প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ১:৩৯ পিএম
ব্রিটিশ লেখক ও দার্শনিক মেরি ওলস্টোনক্রাফট। ছবি : সংগৃহীত নারীরা কোনোভাবেই পুরুষের চেয়ে কম নয়, শুধু শিক্ষার অভাবে নারীরা পিছিয়ে আছেন এবং তার জন্য নারীদের ছোট করে দেখা হয়- আজ থেকে কয়েক শতক আগে এ কথা বলেছিলেন ব্রিটিশ লেখক ও দার্শনিক মেরি ওলস্টোনক্রাফট। তাকে নারীবাদের একজন অগ্রদূত হিসেবে ধরা হয়।
১৭৫৯ সালের ২৭ এপ্রিল লন্ডনের স্পিটালফিল্ডে জন্মগ্রহণ করেন মেরি। সাত ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তাদের পরিবার যথেষ্ট সচ্ছল ছিল, কিন্তু তার বাবা বিভিন্ন প্রকল্পের কাজে অর্থ ব্যয় করে ফেলেন। ফলে, তাদের আর্থিক অবস্থা নাজুক হয়ে যায়। এ ছাড়া তার বাবা, তার মাকেও খুব মারধর করতেন। মাকে রক্ষা করার জন্য মেরি মায়ের শয়নকক্ষের বাইরে শুয়ে থাকতেন।
পারিবারিক অশান্তির জীবন থেকে ১৭৭৮ সালে তিনি বেরিয়ে আসেন এবং এক বিধবার সহচর হিসেবে চাকরি নেন। পরবর্তী সময়ে ওলস্টোনক্রাফট, তার বোন ও বন্ধু ফ্যানি ব্ল্যাড মিলে একটি স্কুল স্থাপন করেন। কিন্তু ব্ল্যাড বিয়ে করে পর্তুগালের লিসবনে চলে যান। একপর্যায়ে তার জীবনে ওলস্টোনক্রাফটের সান্নিধ্যের প্রয়োজন হলে, তিনি তাকে তা জানান। এরপর ১৭৮৫ সালে ওলস্টোনক্রাফট স্কুল ছেড়ে ব্ল্যাডের কাছে চলে যান। ফলে, স্কুলটি ব্যর্থতায় পর্যবসিত হয়। অন্যদিকে, ব্ল্যাডও মারা যান; যা ওলস্টোনক্রাফটকে মানসিকভাবে খুব আহত করে।
১৭৮৮ সালে ওলস্টোনক্রাফটের প্রথম উপন্যাস প্রকাশিত হয় ‘মেরি : অ্যা ফিকশন’ নামে। বন্ধু ফ্যানি ব্ল্যাডের মৃত্যুই ছিল উপন্যাসটির অনুপ্রেরণা।
পরবর্তী সময়ে ওলস্টোনক্রাফট একটি পরিবারের গভর্নেস হিসেবে চাকরি নিয়ে আয়ারল্যান্ডে চলে যান। কিন্তু সেখানে মাত্র এক বছর থেকেই লন্ডনে ফিরে আসেন। তিনি লেখক হওয়ার জন্য ভালোভাবে মনস্থির করেন। প্রকাশক জোসেফ জনসনের সহায়তায় একটি বসবাসের জায়গা জোগাড় করেন। মেরি ফরাসি এবং জার্মান ভাষা শিখে অনুবাদের কাজ শুরু করেন। লেখেন উপন্যাসের বিশ্লেষণাত্মক পর্যালোচনা। তিনি শুধু নারীদের অধিকার নিয়েই লিখেছিলেন, তা নয়। পুরুষদের অধিকার নিয়ে লিখেও সাড়া ফেলেছিলেন। ১৭৯০ সালে বেনামে তিনি একটি বই প্রকাশ করেন। বইটির নাম ‘অ্যা ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব ম্যান’। বইটির দ্বিতীয় সংস্করণ বের হওয়ার সময় প্রকাশক তাকে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৭৯২ সালে তিনি নারীদের জন্য লেখেন আরেকটি বই, যার শিরোনাম ‘অ্যা ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব ওম্যান’।

একই বছরে তিনি প্যারিসে চলে যান। অনেকে তাকে যেতে নিষেধ করেছিলেন, কারণ তখন ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধের দ্বারপ্রান্তে ছিল। ১৭৯৩ সালে সেখানে যুদ্ধ শুরু হয়ে যায়। তিনি ফ্রান্সের পারিপার্শ্বিক অবস্থা নিয়েও লিখতে থাকেন। তখন ওলস্টোনক্রাফটের পক্ষে ফ্রান্সে থাকা কঠিন হয়ে পড়ে। সেসময় তিনি আমেরিকান অভিযাত্রী গিলবার্ট ইমেলের প্রেমে পড়েন এবং তারা একসঙ্গে বসবাস করা শুরু করেন; যদিও তারা বিবাহিত ছিলেন না। ১৭৯৪ সালে তিনি প্রথম সন্তান জন্ম দেন, যার নাম রাখেন তার ঘনিষ্ঠ বন্ধু ফ্যানি ব্ল্যাডের নামে।
একই বছর ইমেল লন্ডনে আসেন, ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। ইমেল ফিরে না গেলে ১৭৯৫ সালে ওলস্টোনক্রাফট লন্ডনে তাকে খুঁজতে আসেন। কিন্তু ইমেল তাকে প্রত্যাখ্যান করেন। তখন ওলস্টোনক্রাফট আত্মহত্যার চেষ্টা করেন। সে যাত্রায় তিনি বেঁচে গেলে আবার লেখালিখিতে মনযোগ দেন। ১৭৯৭ সালের ৩০ আগস্ট দ্বিতীয় সন্তানের জন্ম দেন মেরি। কিন্তু প্রসবোত্তর সংক্রমণের ফলে অসহ্য যন্ত্রণা ভোগ করে ১০ সেপ্টেম্বর তিনি মারা যান। তাকে সেন্ট প্যানক্রাস ওল্ড চার্চের চার্চইয়ার্ডে সমাহিত করা হয়। তার সমাধি ফলকে লেখা আছে ‘নারী অধিকারের লেখক’।
সময়ের আলো/মহু