বিজ্ঞানের ভাষায় গাছের এমন দূরত্ব বজায় রাখার প্রবণতাকে বলা হয় ‘ক্রাউন শাইনেস’। ছবি : সংগৃহীত
বনের গাছগুলো সাধারণত পাশাপাশি বেড়ে ওঠে। কিন্তু কিছু প্রজাতির গাছের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। তাদের ডালপালা ও পাতার শীর্ষ প্রতিবেশী গাছের অংশ ছুঁয়ে যায় না। ফলে, পাশাপাশি থাকা গাছগুলোর মাথার ওপর তৈরি হয় বিশেষ ধরনের ফাঁকা জায়গা। দূর থেকে দেখলে মনে হয়, আকাশের বুকে কেউ পাজলের মতো নকশা এঁকে রেখেছে। বিজ্ঞানের ভাষায় গাছের এমন দূরত্ব বজায় রাখার প্রবণতাকে বলা হয় ‘ক্রাউন শাইনেস’।
সব গাছ বা বনাঞ্চলে অবশ্য এই বৈশিষ্ট্য দেখা যায় না। ব্ল্যাক ম্যানগ্রোভ, পাইন, জাপানিজ লার্চ এবং ইউক্যালিপ্টাসের কয়েকটি প্রজাতির মধ্যে এটি বেশি লক্ষ করা যায়। সাধারণত একই প্রজাতির গাছের মধ্যে এমন প্রবণতা দেখা গেলেও কখনো ভিন্ন প্রজাতির গাছের মধ্যেও ক্রাউন শাইনেস তৈরি হয়। এমনকি একই গাছের একাধিক ডালের ক্ষেত্রেও দেখা যেতে পারে এই বৈশিষ্ট্য।
কোস্টারিকার ম্যানগ্রোভ বন থেকে মালয়েশিয়ার কর্পূর গাছের বন- বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের দেখা মেলে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের দেখা মেলে। ছবি : সংগৃহীত
ক্রাউন শাইনেস নিয়ে আলোচনার পেছনে রয়েছে জীববিজ্ঞানী ফ্রান্সিস জ্যাক পাটজের একটি অভিজ্ঞতা। ১৯৮২ সালে কোস্টারিকার গুয়ানাকাস্টে ন্যাশনাল পার্কের একটি ব্ল্যাক ম্যানগ্রোভ বনে কাজ করছিলেন তিনি। দুপুরের প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে খাবার শেষে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। শুয়ে থাকা অবস্থায় ওপরের দিকে তাকাতেই তার চোখে পড়ে অদ্ভুত দৃশ্য। বাতাসে গাছের ডালপালা একে অপরের দিকে হেলে পড়লেও পাতাগুলো পরস্পরকে স্পর্শ করছে না। প্রতিটি গাছ যেন প্রতিবেশীর জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বেড়ে উঠছে।
পাটজের কাছে বিষয়টি ছিল বিস্ময়কর। তার পর্যবেক্ষণে মনে হয়েছিল, গাছেরও যেন নিজস্ব পরিসর রয়েছে। যদিও ১৯৮২ সালে তিনি বিষয়টি নতুন করে সামনে আনেন, বৈজ্ঞানিক গবেষণায় ক্রাউন শাইনেসের উল্লেখ পাওয়া যায় ১৯২০ সাল থেকেই।
ক্রাউন শাইনেসের সুনির্দিষ্ট কারণ এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। গবেষকদের ধারণা, এর পেছনে একটি নয়, বরং একাধিক প্রাকৃতিক ও পরিবেশগত কারণ কাজ করতে পারে।
প্রাথমিকভাবে বিজ্ঞানীরা মনে করেছিলেন, সূর্যের আলোর অভাবের কারণে গাছগুলো তাদের মধ্যকার ফাঁকা জায়গা পূরণ করতে পারে না। কারণ, সালোকসংশ্লেষণের জন্য আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, পরবর্তী গবেষণায় আরও কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা সামনে আসে।
পাখির চোখে ক্রাউন শাইনেস। ছবি : সংগৃহীত
১৯৫৫ সালে উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ায় ইউক্যালিপ্টাসের একটি প্রজাতি নিয়ে গবেষণায় দেখা যায়, প্রবল বাতাসে পাশাপাশি থাকা গাছগুলোর ডালপালা একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে ডাল ও পাতা ক্ষতিগ্রস্ত হয়। এভাবে গাছের শীর্ষের কিছু অংশ ভেঙে গিয়ে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়।
১৯৮৪ সালে ফ্রান্সিস জ্যাক পাটজ ও তার সহকর্মীদের গবেষণাতেও বাতাসের প্রভাবের বিষয়টি উঠে আসে। তাদের পর্যবেক্ষণে দেখা যায়, ম্যানগ্রোভ বনে বাতাসের প্রবাহ যত বেশি, গাছগুলোর শীর্ষের মধ্যকার দূরত্বও তত বেশি।
পরবর্তী সময়ে কানাডার আলবার্তায় পাইন গাছ নিয়ে গবেষণা করেন মিশিগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী মার্ক রুদনিকি ও তার দল। তারা দেখতে পান, যেসব বনে বাতাসের প্রবাহ বেশি এবং গাছগুলো প্রায় সমান উচ্চতার, সেখানে ক্রাউন শাইনেস বেশি দেখা যায়।
গবেষণায় তারা পাইন গাছগুলোর মধ্যে নাইলনের দড়ি ব্যবহার করে ডালপালার সংঘর্ষ ঠেকানোর ব্যবস্থা করেন। এতে দেখা যায়, গাছগুলোর পাতা ও ডালপালা আগের ফাঁকা জায়গা দখল করে নিচ্ছে। অর্থাৎ প্রতিবেশী গাছের সঙ্গে সংঘর্ষের সুযোগ না থাকলে গাছগুলো আরও বিস্তৃত হতে পারে।
গাছের শীর্ষের মধ্যকার ফাঁক দিয়ে সূর্যের আলো বনের মাটি পর্যন্ত পৌঁছায়। ছবি : সংগৃহীত
রুদনিকির মতে, গাছগুলো একপর্যায়ে বুঝে নেয় যে, আর বাড়তে গেলে তাদের ডালপালা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যা বিশেষজ্ঞ ইনেস ইব্যানেজের ব্যাখ্যাও অনেকটা একই রকম। তার মতে, ডাল ভেঙে যাওয়ার ঝুঁকি এড়াতে গাছগুলো একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে শীর্ষের বৃদ্ধি থামিয়ে দিতে পারে। কারণ, নতুন টিস্যু তৈরি করতে গাছের যথেষ্ট শক্তি ও সম্পদ ব্যয় হয়।
ক্রাউন শাইনেসের আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের বনবিদ ও উদ্যানতত্ত্ববিদ মারলিইজি ডুগেড। তার মতে, গাছ আশপাশের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক পদার্থ শনাক্ত করতে পারে। এ জন্য তাদের রয়েছে বিশেষ ধরনের সংবেদনব্যবস্থা।
গাছের মধ্যে এই রাসায়নিক যোগাযোগ অত্যন্ত জটিল ও সূক্ষ্ম প্রক্রিয়া। তবে, প্রতিবেশী গাছের উপস্থিতি শনাক্ত করতে পারলে সরাসরি সংস্পর্শে আসার আগেই কোনো গাছ তার ডালপালা ও পাতার বৃদ্ধি সীমিত করতে পারে।
জীববিজ্ঞানী মেগ লোম্যানের মতে, গাছের জন্য নিজের স্বাস্থ্য ও সুরক্ষা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাতার পাশাপাশি ডালপালাও গাছের গুরুত্বপূর্ণ অঙ্গ। বাতাসে অন্য গাছের সঙ্গে সংঘর্ষে ডাল ক্ষতিগ্রস্ত হলে, তা গাছের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
অন্যদিকে মিগেল ফ্র্যাংকোর একটি তত্ত্বে বলা হয়েছে, প্রতিবেশী গাছের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রতিটি গাছ এমন একটি অবস্থান বা বিন্যাস তৈরি করতে পারে, যা প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ বাড়ায় এবং ক্ষতিকর প্রতিযোগিতা কমায়।
ক্রাউন শাইনেসের ফলে গাছের শীর্ষে যে ফাঁকা জায়গা তৈরি হয়, তা শুধু একটি ব্যতিক্রমী দৃশ্যই নয়; বনাঞ্চলের পরিবেশেও এর প্রভাব রয়েছে।
মেগ লোম্যানের মতে, বেঁচে থাকার জন্য গাছকে পানি, আলো, জায়গা ও পুষ্টি উপাদান সংগ্রহে প্রতিযোগিতা করতে হয়। বিশেষ করে ঘন বনাঞ্চলে সূর্যের আলো পাওয়ার জন্য গাছগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। ক্রাউন শাইনেসের কারণে তৈরি হওয়া ফাঁকা জায়গা গাছের পাতায় পর্যাপ্ত আলো পৌঁছাতে এবং সালোকসংশ্লেষণে সহায়তা করতে পারে।
এ ছাড়া, গাছের শীর্ষের মধ্যকার ফাঁক দিয়ে সূর্যের আলো বনের মাটি পর্যন্ত পৌঁছায়। এতে নিচের স্তরে থাকা ছোট উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর বেঁচে থাকার পরিবেশ তৈরি হয়। পরোক্ষভাবে এই জীববৈচিত্র্যও বড় গাছগুলোর টিকে থাকার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
ফ্রান্সিস জ্যাক পাটজের মতে, গাছগুলোর মধ্যকার এই দূরত্ব আক্রমণাত্মক লতাগুলোর বিস্তার ঠেকাতেও সহায়ক হতে পারে। লায়ানাস নামের এসব লতা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ বনাঞ্চলে দেখা যায়। পাশাপাশি গাছের মধ্যে ফাঁকা জায়গা থাকলে রোগজীবাণু ও ক্ষতিকর পোকামাকড়ের বিস্তারও কিছুটা সীমিত হতে পারে।
ক্রাউন শাইনেস প্রকৃতির এক বিস্ময়কর বৈশিষ্ট্য। এর পেছনের কারণ নিয়ে এখনো গবেষণা চলছে। তবে বিজ্ঞানীদের ধারণা, বাতাসের প্রভাব, শারীরিক ক্ষতি এড়ানোর প্রবণতা, রাসায়নিক সংকেত এবং সম্পদের প্রতিযোগিতা- সবকিছু মিলিয়েই গাছের এই বিশেষ আচরণ তৈরি হতে পারে।