বিলাসবহুল ভ্রমণের ধারণায় যুক্ত হয়েছে নতুন মাত্রা ‘ওয়েলনেস ভ্রমণ’। গ্রাফিক : সময়ের আলো ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে গিয়ে শরীর ও মনের প্রশান্তি খুঁজছেন অনেক ভ্রমণপিপাসু। তাই বিলাসবহুল ভ্রমণের ধারণায় যুক্ত হয়েছে নতুন মাত্রা ‘ওয়েলনেস ভ্রমণ’। যেখানে জাঁকজমকের চেয়ে গুরুত্ব পায় নিরিবিলি পরিবেশ, ব্যক্তিগত পরিসর ও সুস্থ থাকার নানা আয়োজন। বিশ্বের এমনই ৮টি ওয়েলনেস রিসোর্ট নিয়ে এ আয়োজন।
ফরেস্টিস, ইতালি
ইতালির দক্ষিণ টাইরোলের ডলোমাইট পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ মিটার উঁচুতে অবস্থিত ফরেস্টিস। এখানকার মূল দর্শন- শান্তিই নতুন বিলাসিতা। পাহাড়ি ঝরনার পানি, বিশুদ্ধ বাতাস ও সূর্যের আলোকে কেন্দ্র করে সাজানো হয়েছে তাদের ওয়েলনেস সেবা। রয়েছে বিশেষ সাইলেন্স রুম ও শব্দনিরোধক স্পা, যেখানে প্রকৃতির নীরবতার মধ্যে বিশ্রাম নেওয়ার সুযোগ মেলে।
ফোর সিজনস রিসোর্ট চিয়াং মাই, থাইল্যান্ড
উত্তর থাইল্যান্ডের সবুজ ধানখেতের মাঝে অবস্থিত এই রিসোর্টে ধীর ও নিরিবিলি জীবনযাপনের অভিজ্ঞতা পাওয়া যায়। যোগব্যায়াম, প্রাণায়াম, ধ্যান ও সাউন্ড হিলিংয়ের পাশাপাশি রয়েছে ঘুমের মান উন্নয়নের বিশেষ আয়োজন। ‘সোলফুল অ্যাওয়েকনিং’ কর্মসূচিতে শরীরের স্বাভাবিক দৈনিক ছন্দ ঠিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আমানই, ভিয়েতনাম
ভিয়েতনামের আমানই রিসোর্টে ব্যক্তিগত পরিসরই প্রধান আকর্ষণ। এখানকার ওয়েলনেস পুল ভিলায় অবস্থান করেই অতিথিরা স্পা সেবা নিতে পারেন। প্রতিটি ভিলায় রয়েছে ১৫ মিটার দীর্ঘ সুইমিং পুল, স্টিম রুম, কোল্ড প্লাঞ্জ, জ্যাকুজি ও ব্যক্তিগত থেরাপির ব্যবস্থা। পাহাড়, বন ও পদ্মপুকুরের পরিবেশে সামাজিক ব্যস্ততা থেকে দূরে থাকার সুযোগ রয়েছে।
জোয়ালি বিয়িং, মালদ্বীপ
মালদ্বীপের বোদুফুশি দ্বীপে অবস্থিত জোয়ালি বিয়িংয়ের ৬৮টি বিচ ও ওভারওয়াটার ভিলায় রয়েছে ব্যক্তিগত পুল ও বাটলার সেবা। এখানকার ওয়েলনেস কার্যক্রম সাজানো হয়েছে মন, ত্বক, মাইক্রোবায়োম ও শক্তি- এই চার বিষয়কে ঘিরে। এখানে প্রাচীন ভেষজচর্চার সঙ্গে আধুনিক পুষ্টি ও শরীর পুনরুদ্ধারের পদ্ধতি যুক্ত হয়েছে। সমুদ্রের বিশালতা ও নির্জন পরিবেশই এখানে মানসিক প্রশান্তির বড় উপাদান।
সিক্স সেনসেস ভানা, ভারত
ভারতের দেরাদুনে হিমালয়ের পাদদেশে ২১ একর শালবনের মধ্যে গড়ে উঠেছে সিক্স সেনসেস ভানা। এটি সাধারণ স্পা রিসোর্টের চেয়ে অনেক বেশি একটি পূর্ণাঙ্গ ওয়েলনেস কেন্দ্র। আয়ুর্বেদ, যোগব্যায়াম, তিব্বতি চিকিৎসা ও প্রাকৃতিক নিরাময় পদ্ধতির সমন্বয়ে অতিথিদের প্রয়োজন অনুযায়ী সেবার ব্যবস্থা করা হয়। নিরিবিলি পরিবেশে শরীর ও মনের যত্ন নেওয়াই এর মূল লক্ষ্য।
কোমো শাম্বালা এস্টেট, ইন্দোনেশিয়া
বালির এই রিসোর্টে মানসিক চাপ, ক্লান্তি ও ঘুমের সমস্যায় থাকা অতিথিদের জন্য রয়েছে বিশেষ ওয়েলনেস কর্মসূচি। ব্যক্তিগত যোগব্যায়াম, ধ্যান ও শ্বাসের অনুশীলনের পাশাপাশি ম্যাসাজ, আকুপাংচার ও মার্মা থেরাপির ব্যবস্থা রয়েছে। এখানে আধুনিক প্রযুক্তি ও প্রচলিত চিকিৎসাপদ্ধতির সমন্বয়ে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
আমানেমু, জাপান
জাপানের ইসে-শিমায় অবস্থিত আমানেমুর ২ হাজার বর্গমিটারের স্পা কেন্দ্রের প্রধান আকর্ষণ প্রাকৃতিক খনিজ উষ্ণ প্রস্রবণ বা ওনসেন। এখানে রয়েছে থার্মাল স্প্রিং গার্ডেন, চারটি ট্রিটমেন্ট স্যুট ও দুটি ব্যক্তিগত ওনসেন প্যাভিলিয়ন। গোসল, হাঁটা, খাওয়া ও বিশ্রামের সহজ ছন্দে সময় কাটানোর সুযোগ দেয় এই রিসোর্ট।
জুলাল ওয়েলনেস রিসোর্ট বাই চিভা-সোম, কাতার
কাতারের এই রিসোর্টের ‘জুলাল সেরেনিটি’ অংশটি শুধু প্রাপ্তবয়স্ক অতিথিদের জন্য। জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন ও মানসিক প্রশান্তি আনতে এখানে ফিটনেস, পুষ্টি, ঐতিহ্যবাহী আরব ও ইসলামি চিকিৎসা, সৌন্দর্যচর্চা এবং ফিজিওথেরাপির সমন্বয়ে সেবা দেওয়া হয়। এই রিসোর্ট মরুভূমির উন্মুক্ত দিগন্ত ও নিরিবিলি পরিবেশ শহরের ব্যস্ততা থেকে দূরে থাকার সুযোগ করে দেয়।
গ্লোবাল ওয়েলনেস ইনস্টিটিউটের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মোট পর্যটন ভ্রমণের ৮ দশমিক ৩ শতাংশ ছিল ওয়েলনেস ভ্রমণ। পর্যটন ব্যয়ের ১৭ দশমিক ৬ শতাংশ এসেছে এই খাত থেকে। আন্তর্জাতিক ওয়েলনেস ভ্রমণকারীরা প্রতিবার গড়ে ১ হাজার ৬৩৭ ডলার ব্যয় করেছেন, যা সাধারণ পর্যটকদের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলও ২০২৩ ও ২০২৪ সালে ওয়েলনেস ভ্রমণের সংখ্যায় ইউরোপকে ছাড়িয়ে গেছে।
সূত্র : লাকসুও
সময়ের আলো/মহু