প্রায় নেই বললেই চলে।
একই সময়ে কোথাও তীব্র শীত, কোথাও রেকর্ড তাপমাত্রা : ২০২৬ সালের জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় এই বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। ওই মাসে বৈশ্বিক গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৫১ ডিগ্রি বেশি। অথচ উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলে তখন তীব্র শীত অনুভূত হয়েছে।
ফিনল্যান্ডের লাপেনরান্তা শহরে তাপমাত্রা নেমে আসে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সাইবেরিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২৫ জানুয়ারি ১১ দশমিক ৪ ইঞ্চি বা ২৯ সেন্টিমিটার তুষারপাত হয়। চার বছরের মধ্যে একক ঝড়ে এটিই ছিল সর্বোচ্চ তুষারপাত। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে দুই মিটারের বেশি তুষার জমে। এ ছাড়া জাপানের উত্তরাঞ্চলীয় শহর আওমোরিতে ৩ ফেব্রুয়ারি তুষারের গভীরতা দাঁড়ায় ১ দশমিক ৭ মিটার, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে একই সময়ে অস্ট্রেলিয়ার রেনমার্ক শহরে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। ২৬ জানুয়ারি সেখানে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ।
ভারতসহ কয়েকটি অঞ্চলে কমছে দিনের তাপমাত্রা : গবেষণায় ভারত, ইরান, আফগানিস্তান এবং উত্তর-পূর্ব চীনের কয়েকটি শহরে দিনের তাপমাত্রা তুলনামূলক কম হারে বাড়তে দেখা গেছে। কিছু এলাকায় আবার দিনের তাপমাত্রা কমার প্রবণতাও শনাক্ত করেছেন গবেষকরা।
বিজ্ঞানীরা এর সম্ভাব্য কারণ হিসেবে বায়ুমণ্ডলে অ্যারোসলের ঘনত্ব বৃদ্ধি এবং উদ্ভিদ আচ্ছাদনের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। অ্যারোসল হলো বায়ুমণ্ডলে ভেসে থাকা অতি ক্ষুদ্র কঠিন কণা বা তরল পদার্থের ফোঁটা। ধুলাবালি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক উৎসের পাশাপাশি শিল্প-কারখানার নির্গমন, যানবাহনের ধোঁয়া এবং জৈব পদার্থ পোড়ানোর মাধ্যমেও এগুলো তৈরি হয়।
বায়ুমণ্ডলে থাকা এসব কণা সূর্যের আলো প্রতিফলিত বা ছড়িয়ে দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছানো তাপের পরিমাণ কমাতে পারে। ফলে কোনো কোনো অঞ্চলে দিনের তাপমাত্রা কমার প্রবণতা দেখা যায়। তবে এর বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। বিশেষ করে সূক্ষ্ম বস্তুকণা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এসব কণা মেঘ তৈরি, বৃষ্টিপাত এবং আঞ্চলিক জলবায়ুর ওপরও প্রভাব ফেলতে পারে।
তাপমাত্রা নিয়ন্ত্রণে উদ্ভিদ ও গাছপালারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছপালা ছায়া দেওয়ার পাশাপাশি বাষ্পমোচন প্রক্রিয়ায় পরিবেশে জলীয় বাষ্প ছাড়ে। এ প্রক্রিয়ায় আশপাশের পরিবেশ থেকে তাপশক্তি ব্যবহৃত হয়, ফলে ভূপৃষ্ঠ ও আশপাশের বাতাস তুলনামূলক ঠান্ডা থাকে।
মেঘ, মাটির আর্দ্রতা ও এল নিনোর প্রভাব : যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) গত এক শতকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রার ওঠানামার বিভিন্ন পর্যায় শনাক্ত করেছে। সংস্থাটির মতে, অক্ষাংশ, ভূপ্রকৃতি এবং আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মতো বড় জলভাগের নৈকট্য এ ধরনের পরিবর্তনে ভূমিকা রাখে।
জলবায়ু গবেষকদের মতে, ঘন মেঘের উপস্থিতি এবং মাটির আর্দ্রতাও দিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। ঘন মেঘ সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। অন্যদিকে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকলে বাষ্পীভবনের হার বাড়ে। এতে দিনের বেলায় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রত্যাশিত মাত্রায় বাড়তে পারে না।
এ ছাড়া এল নিনো ও লা নিনার মতো প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনাও বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও আবহাওয়ার ধরন পরিবর্তন করতে পারে। এর ফলে কোথাও উষ্ণতা বাড়ে, আবার কোথাও শীতল পরিস্থিতি তৈরি হয়।
তবে এসব আঞ্চলিক ব্যতিক্রমের অর্থ এই নয় যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমে যাচ্ছে। কিছু এলাকায় দিনের তাপমাত্রা কমলেও সামগ্রিকভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে সমুদ্রের বরফের পরিমাণ কমে যাওয়া, সমুদ্রের তাপীয় উপাদান বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার মতো পরিবর্তন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি