ডিসক্যালকুলিয়া মূলত গণিত শেখার ক্ষেত্রে বিশেষ ধরনের একটি শিখন বৈকল্য। ছবি : সংগৃহীত পড়াশোনার অন্যান্য বিষয়ে ভালো ফল করলেও গণিতের ক্ষেত্রে অনেক শিশু বারবার সমস্যায় পড়ে। অনেক সময় অভিভাবকরা শিশুর এমন সমস্যাকে অমনোযোগ, অলসতা কিংবা পড়াশোনায় অনীহা বলে মনে করেন। কিন্তু এর পেছনে থাকতে পারে ‘ডিসক্যালকুলিয়া’।
ডিসক্যালকুলিয়া মূলত গণিত শেখার ক্ষেত্রে বিশেষ ধরনের একটি শিখন বৈকল্য। ১৯৪৯ সাল থেকে শব্দটির ব্যবহার শুরু হয়। গ্রিক শব্দাংশ ‘ডিস’ (অর্থ খারাপ) এবং ল্যাটিন শব্দ ‘ক্যালকুলারে’ (অর্থ গণনা করা) থেকে ডিসক্যালকুলিয়া শব্দের উৎপত্তি। এর সামষ্টিক অর্থ দাঁড়ায় ‘খারাপভাবে গণনা করা’।
এই সমস্যায় আক্রান্ত শিশুরা সংখ্যা-সংক্রান্ত সাধারণ তথ্য ও গাণিতিক পদ্ধতি মনে রাখতে পারে না। তাদের অঙ্ক করতেও তুলনামূলক বেশি সময় লাগে। সবচেয়ে বড় সমস্যা হলো, গণিতের মৌলিক ধারণা এবং এর পেছনের যুক্তি বুঝতে অসুবিধা হওয়া। কোনো শিশু হয়ত যোগ-বিয়োগের নিয়ম শিখতে পারে, কিন্তু কেন বা কীভাবে সেই নিয়ম কাজ করে, তা বুঝতে পারে না। আবার কেউ গাণিতিক সমস্যার যুক্তি বুঝলেও কখন এবং কোথায় তা প্রয়োগ করতে হবে, সেটি নির্ধারণ করতে পারে না।
বিশেষজ্ঞদের ধারণা, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রায় ৫ থেকে ৭ শতাংশের মধ্যে ডিসক্যালকুলিয়া থাকতে পারে। তবে, এ সমস্যায় আক্রান্ত শিশুদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করার সুযোগ নেই।
ডিসক্যালকুলিয়ার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে, গবেষণায় জিনগত ও পরিবেশগত কিছু বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়। টার্নারস সিনড্রোম, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, ভেলোকার্ডিওফেসিয়াল সিনড্রোম এবং উইলিয়ামস সিনড্রোমের মতো কিছু জিনগত সমস্যার সঙ্গে ডিসক্যালকুলিয়ার সম্পর্ক থাকতে পারে।
এ ছাড়া, গর্ভাবস্থায় মায়ের মদ্যপান কিংবা মাদকদ্রব্য গ্রহণ শিশুর এ ধরনের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। তবে মনে রাখতে হবে, ডিসক্যালকুলিয়া শিশুর অলসতা, কম বুদ্ধিমত্তা কিংবা অভিভাবকের ভুল লালন-পালনের ফল নয়।
শিশুর বয়স ও শিক্ষার স্তর অনুযায়ী ডিসক্যালকুলিয়ার লক্ষণ ভিন্ন হতে পারে। স্কুলে যাওয়ার আগেই কোনো কোনো শিশুর মধ্যে এর প্রাথমিক লক্ষণ দেখা যায়। যেমন, সংখ্যা গণনা করতে অসুবিধা হওয়া, একই বয়সী অন্য শিশুদের তুলনায় সংখ্যা মনে রাখতে বেশি সময় লাগা কিংবা সংখ্যার প্রতীক চিনতে না পারা। বইয়ে ছাপানো সংখ্যা শনাক্ত করা এবং সংখ্যার প্রতীকের সঙ্গে কথায় লেখা সংখ্যার মিল খুঁজে পাওয়াও তাদের জন্য কঠিন হতে পারে। এমনকি সংখ্যা সম্পর্কে শেখা ধারণার সঙ্গে বাস্তব জীবনের পরিচিত বিষয়গুলোর সম্পর্ক স্থাপনেও তারা সমস্যায় পড়ে।
স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এ সমস্যা আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। এ সময় শিশুরা সংখ্যা ও গাণিতিক চিহ্ন চিনতে, যোগ-বিয়োগ, গুণ-ভাগ করতে কিংবা কথার মাধ্যমে দেওয়া গাণিতিক সমস্যার সমাধান করতে অসুবিধায় পড়ে। দৈর্ঘ্য-প্রস্থের মতো কোনো বস্তুর পরিমাপ নির্ণয়, সময় বলা কিংবা মানসাংক করতেও সমস্যা হতে পারে। টেলিফোন নম্বর মনে রাখাও তাদের জন্য কঠিন হয়ে ওঠে। এমনকি বয়স ও শ্রেণি অনুযায়ী প্রত্যাশিত দক্ষতা অর্জন না করায় মাধ্যমিক পর্যায়েও ছোট ছোট যোগ-বিয়োগের জন্য আঙুল ব্যবহার করতে দেখা যায়। যুক্তি ও পরিকল্পনার প্রয়োজন হয়, এমন খেলাধুলায় অংশগ্রহণেও অনীহা তৈরি হতে পারে।
প্রাপ্তবয়স্ক বয়সেও ডিসক্যালকুলিয়ার প্রভাব থেকে যেতে পারে। দৈনন্দিন জীবনের সাধারণ হিসাব-নিকাশ, যেমন বাজারের মোট খরচ বের করা, ফেরত টাকা হিসাব করা কিংবা রেস্তোরাঁর বিল ভাগ করতেও সমস্যা হতে পারে। রান্নার রেসিপিতে মানুষের সংখ্যা বাড়লে উপকরণের পরিমাণ কতটা বাড়াতে হবে, তা বুঝতেও অসুবিধা হয়। একইভাবে ব্যাংক হিসাব, চেকবুক কিংবা ক্রেডিট কার্ডের লেনদেনের হিসাব রাখা কঠিন হয়ে পড়ে। ফোন নম্বর, লগইন আইডি ও তারিখ মনে রাখা, স্থান-কাল ও দূরত্বের ধারণা বোঝা কিংবা একই সমস্যার একাধিক সমাধান বের করতেও তারা সমস্যায় পড়তে পারেন।
তবে, গণিতে কম নম্বর পাওয়া কিংবা অঙ্ক অপছন্দ করা মানেই ডিসক্যালকুলিয়া নয়। শিশুর গণিত শেখার সমস্যা অন্য কারণেও হতে পারে। যেমন, গণিতের ভিত্তি দুর্বল হওয়া, শিশুর উপযোগী নয় এমন শেখানোর পদ্ধতি, অনুশীলনের অভাব, উদ্বেগ কিংবা মনোযোগের সমস্যা।
ডিসক্যালকুলিয়া শনাক্ত করতে শিশুর সমস্যাগুলো কত দিন ধরে রয়েছে এবং বয়স ও শ্রেণি অনুযায়ী তার গাণিতিক দক্ষতা প্রত্যাশার তুলনায় কতটা পিছিয়ে, তা বিবেচনা করতে হয়। তাই শুধু পরীক্ষার ফলাফল দেখে কোনো শিশুকে ডিসক্যালকুলিয়ায় আক্রান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। প্রয়োজন হলে বিশেষজ্ঞের মাধ্যমে মূল্যায়ন করাতে হবে।
ডিসক্যালকুলিয়ার লক্ষণ দেখা গেলে প্রথমেই অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। শিশুকে বকাঝকা করা কিংবা অন্য শিশুদের সঙ্গে তুলনা করা কোনো সমাধান নয়। বরং এতে গণিতের প্রতি ভয়, উদ্বেগ ও আত্মবিশ্বাসের ঘাটতি আরও বাড়তে পারে। শিশুকে বোঝাতে হবে, গণিতে সমস্যা হওয়া মানে সে অন্যদের তুলনায় কম মেধাবী নয়।
শিশুকে গণিত শেখানোর ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বাস্তব জীবনের পরিচিত উপকরণ ব্যবহার করা যেতে পারে। ফল, সবজি, বাসন কিংবা খেলনার মাধ্যমে সংখ্যা ও যোগ-বিয়োগের ধারণা বোঝানো সহজ হতে পারে। একইভাবে টাকা-পয়সার হিসাব, সময় ও গতির সঙ্গে গণিতের সম্পর্ক তুলে ধরলে শিশু বিষয়গুলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে। শেখানোর সময় ধৈর্য ধরতে হবে এবং ছোট ছোট অগ্রগতিতেও তাকে উৎসাহ দিতে হবে।
শিশুর আত্মবিশ্বাস বাড়াতে তার ভালো গুণ ও পছন্দের কাজগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি স্কুলের শিক্ষকদের সঙ্গে শিশুর সমস্যার বিষয়ে আলোচনা করতে হবে, যাতে শ্রেণিকক্ষে তার জন্য উপযোগী শেখার পরিবেশ তৈরি করা যায়। প্রয়োজনে পরীক্ষায় অতিরিক্ত সময় দেওয়া কিংবা ক্যালকুলেটর ব্যবহারের সুযোগের মতো বিশেষ সুবিধাও বিবেচনা করা যেতে পারে।
এ ধরনের শিখন বৈকল্য শিশুর ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। গণিত নিয়ে দীর্ঘদিনের ব্যর্থতা থেকে উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। পাশাপাশি শিশুর শেখার সমস্যার ধরন বুঝতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের মূল্যায়নও গুরুত্বপূর্ণ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিশুর সমস্যাকে অবহেলা না করে দ্রুত শনাক্ত করা। সঠিক সময়ে উপযুক্ত সহায়তা, ধৈর্য এবং শিশুর প্রয়োজন অনুযায়ী শেখানোর পদ্ধতি নিশ্চিত করা গেলে ডিসক্যালকুলিয়ায় আক্রান্ত শিশুও আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে এবং দৈনন্দিন জীবনের নানা কাজ করতে সক্ষম হবে।
সময়ের আলো/মহু