বন্দুকের সামনে দাঁড়িয়েও উড়ন্ত চুমু ছুড়েছিলেন যে রহস্যময় নারী

সময়ের আলো ডেস্ক

ফিচার

১৯১৭ সালের ১৫ অক্টোবর। ফ্রান্সের ভিনসেনের একটি সামরিক এলাকায় মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় দাঁড়িয়ে এক নারী। সামনে সারিবদ্ধ ফরাসি সেনা, হাতে

2026-11-12T15:51:40+00:00
2026-11-12T15:54:42+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ফিচার
বন্দুকের সামনে দাঁড়িয়েও উড়ন্ত চুমু ছুড়েছিলেন যে রহস্যময় নারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৩:৫৪ পিএম
মাতা হারি। ছবি : সংগৃহীত
১৯১৭ সালের ১৫ অক্টোবর। ফ্রান্সের ভিনসেনের একটি সামরিক এলাকায় মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় দাঁড়িয়ে এক নারী। সামনে সারিবদ্ধ ফরাসি সেনা, হাতে বন্দুক। কয়েক মুহূর্ত পরই গুলিতে শেষ হবে তার জীবন। কিন্তু মৃত্যুর মুখেও নাকি বিন্দুমাত্র ভয় ছিল না তার চোখেমুখে। চোখ বাঁধার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। প্রচলিত একটি বর্ণনা অনুযায়ী, গুলি ছোড়ার ঠিক আগে সেনাদের দিকে উড়িয়ে দিয়েছিলেন চুমু।

এই নারীই ইতিহাসের আলোচিত চরিত্র মাতা হারি। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিনি কি সত্যিই ভয়ংকর কোনো গুপ্তচর ছিলেন, নাকি যুদ্ধের উত্তাল সময়ে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির শিকার হয়েছিলেন- এ প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি।


তার প্রকৃত নাম মার্গারেটা গেরট্রুইডা জেলে। ১৮৭৬ সালের ৭ আগস্ট নেদারল্যান্ডসে জন্ম তার। সাধারণ জীবনেই শুরু হয়েছিল পথচলা। মাত্র ১৮ বছর বয়সে ডাচ সেনাবাহিনীর কর্মকর্তা রুডলফ ম্যাকলিওডকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে ডাচ ইস্ট ইন্ডিজে, বর্তমান ইন্দোনেশিয়ায় কয়েক বছর কাটান। কিন্তু দাম্পত্য জীবনে সুখ মেলেনি। ১৯০২ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর নতুন জীবনের খোঁজে প্যারিসে পাড়ি জমান মার্গারেটা। সেখানে নৃত্যশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। নিজের জন্য তৈরি করেন নতুন পরিচয়- ‘মাতা হারি’। মালয় ভাষায় নামটির অর্থ সূর্য বা দিনের চোখ, যা সূর্যোদয়ের সঙ্গে সম্পর্কিত।

১৯০৫ সালে প্যারিসে তার নৃত্য পরিবেশনা আলোচনায় আসে। আকর্ষণীয় পোশাক, শরীরজুড়ে অলংকার ও প্রাচ্যের মন্দিরের নৃত্য নিয়ে রহস্যময় গল্প- সব মিলিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। মাতা হারি দাবি করতেন, ভারতীয় মন্দিরের পবিত্র নৃত্যধারার সঙ্গে তার পরিচয় রয়েছে। তবে, তার এই পরিচয়ের অনেকটাই ছিল মঞ্চের জন্য তৈরি করা কাহিনি।


অল্প সময়ের মধ্যেই ইউরোপের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে তার খ্যাতি। ধনী ব্যবসায়ী, রাজনীতিক, কূটনীতিক ও সেনা কর্মকর্তাদের সঙ্গে গড়ে ওঠে পরিচয়। প্রভাবশালী পুরুষদের সঙ্গে সম্পর্কের কারণেও তাকে ঘিরে বাড়তে থাকে কৌতূহল। কিন্তু একসময় এই যোগাযোগই তাকে সন্দেহের কেন্দ্রে নিয়ে যায়।

১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইউরোপজুড়ে বাড়ে গোয়েন্দা নজরদারি। জার্মান ও ফরাসি কর্মকর্তাদের সঙ্গে মাতা হারির পরিচয় এবং বিভিন্ন দেশে যাতায়াতের কারণে গোয়েন্দাদের সন্দেহের তালিকায় উঠে আসে তার নাম।

বিভিন্ন ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৯১৫ সালে জার্মান গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা তাকে অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহের প্রস্তাব দেন। মাতা হারি সেই অর্থ গ্রহণ করেছিলেন বলে উল্লেখ রয়েছে। পরে তিনি ফরাসি গোয়েন্দাদের সঙ্গেও যোগাযোগ করেন। ফলে তিনি কোন পক্ষের হয়ে কাজ করছিলেন, তা নিয়ে তৈরি হয় জটিলতা।

ফরাসি কর্তৃপক্ষের দাবি ছিল, জার্মান গোয়েন্দাদের কাছে মাতা হারি ‘এইচ-২১’ নামে পরিচিত ছিলেন। ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে প্যারিস থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল, তিনি জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন এবং মিত্রপক্ষের সেনাদের ক্ষতির কারণ হয়েছেন।

১৯১৭ সালের জুলাইয়ে সামরিক আদালতে শুরু হয় মাতা হারির বিচার। শেষ পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ নিয়ে পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে।


কিছু গবেষকের মতে, মাতা হারি জার্মানদের কাছ থেকে অর্থ নিয়েছিলেন এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তিনি কতটা গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সরবরাহ করেছিলেন, তার অকাট্য প্রমাণ পাওয়া যায়নি বলে মত রয়েছে। তাকে কার্যকর গুপ্তচর হিসেবে তুলে ধরার মতো তথ্যও দুর্বল বলে মনে করেন কেউ কেউ।

প্রথম বিশ্বযুদ্ধে ফরাসি সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জনমনে হতাশার মধ্যে তাকে বলির পাঁঠা বানানো হয়েছিল কি না, সেই প্রশ্নও উঠেছে। এ বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে।

১৯১৭ সালের ১৫ অক্টোবর ভোরে ভিনসেনের কাছে ফরাসি ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করানো হয় মাতা হারিকে। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, তিনি চোখ বাঁধতে অস্বীকার করেন। সোজা হয়ে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করেন। সেনাদের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেওয়ার গল্পটিও তার শেষ মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। তবে, এই ঘটনার বিবরণ সব সূত্রে এক নয়।

গুলি ছোড়ার পর ৪১ বছর বয়সে শেষ হয় তার জীবন। কিন্তু মৃত্যুর পরও রহস্য কাটেনি। বরং মাতা হারি হয়ে ওঠেন সৌন্দর্য, নৃত্য, প্রেম, গুপ্তচরবৃত্তি ও যুদ্ধকালীন ষড়যন্ত্রের এক আলোচিত প্রতীক।

তিনি কী সত্যিই বিপজ্জনক গুপ্তচর ছিলেন, নাকি যুদ্ধের সন্দেহ ও রাজনৈতিক পরিস্থিতির শিকার? ইতিহাসে এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আজও নেই। সেই অনিশ্চয়তাই এক শতাব্দীর বেশি সময় ধরে মাতা হারির জীবনকে মানুষের কৌতূহলের কেন্দ্রে রেখেছে।

সূত্র : টাইম ম্যাগাজিন, দ্য গার্ডিয়ান

সময়ের আলো/মহু
  বিষয়:   মাতা হারি  চুমু  বন্দুক  গোয়েন্দা  গুপ্তচর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: