কেন জেন্টল প্যারেন্টিংয়ে ঝুঁকছেন নতুন প্রজন্মের মা-বাবা?

সময়ের আলো ডেস্ক

ফিচার

এখন অনেক মা-বাবাই শিশুর ভুলে চিৎকার না করে, কান্নায় বিরক্ত না হয়ে বরং তাদের মনের কথা শোনেন এবং এমন আচরণের

2026-11-09T14:36:35+00:00
2026-11-09T14:38:31+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
ফিচার
কেন জেন্টল প্যারেন্টিংয়ে ঝুঁকছেন নতুন প্রজন্মের মা-বাবা?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ২:৩৮ পিএম
অভিভাবকের কাছ থেকে নিয়মিত সাড়া, যত্ন ও সংবেদনশীল আচরণ পেলে শিশুর মধ্যে নিরাপদ আবেগীয় বন্ধন তৈরি হয়। ছবি : সংগৃহীত
এখন অনেক মা-বাবাই শিশুর ভুলে চিৎকার না করে, কান্নায় বিরক্ত না হয়ে বরং তাদের মনের কথা শোনেন এবং এমন আচরণের কারণ বোঝার চেষ্টা করেন। অভিভাবকত্বের এই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গিই পরিচিত ‘জেন্টল প্যারেন্টিং’ নামে। শাসন করে বাধ্য করার পরিবর্তে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়ে সন্তানকে বড় করে তোলার এই পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে নতুন প্রজন্মের বাবা-মায়ের।

জেন্টল প্যারেন্টিং এমন একটি অভিভাবকত্বের পদ্ধতি, যেখানে শিশুকে নিয়ন্ত্রণের বদলে তার আচরণ ও অনুভূতির কারণ বোঝার চেষ্টা করা হয়। এখানে শিশুর চিন্তা, পছন্দ ও আবেগকে গুরুত্ব দেওয়া হয়। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে তাকে সিদ্ধান্ত নিতে শেখানো হয়।


বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে ‘রেসপেক্টফুল প্যারেন্টিং’ বা ‘মাইন্ডফুল প্যারেন্টিং’ হিসেবেও উল্লেখ করেন। এতে অভিভাবক ও সন্তানের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত হয়। শিশুর সঙ্গে খোলামেলা আলোচনা করে তাকে নিজের কাজের ভালো-মন্দ বুঝতে এবং দায়িত্বশীল হতে উৎসাহিত করা হয়।

শিশুর মানসিক বিকাশ ও অভিভাবকের আচরণের সম্পর্ক নিয়ে মনোবিজ্ঞানে দীর্ঘদিন ধরে গবেষণা হচ্ছে। জেন্টল প্যারেন্টিংয়ের সঙ্গে সম্পর্কিত কয়েকটি তত্ত্ব ও গবেষণাও রয়েছে।


মনোবিজ্ঞানী জন বোলবির অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী, অভিভাবকের কাছ থেকে নিয়মিত সাড়া, যত্ন ও সংবেদনশীল আচরণ পেলে শিশুর মধ্যে নিরাপদ আবেগীয় বন্ধন তৈরি হয়। গবেষণায় এমন বন্ধনের সঙ্গে পরবর্তী জীবনে উদ্বেগ ও বিষণ্ণতার ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।

অন্যদিকে, অতিরিক্ত ভয় ও মানসিক চাপ শিশুর মস্তিষ্কের অ্যামিগডালা অংশকে সক্রিয় করতে পারে। এতে যৌক্তিক চিন্তা ও শেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় কোমল ও সহানুভূতিশীল আচরণকে শিশুর মস্তিষ্কের বিকাশ এবং শেখার সক্ষমতার জন্য সহায়ক হিসেবে তুলে ধরা হয়েছে।


মনোবিজ্ঞানী ডায়ানা বাউমরিন্ডের গবেষণায় অভিভাবকত্বের বিভিন্ন ধরন বিশ্লেষণ করা হয়েছে। তার গবেষণায় ‘অথরিটেটিভ’ পদ্ধতির ইতিবাচক দিক উঠে এসেছে। এ পদ্ধতিতে শিশুর প্রতি ভালোবাসা ও সহানুভূতির পাশাপাশি স্পষ্ট নিয়ম ও প্রত্যাশা থাকে। এমন পরিবেশে বেড়ে ওঠা শিশুরা পড়াশোনা ও সামাজিক দক্ষতায় ভালো করার প্রবণতা দেখায়।

জেন্টল প্যারেন্টিং মানে শিশুর সব আবদার মেনে নেওয়া কিংবা কোনো নিয়ম না রাখা নয়। বরং শাসনের পরিবর্তে বোঝানো এবং কঠোরতার বদলে সহানুভূতির মাধ্যমে তাকে সঠিক পথে পরিচালিত করা। কোনো কাজ করতে বলার পাশাপাশি কেন সেটি জরুরি, তা শিশুকে বুঝিয়ে বলা প্রয়োজন। ছোট কোনো ভালো কাজ করলেও তার প্রশংসা করা উচিত। এতে নিজের দায়িত্ব সম্পর্কে তার ধারণা তৈরি হয়।


শিশু রেগে গেলে, কাঁদলে কিংবা জেদ করলে সঙ্গে সঙ্গে বকাঝকা না করে তার কথা শোনা জরুরি। তার অনুভূতিকে স্বীকার করে শান্ত হতে সাহায্য করতে হবে। এতে ধীরে ধীরে নিজের আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা তৈরি হতে পারে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের মতে, শারীরিক ও মানসিক শাস্তি শিশুর আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শাস্তি বা ভয় দেখানোর পরিবর্তে শিশুর কান্না ও জেদকে তার অনুভূতি প্রকাশের একটি উপায় হিসেবে দেখা উচিত। কী কারণে সে এমন আচরণ করছে, তা বোঝার চেষ্টা করতে হবে।

বিজনেস ইনসাইডার ও টুডে ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান প্রজন্মের অনেক অভিভাবক নিজের শৈশবের অভিজ্ঞতা থেকে জেন্টল প্যারেন্টিংয়ের প্রতি আগ্রহী হচ্ছেন। তাদের কেউ কেউ ছোটবেলায় পর্যাপ্ত সহানুভূতি ও মানসিক সমর্থন পাননি। তাই তারা সন্তানের সঙ্গে এমন সম্পর্ক গড়তে চান, যেখানে ভালোবাসা, সম্মান ও নিরাপত্তার অভাব থাকবে না।

তবে কঠোর শাসনের পরিবেশে বড় হওয়া অভিভাবকদের জন্য নিজেদের আচরণ বদলানো সহজ নয়। ধৈর্য ধরে শিশুর কথা শোনা, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং প্রতিটি পরিস্থিতিতে সহানুভূতিশীল থাকা সময় ও অনুশীলনের বিষয়। তারপরও সন্তানের দীর্ঘমেয়াদি মানসিক বিকাশের কথা বিবেচনা করে অনেকেই এই পদ্ধতি বেছে নিচ্ছেন।

সময়ের আলো/মহু

  বিষয়:   জেন্টল প্যারেন্টিং  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: