ডা. জিন্না তারা রুমি
গ্রাফিক : সময়ের আলোপেট ব্যথা খুব পরিচিত একটি শারীরিক সমস্যা। কখনো অতিরিক্ত খাওয়া, বদহজম বা গ্যাসের কারণে পেটে ব্যথা হয়, আবার কখনো এর পেছনে থাকতে পারে গুরুতর কোনো রোগ। অনেকেই পেট ব্যথা হলে প্রাথমিকভাবে গ্যাসের সমস্যা ভেবে নিজেরাই ওষুধ খেয়ে নেন। সব পেট ব্যথার কারণ এক নয়। ব্যথার ধরন, স্থান, স্থায়িত্ব এবং সঙ্গে থাকা অন্যান্য উপসর্গের ওপর নির্ভর করে এর কারণ নির্ণয় করতে হয়।
পেটের বিভিন্ন অংশে ব্যথার কারণও ভিন্ন হতে পারে। পেটের ওপরের দিকে ব্যথা হলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, পাকস্থলীর প্রদাহ কিংবা আলসারের সমস্যা থাকতে পারে। খাবার খাওয়ার পর পেট ভার লাগা, জ্বালাপোড়া বা অস্বস্তি অনেক সময় বদহজমের লক্ষণ।
অন্যদিকে পেটের ডান দিকের ওপরের অংশে ব্যথা হলে পিত্তথলিতে পাথর বা প্রদাহের সম্ভাবনা থাকে। পেটের ডান দিকের নিচের অংশে হঠাৎ ব্যথা শুরু হলে অ্যাপেন্ডিসাইটিসের বিষয়টি বিবেচনায় নিতে হয়।
আবার পেটের নিচের দিকে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকলে মূত্রনালির সংক্রমণও কারণ হতে পারে। নারীদের ক্ষেত্রে মাসিকের সময় ব্যথা, ডিম্বাশয়ের সিস্ট, জরায়ুর বিভিন্ন সমস্যা কিংবা গর্ভাবস্থা-সংক্রান্ত জটিলতার কারণেও তলপেটে ব্যথা হতে পারে।
পেট ব্যথার অন্যতম কারণ হলো অনিয়মিত খাদ্যাভ্যাস। অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, দীর্ঘ সময় না খেয়ে থাকা, একবারে বেশি খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান না করার কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে।
এ ছাড়া কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়া, অন্ত্রের সংক্রমণ, গ্যাস্ট্রিক ও আলসার থেকেও পেটে ব্যথা হতে পারে। কিছু ক্ষেত্রে কিডনিতে পাথর, অগ্ন্যাশয়ের প্রদাহ কিংবা অন্ত্রের জটিল রোগের কারণেও তীব্র পেট ব্যথা দেখা দেয়। শুধু ব্যথার অবস্থান দেখে রোগ নির্ণয় করা যায় না। রোগীর বয়স, পূর্ববর্তী অসুস্থতা, খাবারের অভ্যাস, ব্যথা শুরুর সময় এবং অন্যান্য উপসর্গ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করতে হয়। তাই কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যেমন—
• হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হওয়া।
• পেট ব্যথার সঙ্গে জ্বর ও বারবার বমি হওয়া।
• পেট ফুলে যাওয়া বা পেট শক্ত হয়ে যাওয়া।
• পায়খানার সঙ্গে রক্ত যাওয়া কিংবা কালো পায়খানা হওয়া।
• ব্যথার কারণে স্বাভাবিক চলাফেরা করতে অসুবিধা হওয়া।
• পেট ব্যথার সঙ্গে অস্বাভাবিক ওজন কমে যাওয়া।
• গর্ভাবস্থায় তলপেটে ব্যথা বা রক্তপাত হওয়া।
• বিশেষ করে হঠাৎ তীব্র ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়ার ভাব কিংবা রক্তবমি হলে জরুরি চিকিৎসা প্রয়োজন।
পেটের বিভিন্ন সমস্যা থেকে দূরে থাকতে নিয়মিত ও পরিমিত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অতিরিক্ত তেল-মসলা, ভাজাপোড়া ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা ভালো। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার রাখতে হবে। পাশাপাশি নিয়মিত হাঁটাচলা এবং শারীরিক পরিশ্রম হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে।
পেট ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয়। বিশেষ করে কিছু ব্যথানাশক ওষুধ পাকস্থলীর ক্ষতি করতে পারে। ব্যথা বারবার হলে কিংবা দীর্ঘস্থায়ী হলে কারণ নির্ণয় করা জরুরি। পেট ব্যথা কোনো রোগ নয়, বরং শরীরের ভেতরে কোনো সমস্যার সংকেত। তাই সাময়িক অস্বস্তি ভেবে বারবার ওষুধ না খেয়ে ব্যথার কারণ খুঁজে বের করতে হবে।
লেখক : সম্মিলিত ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল
সময়ের আলো/প্রিন্ট/এমকে