ভিডিওতে ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে দেখে শিশুরাও সেগুলো অনুকরণে আগ্রহী হয়ে উঠছে। ছবি : সংগৃহীত যে বয়সে শিশুদের খেলাধুলা ও দুরন্তপনায় মেতে থাকার কথা, সেই বয়সেই তাদের অনেকের সময় কাটছে প্রসাধনী ও স্কিনকেয়ার পণ্যের পেছনে। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের রূপচর্চার ভিডিও দেখে শিশুরাও ঝুঁকছে নানা ধরনের প্রসাধনী ব্যবহারে। বিশেষ করে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে এই প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে। প্রসাধনীর প্রতি অতিরিক্ত ও ক্ষতিকর এই আসক্তিকে বলা হচ্ছে ‘কসমেটিকোরেক্সিয়া’।
কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রতি শিশুদের অস্বাভাবিক আকর্ষণ এবং অতিরিক্ত ব্যবহারের প্রবণতাই কসমেটিকোরেক্সিয়া নামে পরিচিত। বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এই প্রবণতা ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ‘গেট রেডি উইথ মি’ ধরনের ভিডিও শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। এসব ভিডিওতে ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করতে দেখে শিশুরাও সেগুলো অনুকরণে আগ্রহী হয়ে উঠছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি প্রসাধনী কোম্পানিগুলোর বিপণন কৌশলও শিশুদের আকৃষ্ট করছে। উজ্জ্বল রঙ, কার্টুন চরিত্র কিংবা ফলের সুবাসযুক্ত প্যাকেজিংয়ের মাধ্যমে অনেক পণ্যকে শিশুদের কাছে আকর্ষণীয় করে তোলা হচ্ছে। অথচ এসব পণ্যের মধ্যে রয়েছে অ্যান্টি-এজিং ও ত্বকের রং উজ্জ্বল করার মতো উপাদান, যা মূলত প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য তৈরি। ফলে অল্প বয়সেই শিশুরা ত্বকের যত্নের নামে এমন সব পণ্য ব্যবহার করছে, যার প্রয়োজন তাদের নেই।
শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি পাতলা ও সংবেদনশীল। এ বয়সে ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা পুরোপুরি বিকশিত হওয়ার প্রক্রিয়ায় থাকে। তাই রূপচর্চার নামে অতিরিক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করলে ত্বকে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
রেটিনল, ভিটামিন-সি, আলফা হাইড্রক্সি অ্যাসিড ও বিটা হাইড্রক্সি অ্যাসিডের মতো উপাদান শিশুদের সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া, অ্যালার্জি, র্যাশ, একজিমা ও রাসায়নিকজনিত ক্ষত তৈরি করতে পারে। কিছু ক্ষেত্রে ত্বকে দীর্ঘস্থায়ী দাগ বা পিগমেন্টেশনের সমস্যাও দেখা দিতে পারে। বয়স ও ত্বকের ধরন বিবেচনা না করে এসব উপাদান ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা আরও বাড়ে।
কসমেটিকোরেক্সিয়ার প্রভাব শুধু ত্বকের সমস্যায় সীমাবদ্ধ নয়, শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মনোবিজ্ঞানীদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্টার, মেকআপ ও সম্পাদিত ছবিতে দেখা নিখুঁত চেহারাকে শিশুরা অনেক সময় বাস্তব সৌন্দর্য বলে মনে করে। ফলে নিজের স্বাভাবিক চেহারা নিয়ে তাদের মধ্যে অসন্তুষ্টি ও হীনম্মন্যতা তৈরি হতে পারে।
এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে চেহারা নিয়ে অতিরিক্ত উদ্বেগ, বিষণ্ণতা ও সামাজিক অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। নিজের বাহ্যিক সৌন্দর্য নিয়ে অস্বাভাবিক ব্যস্ততা শিশুর স্বাভাবিক মানসিক বিকাশেও বাধা হয়ে দাঁড়াতে পারে।
শিশুদের এই প্রবণতা থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন ভূমিকা জরুরি। সন্তানের ত্বকের ধরন ও বয়স অনুযায়ী প্রয়োজনীয় পণ্য ব্যবহারের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি ইন্টারনেটে শিশু কী ধরনের ভিডিও দেখছে এবং কোন বিষয়গুলো অনুসরণ করছে, সেদিকেও নজর রাখতে হবে।
শিশুদের কাছে ক্ষতিকর প্রসাধনী পণ্যের বিপণন নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে অ্যান্টি-এজিং বা ত্বকের রং পরিবর্তনের দাবি করা পণ্য শিশুদের লক্ষ্য করে বাজারজাত করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ জরুরি। এ ক্ষেত্রে বয়সভিত্তিক নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সৌন্দর্য সম্পর্কে শিশুদের সঠিক ধারণা দেওয়া। বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখানো নিখুঁত ত্বক যে অনেক সময় কৃত্রিমভাবে তৈরি, তা তাদের বোঝাতে হবে। বাহ্যিক চেহারার চেয়ে ব্যক্তিত্ব, মেধা, আচরণ ও আত্মবিশ্বাস যে বেশি গুরুত্বপূর্ণ, সেই শিক্ষাও দিতে হবে।
শৈশবের স্বাভাবিক আনন্দ ও বিকাশের জায়গা যেন প্রসাধনীর প্রতি অপ্রয়োজনীয় আকর্ষণ দখল করে না নেয়। ত্বকের যত্নের নামে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ঝুঁকি থেকে শিশুদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সচেতনতা প্রয়োজন।
সময়ের আলো/মহু