মানুষের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়তে তাদের ভালোভাবে জানার চেষ্টা করুন। ছবি : সংগৃহীত কর্মক্ষেত্রে সফল হতে দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের মানের পাশাপাশি মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়াও গুরুত্বপূর্ণ। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, যোগাযোগের দক্ষতা এবং অন্যের প্রতি আন্তরিকতা একজন মানুষের পেশাগত অগ্রগতিতে ভূমিকা রাখে। গবেষণায়ও দেখা গেছে, কর্মক্ষেত্রে পছন্দনীয় হওয়ার সঙ্গে একজন ব্যক্তির কার্যকারিতার সম্পর্ক রয়েছে। নিজের কিছু অভ্যাসে পরিবর্তন এনে সহজেই এই গ্রহণযোগ্যতা বাড়ানো সম্ভব।
মনে পড়লে জানিয়ে দিন
কাউকে পছন্দ করার বিষয়টি শুধু মনে রাখলে হবে না, তাকে জানাতেও হবে। গবেষণায় দেখা গেছে, মানুষ সাধারণত তাদের পছন্দ করে, যারা তাদের পছন্দ করে। তাই কোনো ঘটনা বা বিষয় কারও কথা মনে করিয়ে দিলে, তাকে জানাতে পারেন। এতে সম্পর্কের আন্তরিকতা বাড়ে।
সাধারণ আলাপের বাইরে যান
আবহাওয়া বা দৈনন্দিন ব্যস্ততা নিয়ে কথা বলার বদলে একটু গভীর ও অর্থবহ প্রশ্ন করুন। গবেষণায় দেখা গেছে, ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবনের আনন্দ কিংবা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা মানুষের মধ্যে সংযোগ ও ঘনিষ্ঠতা বাড়ায়। যেমন, ‘কেমন আছেন’ না বলে জানতে চাইতে পারেন, সপ্তাহের সবচেয়ে ভালো অভিজ্ঞতা কী ছিল।
পরামর্শ চান
অন্যের কাছে পরামর্শ চাওয়া দুর্বলতা নয়, বরং তার অভিজ্ঞতা ও মতামতের প্রতি সম্মান দেখানোর একটি উপায়। এতে তিনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন। সহকর্মীর পরামর্শ কাজে লাগলে তাকে ধন্যবাদ জানান। কাজে না লাগলেও কেন তা কার্যকর হয়নি, তা জানালে সম্পর্কের আন্তরিকতা বজায় থাকে।
কথোপকথন শেষ করার সময় বুঝুন
অনেক সময় কথোপকথন দীর্ঘ হয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। তাই আলোচনা যখন ভালো পর্যায়ে থাকে, তখনই সুন্দরভাবে বিদায় নেওয়া যেতে পারে। প্রয়োজনে পরে আবার কথা বলা বা একসঙ্গে বসার আগ্রহ প্রকাশ করুন। এতে কথোপকথনের ইতিবাচক স্মৃতি থেকে যায়।
মনোযোগ দিয়ে শুনুন
ভালো শ্রোতা হওয়া মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর অন্যতম উপায়। অন্যের কথা বলার সময় নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষা না করে মনোযোগ দিন। তার অভিজ্ঞতা, পছন্দ ও মতামত সম্পর্কে প্রশ্ন করুন। কথার মধ্যে কোনো মিল খুঁজে পেলে, তা স্বাভাবিকভাবে তুলে ধরুন। তবে, সম্পর্ক গড়তে কৃত্রিম মিল বা ভান করা উচিত নয়।
উদ্বেগকে উৎসাহে রূপ দিন
নতুন মানুষের সঙ্গে পরিচয়, সভায় বক্তব্য কিংবা গুরুত্বপূর্ণ কোনো পরিস্থিতির আগে নার্ভাস লাগতে পারে। এমন সময়ে নিজেকে শান্ত থাকার নির্দেশ না দিয়ে উৎসাহিত করার চেষ্টা করুন। ইতিবাচক মনোভাব আশপাশের মানুষের মধ্যেও প্রভাব ফেলতে পারে।
সামাজিক যোগাযোগে এগিয়ে আসুন
কর্মক্ষেত্রের অনুষ্ঠান, দলীয় আলোচনা কিংবা সহকর্মীদের আড্ডায় নিয়মিত অংশ নিন। নতুন কারও সঙ্গে নিজে থেকে পরিচিত হন, একা দাঁড়িয়ে থাকা কাউকে আলোচনায় যুক্ত করুন। প্রথমে যোগাযোগ করা বা কাউকে আমন্ত্রণ জানানোর মতো ছোট উদ্যোগও সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। পরিচিত মুখ হয়ে উঠলে অন্যদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে।
তবে, এসব অভ্যাসের মূল ভিত্তি হতে হবে আন্তরিকতা। কাউকে পছন্দ না করেও ভালো লাগার অভিনয় করলে তা উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই মানুষের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়তে তাদের ভালোভাবে জানার চেষ্টা করুন, মনোযোগ দিয়ে কথা শুনুন এবং নিজের আচরণে স্বাভাবিক থাকুন।
সূত্র : বিবিসি সায়েন্স ফোকাস
সময়ের আলো/মহু