সৌন্দর্যের আড়ালে দক্ষ শিকারি সূর্য শিশির

সময়ের আলো ডেস্ক

ফিচার

পাতার ডগায় জমে আছে অসংখ্য স্বচ্ছ বিন্দু। দূর থেকে দেখলে মনে হবে, রাতের শিশিরে ভিজে আছে পুরো উদ্ভিদ। কিন্তু কাছে

2026-11-09T15:51:33+00:00
2026-11-09T16:02:14+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
ফিচার
সৌন্দর্যের আড়ালে দক্ষ শিকারি সূর্য শিশির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৪:০২ পিএম
সূর্য শিশির। ছবি : সংগৃহীত
পাতার ডগায় জমে আছে অসংখ্য স্বচ্ছ বিন্দু। দূর থেকে দেখলে মনে হবে, রাতের শিশিরে ভিজে আছে পুরো উদ্ভিদ। কিন্তু কাছে গেলেই বোঝা যায়, সেগুলো শিশির নয়, উদ্ভিদের শরীর থেকে নিঃসৃত আঠা। এই আঠাই তার শিকারের ফাঁদ। বিশেষ গন্ধে আকৃষ্ট হয়ে কাছে আসা কীটপতঙ্গ একবার পাতায় আটকে গেলে আর সহজে বের হতে পারে না। ধীরে ধীরে পাতার কাঁটায় জড়িয়ে পড়ে তার মৃত্যু। এভাবেই নিজের খাবার সংগ্রহ করে এক বিস্ময়কর মাংসাশী উদ্ভিদ ‘সূর্য শিশির’।


উদ্ভিদটির ব্যাস প্রায় চার থেকে পাঁচ সেন্টিমিটার। এতে রয়েছে লাল রঙের দুই থেকে তিন ইঞ্চি লম্বা একটি পুষ্পমঞ্জরি এবং ১৫ থেকে ২০টি পাতা। পাতাগুলো তিন থেকে চার স্তরে সাজানো। প্রতিটি পাতায় রয়েছে ঢালু পিনের মতো অসংখ্য সূক্ষ্ম কাঁটা। এসব কাঁটার আগায় জমে থাকে আঠালো পদার্থ। 

রাতের শিশির সেই আঠার ওপর জমে সূর্যের আলোয় ঝলমল করে। দূর থেকে মনে হয়, পাতায় যেন ছোট ছোট আলোর বিন্দু জ্বলছে। তবে, এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে শিকারের ফাঁদ। আঠার আকর্ষণে কিংবা উদ্ভিদ থেকে ছড়ানো বিশেষ গন্ধে মাছি, মাকড়সা ও বড় কাঠপিঁপড়াসহ বিভিন্ন পতঙ্গ কাছে আসে। পাতায় বসার পর আঠায় আটকে যায় তারা। পতঙ্গ যত নড়াচড়া করে, পাতার চারপাশের সূক্ষ্ম কাঁটাগুলো তত বেশি জড়িয়ে ধরে তাকে। একপর্যায়ে পতঙ্গটি মারা গেলে উদ্ভিদটি পরিশোষণ প্রক্রিয়ায় তার শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। ছোট আকারের হলেও শিকার ধরার কৌশলে এমনই দক্ষ সূর্য শিশির। 


উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম ‘ড্রোসেরা বার্মানি’। ইংরেজিতে এটি পরিচিত ‘সানডিউ’ নামে। পৃথিবীর মাংসাশী উদ্ভিদগুলোর মধ্যে এটি একটি। উদ্ভিদটির পাতায় থাকা আঠালো পদার্থকে মিউসিলেজ বলা হয়। এর ওপর জমে থাকা শিশির সূর্যের আলোয় ঝিকমিক করে বলেই বাংলায় এর নাম হয়েছে সূর্য শিশির। সাধারণত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এর জীবনচক্র দেখা যায়।  


পৃথিবীতে মানুষের টিকে থাকার পেছনে ও প্রকৃতির খাদ্যশৃঙ্খলে প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর রয়েছে নিজস্ব ভূমিকা। সূর্য শিশিরের মতো মাংসাশী উদ্ভিদও প্রকৃতির বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। অথচ মানুষের অসচেতন চলাচল ও আবাসস্থলের ক্ষতির কারণে এমন উদ্ভিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

প্রকৃতির ছোট্ট এই শিকারি উদ্ভিদ শুধু বিস্ময় জাগায় না, জীববৈচিত্র্যের গুরুত্বও মনে করিয়ে দেয়। তাই সূর্য শিশিরের মতো দুর্লভ উদ্ভিদের আবাসস্থল রক্ষা করা এবং মানুষের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তা না হলে প্রকৃতির এই অনন্য সৃষ্টি একসময় হারিয়ে যেতে পারে।

সময়ের আলো/মহু

  বিষয়:   সূর্য শিশির  সানডিউ  ড্রোসেরা বার্মানি  শিকারি  উদ্ভিদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: