ছবি : টিআরটি ওয়ার্ল্ড জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু বর্তমান প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আজ থেকে ১০, ২০, ৪০ কিংবা ৭০ বছর পর পৃথিবী কেমন হবে, তা অনেকটাই নির্ভর করছে এখনকার সিদ্ধান্তের ওপর। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং জলবায়ু অভিযোজনের উদ্যোগ ঠিক করে দেবে ভবিষ্যৎ প্রজন্ম কেমন পৃথিবীতে বেড়ে উঠবে। একই শিশুর জীবনের দুটি সম্ভাব্য ভবিষ্যৎ দেখাচ্ছে সেই বাস্তবতাই।
আজ যে শিশুটি পৃথিবীতে জন্ম নিচ্ছে, তার কাছে জলবায়ু পরিবর্তন কোনো দূরের আশঙ্কা নয়। সে এমন এক পৃথিবীতে চোখ খুলছে, যেখানে বৈশ্বিক উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও আবহাওয়ার চরম আচরণ ইতোমধ্যে বাস্তবতা।
বৈশ্বিক উষ্ণতা কী, সমুদ্রের পানি কেন বাড়ছে কিংবা কার্বন নিঃসরণ কীভাবে পৃথিবীকে বদলে দিচ্ছে—এসব বোঝার বয়স এখনো তার হয়নি। জলবায়ু নিয়ে বিশ্বনেতারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, তাতেও তার কোনো ভূমিকা নেই। অথচ সেই সিদ্ধান্তগুলোর প্রভাবেই গড়ে উঠবে তার ভবিষ্যৎ।
আজকের শিশুটি যখন ৪০ বছরে পা দেবে, তখন জলবায়ু পরিবর্তনের প্রভাব তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারে। কোথায় সে বসবাস করবে, কী খাবে, কীভাবে কাজ করবে কিংবা পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখবে—সবকিছুর ওপরই প্রভাব ফেলতে পারে আজকের সিদ্ধান্ত। আর ৭০ বছর বয়সে তার চারপাশের পৃথিবী হয়তো আজকের পরিচিত পৃথিবী থেকে অনেকটাই আলাদা হবে।
তবে ভবিষ্যৎ একটিই নয়। সামনে রয়েছে দুটি সম্ভাব্য পথ। একটি হলো, বিশ্ব কার্যকর পদক্ষেপ নিয়ে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখবে। অন্যটি হলো, পৃথিবীর পরিবেশগত সীমা আরও বেশি অতিক্রম করবে মানুষ। এই দুই পথের পার্থক্যই নির্ধারণ করবে আজ জন্ম নেওয়া একটি শিশু তার জীবদ্দশায় কেমন পৃথিবী পাবে।
২০৩৬ : ১০ বছর বয়সে দুই রকম শৈশব
আজকের শিশুটি ১০ বছরে পা দিলে পৃথিবী আরও উষ্ণ হবে। তবে তখন তার শৈশব কেমন হবে, তা নির্ভর করবে জলবায়ু মোকাবিলায় নেওয়া পদক্ষেপের ওপর।
ধরা যাক, একটি সম্ভাব্য ভবিষ্যত তাপপ্রবাহ তখনো মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করবে। তবে শিশুদের সুরক্ষায় শহরগুলোতে গড়ে উঠবে ছায়াযুক্ত স্থান, শীতল আশ্রয়কেন্দ্র এবং তাপ নিরোধক সুবিধাসম্পন্ন স্কুল। কৃষকেরা পরিবর্তিত বৃষ্টিপাতের সঙ্গে খাপ খাইয়ে নিতে খরা-সহনশীল ফসল চাষ ও উন্নত সেচব্যবস্থা ব্যবহার করবেন। বন্যা ও ঝড়ের আগাম সতর্কবার্তা পরিবারগুলোকে প্রস্তুতির জন্য বাড়তি সময় দেবে। জলবায়ু পরিবর্তন শৈশবের বাস্তবতা হয়েই থাকবে, তবে কার্যকর উদ্যোগ ঝুঁকি কমাতে সাহায্য করবে।
অন্য সম্ভাব্য ভবিষ্যৎটি উদ্বেগজনক। সেখানে তীব্র গরম থেকে রেহাই পাওয়া কঠিন হয়ে উঠবে। ঝুঁকিপূর্ণ শহরগুলোর পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থা না থাকা স্কুলগুলো তাপপ্রবাহের সময় পাঠদান চালাতে হিমশিম খাবে। বাড়ি ও কৃষিকাজে পানির ব্যবহার সীমিত করতে হবে। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যাবে, ব্যাহত হবে স্কুলের কার্যক্রম। বিপজ্জনক গরমের সময় ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের ঘরের ভেতরেই বেশি সময় কাটাতে হবে। জলবায়ু সংকট তখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং শৈশবের প্রতিদিনের অভিজ্ঞতা হয়ে উঠবে।
২০৪৬ : ২০ বছর বয়সে কর্মজীবনের চ্যালেঞ্জ
২০ বছর বয়সে শিশুটি তরুণ। এ সময় সে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ করবে। জলবায়ু মোকাবিলায় বিশ্ব সঠিক পথে এগোলে তার চারপাশে ইতিবাচক পরিবর্তনও দেখা যেতে পারে।
সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়ায় বদলে যেতে পারে জ্বালানি ব্যবস্থা। বৈদ্যুতিক বাস ও পরিচ্ছন্ন গণপরিবহন শহরের যাতায়াতব্যবস্থাকে নতুন রূপ দেবে। উন্নত কৃষিপদ্ধতি পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে। বায়ুদূষণ কমে আসায় মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে। পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক নতুন শিল্প গড়ে ওঠায় তৈরি হবে কর্মসংস্থানও। তবে তীব্র গরম, পানির সংকট ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তখনো বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে।
অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের চাপ আরও বাড়লে কর্মজীবন কঠিন হয়ে উঠতে পারে। বাইরে কাজ করা মানুষকে তীব্র গরমের ঝুঁকি মোকাবিলা করতে হবে। দিনের সবচেয়ে গরম সময় এড়িয়ে কাজের সময়সূচি বদলাতে হতে পারে অনেকের। খরায় ফসল উৎপাদন ব্যাহত হবে, পানির সংকটে চাপ বাড়বে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর।
বন্যায় সড়ক ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। ব্যাহত হবে যাতায়াত ও মানুষের জীবিকা। চরম আবহাওয়ায় কৃষি উৎপাদন কমে গেলে বাড়তে পারে খাদ্যের দাম। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিবেশে নয়, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রাতেও গভীরভাবে পড়বে।
২০৬৬ : ৪০ বছরে নিজের সন্তানের ভবিষ্যৎ
জন্মের ৪০ বছর পর শিশুটি নিজেই একটি পরিবারের দায়িত্বে থাকবে, হয়তো সন্তানদের বড় করবে। তখন জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু তার নিজের জীবনে নয়, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করবে।
বিশ্ব যদি এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে ২০৬৬ সালে শহরগুলোতে বন্যা প্রতিরোধী অবকাঠামো, ছায়াযুক্ত সড়ক এবং তাপসহনশীল ভবন গড়ে উঠতে পারে। উন্নত পানি ব্যবস্থাপনা খরা মোকাবিলায় কৃষক ও সাধারণ মানুষকে সহায়তা করবে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার দৈনন্দিন জীবনেও বড় পরিবর্তন আনবে।
তবে সব ঝুঁকি দূর হবে না। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় জনপদগুলো চাপে থাকবে। চরম আবহাওয়া ফসলের জন্য হুমকি হয়ে থাকবে। কিছু বাস্তুতন্ত্রের ক্ষতি হয়তো আর ফিরিয়ে আনা সম্ভব হবে না।
আর জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। বিপজ্জনক গরম হাসপাতাল ও বাইরে কাজ করা মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে। উপকূলীয় এলাকায় ঘন ঘন বন্যা দেখা দেবে। খরা ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ফসল উৎপাদন ও পানির সরবরাহকে হুমকির মুখে ফেলবে।
কিছু পরিবার জলবায়ুজনিত ঝুঁকি বাড়তে থাকায় নিজেদের বসতি ছেড়ে যাওয়ার কথা ভাবতে বাধ্য হবে। অন্যদের বাড়িঘরকে গরম ও বন্যার ক্ষতি থেকে রক্ষা করতে বাড়তি অর্থ ব্যয় করতে হবে।
২০৯৬ : ৭০ বছরে কেমন হবে পৃথিবী?
জন্মের ৭০ বছর পর শিশুটি বৃদ্ধ হবে। জীবনের শেষ প্রান্তে এসে সে ফিরে তাকাবে নিজের শৈশবের পৃথিবীর দিকে। তখন পৃথিবীর চেহারা কেমন হবে, তার বড় একটি অংশ নির্ভর করবে বর্তমান প্রজন্মের সিদ্ধান্তের ওপর।
একটি সম্ভাব্য ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, বদলে যাবে বাস্তুতন্ত্র এবং চরম আবহাওয়া মানুষের জন্য হুমকি হয়ে থাকবে। তবে কার্বন নিঃসরণ ব্যাপকভাবে কমানো গেলে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখা সম্ভব হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ঝুঁকি কমবে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে তখন জনপদগুলো বেশি সময় ও সুযোগ পাবে। বাড়িঘর, জীবিকা ও মানুষের জীবন রক্ষায় নেওয়া উদ্যোগগুলোও কার্যকর হবে। পৃথিবী নিখুঁত হবে না, কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত—এই উপলব্ধি থাকবে তার।
অন্য সম্ভাব্য ভবিষ্যতে পৃথিবী হবে অনেক বেশি উষ্ণ। তীব্র গরম, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন জনজীবন ও বাস্তুতন্ত্রের ওপর ব্যাপক চাপ তৈরি করবে। উপকূলীয় কিছু এলাকায় নিয়মিত বন্যা দেখা দেবে। তাপ ও পানির সংকট আগে থেকেই ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর জীবনকে আরও কঠিন করে তুলবে।
অভিযোজনের উদ্যোগ কিছু মানুষকে সুরক্ষা দিলেও সবাইকে রক্ষা করতে পারবে না। বাড়িঘর, জীবিকা ও বাস্তুতন্ত্রের এমন ক্ষতি হবে, যা আর মেরামত করা সম্ভব হবে না।
একই পৃথিবীতে জন্ম নেওয়া শিশুটি জীবনের শেষ সময়ে এসে হয়তো দেখবে, তার উত্তরসূরিরা এমন এক গ্রহে বসবাস করছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি উষ্ণ হয়ে উঠেছে।
ভবিষ্যৎ এখনো নির্ধারিত নয়
এই দুই সম্ভাব্য ভবিষ্যৎ কোনো নিশ্চিত পূর্বাভাস নয়। এগুলো জলবায়ু পরিবর্তনের দুটি সম্ভাব্য পথ। কোন পথে পৃথিবী এগোবে, তা নির্ভর করছে বর্তমান সময়ের সিদ্ধান্ত ও পদক্ষেপের ওপর।
জলবায়ু সংকট ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ২০২৫ সাল ছিল রেকর্ডে থাকা সবচেয়ে উষ্ণ তিন বছরের একটি। ওই বছর বৈশ্বিক তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। রেকর্ড অনুযায়ী, গত ১১ বছরই ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছরগুলোর মধ্যে।
বর্তমান নীতিমালা ও পদক্ষেপ অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর তাপমাত্রা প্রায় ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত লক্ষ্যের তুলনায় যা অনেক বেশি।
আজ জন্ম নেওয়া শিশুটি এসব সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু সিদ্ধান্তগুলোর পরিণতি তাকে ভোগ করতে হবে। সে কেমন পৃথিবী পাবে, তা নির্ধারিত হচ্ছে এখনই।
আনতালিয়ায় গুরুত্বপূর্ণ মোড়
তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ—জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া।
২০৫৩ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের জাতীয় অঙ্গীকার, সবুজ শিল্পনীতি সম্প্রসারণ এবং দেশব্যাপী ‘জিরো ওয়েস্ট’ আন্দোলনের ভিত্তিতে উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে সেতুবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে তুরস্ক।
ভূমধ্যসাগরীয় উপকূলে আয়োজিত সম্মেলনে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানোর ঘাটতি পূরণ, পরিচ্ছন্ন জ্বালানিতে দ্রুত রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা।
জ্বালানি ব্যবস্থা, সম্পদের দক্ষ ব্যবহার ও জলবায়ু অভিযোজন নিয়ে আনতালিয়ায় নেওয়া সিদ্ধান্তগুলোই ঠিক করে দিতে পারে পৃথিবী আর কতটা উষ্ণ হবে এবং মানুষ কতটা ভালোভাবে নিজেদের রক্ষা করতে পারবে।
আজকের শিশুর জন্য জলবায়ু পরিবর্তন কোনো দূরের গল্প নয়। এটি তার উত্তরাধিকারসূত্রে পাওয়া পৃথিবী। আর সেই পৃথিবীকে নিরাপদ কিংবা আরও বিপজ্জনক করে তোলার ক্ষমতা এখনকার প্রজন্মের হাতেই।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
সময়ের আলো/জেডি