এশিয়ার অর্থনীতির নেতৃত্বে ২০ প্রভাবশালী নারী

সময়ের আলো ডেস্ক

ফিচার

একসময় পুরুষদের আধিপত্য থাকা এশিয়ার করপোরেট অঙ্গনে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন নারীরা। ব্যাংকিং, প্রযুক্তি, জ্বালানি, প্রসাধনপণ্য, বিনিয়োগ ও খুচরা ব্যবসা-

2026-11-10T17:53:12+00:00
2026-11-10T17:57:12+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ফিচার
এশিয়ার অর্থনীতির নেতৃত্বে ২০ প্রভাবশালী নারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৫:৫৭ পিএম
বিভিন্ন খাতে নিজেদের দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন নারীরা। গ্রাফিক : সময়ের আলো
একসময় পুরুষদের আধিপত্য থাকা এশিয়ার করপোরেট অঙ্গনে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন নারীরা। ব্যাংকিং, প্রযুক্তি, জ্বালানি, প্রসাধনপণ্য, বিনিয়োগ ও খুচরা ব্যবসা- বিভিন্ন খাতে নিজেদের দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন তারা। ফোর্বস এশিয়ার ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকায় উঠে এসেছে ১২টি দেশ ও অঞ্চলের এমন ২০ নারীর নাম। 

তালিকার সবচেয়ে কম বয়সী অনন্যা বিড়লা। ভারতের এই ৩২ বছর বয়সী উদ্যোক্তা ২০১২ সালে অক্সফোর্ডে পড়ার সময় স্বতন্ত্র মাইক্রোফিন প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির গ্রাহক প্রায় ৪৩ লাখ, যাদের অধিকাংশই গ্রামীণ নারী। ক্ষুদ্রঋণের পাশাপাশি প্রসাধনপণ্য ও চলচ্চিত্র প্রযোজনাতেও ব্যবসা সম্প্রসারণ করেছেন তিনি।

ফিলিপাইনের ৪৬ বছর বয়সী আনা মারিয়া আবোইতিজ দেলগাদো, যিনি ২০২৫ সালে ইউনিয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ও সিইও হন। তার নেতৃত্বে ব্যাংকটির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৫ লাখে, সম্পদের পরিমাণ ১৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। ডিজিটাল ব্যাংকিং ও ভোক্তা অর্থায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ফোর্বস এশিয়ার ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকায় স্থান পাওয়া ২০ নারী। গ্রাফিক : সময়ের আলো

ফোর্বস এশিয়ার ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকায় স্থান পাওয়া ২০ নারী। গ্রাফিক : সময়ের আলো


ইন্দোনেশিয়ার লন্নি বুদিয়াতি ডিজিটাল ব্যাংকিংয়ে নিজের নেতৃত্বের ছাপ রেখেছেন। তার নেতৃত্বে বিসিএ ডিজিটালের ‘ব্লু’ প্ল্যাটফর্ম চালুর দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটি মুনাফায় ফেরে। ২০২৫ সালে এর নিট মুনাফা দাঁড়ায় ২১৩ দশমিক ৪ বিলিয়ন রুপিয়ায়।

ব্যবসার শুরুটা অবশ্য সবার জন্য এতটা সহজ ছিল না। তাইওয়ানের জেসিকা চ্যাং ১৯৯২ সালে নিজের ফ্ল্যাটে মাত্র একজন কর্মী নিয়ে জেপিসি কানেক্টিভিটি প্রতিষ্ঠা করেন। আজ সেখানে কাজ করেন প্রায় ২ হাজার কর্মী। এআই ডেটা সেন্টারের জন্য ফাইবার-অপটিক ক্যাবল ও অপটিক্যাল ট্রান্সসিভার তৈরি করে প্রতিষ্ঠানটি এনভিডিয়া, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করছে। কৃষক পরিবার থেকে উঠে আসা চ্যাং ব্যবসার আগে ওয়েটার হিসেবেও কাজ করেছেন।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম নারী সিইও ভিভিয়ান চেংয়ের নেতৃত্বেও বড় পরিবর্তন আসছে। ২০২৫ সালে বিমানবন্দরটি ৬ কোটি ১০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। একই সঙ্গে ১০০ বিলিয়ন হংকং ডলারের ‘স্কাইটোপিয়া’ প্রকল্পের মাধ্যমে বিমানবন্দরকেন্দ্রিক নতুন বাণিজ্যিক ও বিনোদন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

পারিবারিক ব্যবসাকে এগিয়ে নেওয়ার উদাহরণও রয়েছে তালিকায়। থাইল্যান্ডের ৪৩ বছর বয়সী নারুএচন ধুমরংপিয়াউত তার বাবার প্রতিষ্ঠিত গানকুল ইঞ্জিনিয়ারিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। চার দেশে প্রতিষ্ঠানটির বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬২৯ মেগাওয়াট।


অন্যদিকে, ভারতের আরতি কৃষ্ণা পারিবারিক প্রতিষ্ঠান সুন্দরাম ফাস্টেনার্সকে গাড়ির যন্ত্রাংশের পাশাপাশি বিমান, সামরিক যান ও বায়ুবিদ্যুৎ টারবাইনের যন্ত্রাংশ উৎপাদনে এগিয়ে নিচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার কিম কিয়ং-আহ স্যামসাং প্রতিষ্ঠাতা পরিবারের বাইরের প্রথম নারী হিসেবে গ্রুপটির একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব নিয়ে আলোচনায় আসেন। তার নেতৃত্বে স্যামসাং বায়োপিসের ২০২৫ সালের রাজস্ব বেড়ে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ওয়ানে পৌঁছেছে।

একই দেশের লি সান-জংয়ের নেতৃত্বে প্রসাধনপণ্য বিক্রেতা সিজে অলিভ ইয়ংয়ের স্টোরসংখ্যা প্রায় ১ হাজার ৪০০ হয়েছে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের রাজস্ব ছিল ৫ দশমিক ৯ ট্রিলিয়ন ওয়ান।

ভারতের মীরা কুলকার্নির গল্পটিও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগায়। মাত্র ২ লাখ রুপি বিনিয়োগে ২০০০ সালে ফরেস্ট এসেনশিয়ালস প্রতিষ্ঠা করেন তিনি। আয়ুর্বেদভিত্তিক প্রসাধনপণ্যের এই ব্র্যান্ডের এখন ভারত ও মধ্যপ্রাচ্যে প্রায় ২০০টি স্টোর রয়েছে। 

অন্যদিকে, হংকংয়ের মালিনা এনগাইয়ের নেতৃত্বে এএস ওয়াটসনের ৩১টি বাজারে ১৭ হাজারের বেশি আউটলেট পরিচালিত হচ্ছে।


প্রযুক্তির নতুন দিগন্তেও এগিয়ে আছেন এশীয় নারীরা। চীনের পেং লি এএমডিতে কাজের অভিজ্ঞতা নিয়ে ২০২০ সালে মেটাএক্স ইন্টিগ্রেটেড সার্কিটস গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি এআই ও উন্নত গ্রাফিকসের জন্য চিপ তৈরি করছে। তার নামে রয়েছে ৫০টির বেশি পেটেন্ট। চীনের আরেক উদ্যোক্তা ওয়াং সিন ১৯৯৭ সালে ব্যবহৃত ড্রিল বিটের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এখন তার প্রতিষ্ঠান এআই চিপ তৈরির জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম উৎপাদন সরঞ্জাম তৈরি করছে।

জাপানের ইউকো সেইমেই মনেক্স গ্রুপকে প্রযুক্তিনির্ভর আর্থিক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছেন। মালয়েশিয়ার নেরিন তান শেইক পিং পারিবারিক ব্যবসা বারজায়ার সিইও হিসেবে লোকসান কমিয়ে প্রতিষ্ঠান পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়েছেন। থাইল্যান্ডের থাপানি টেকাজারিওনভিকুল আবার ১৪৪ বছরের পুরোনো বার্লি জুকারের প্রথম নারী প্রধান। আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

তাইওয়ানের অড্রে সাইয়ের নেতৃত্বে আইটিইকিউ এআই ডেটা সেন্টার ও ফাইভজি অবকাঠামোর উপকরণ উৎপাদনে গুরুত্ব বাড়িয়েছে। অস্ট্রেলিয়ার ক্যাথি ভিনসেন্ট পরিচালনা করছেন দেশটির দ্বিতীয় বৃহত্তম পেনশন তহবিল অস্ট্রেলিয়ান রিটায়ারমেন্ট ট্রাস্ট, যার সম্পদের পরিমাণ ৩৭৫ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের বেশি।

সিঙ্গাপুরের ওং স্জে কিড মহামারির সময় এআইএ সিঙ্গাপুরের প্রথম নারী সিইও হন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির নতুন বিমা ব্যবসা থেকে প্রত্যাশিত মুনাফা ২০২৫ সালে ১৪ শতাংশ বেড়েছে। আর জাপানের কাগা ইনাগাসাওয়া নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের প্রথম নারী সিইও হিসেবে লোকসানি ব্যবসা পুনর্গঠনের কঠিন দায়িত্ব নিয়েছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   ফোর্বস এশিয়া  পাওয়ার বিজনেসওমেন  নারী  অর্থনীতি  ব্যবসা  বাণিজ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: