ছবি : সংগৃহীত একসময় মোবাইল ফোনের সুরক্ষার জন্যই মূলত কভার ব্যবহার করা হতো। ধীরে ধীরে সেই ধারণা বদলেছে। এখন মোবাইল কভার শুধু ফোনকে পড়ে যাওয়া বা আঁচড় থেকে রক্ষা করার উপকরণ নয়, বরং ব্যক্তিগত রুচি ও ফ্যাশন প্রকাশেরও একটি মাধ্যম। পোশাক কিংবা ব্যাগের সঙ্গে মিলিয়ে অনেকেই বেছে নিচ্ছেন পছন্দের ডিজাইনের মোবাইল কভার। বাজারে বিভিন্ন উপকরণে তৈরি মোবাইল কভার পাওয়া যায়। সিলিকন, টিপিইউ, পলিকার্বনেট, পলিউরেথেন লেদার এবং হার্ড প্লাস্টিকের কভার বেশ পরিচিত। সিলিকন ও টিপিইউ কভার তুলনামূলক নরম ও নমনীয়। অন্যদিকে পলিকার্বনেট ও হার্ড প্লাস্টিকের কভার শক্ত হওয়ায় এতে প্রিন্ট, রঙিন নকশা ও বিভিন্ন ধরনের ডেকোরেশন করা সহজ। লেদারের কভার দেখতে কিছুটা আভিজাত্যপূর্ণ।
কভারের উপকরণের পাশাপাশি এর ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। সাধারণ প্রিন্টেড কভার থেকে শুরু করে স্টোন, পুঁতি, মুক্তা, কার্টুন, ফুল, ফিতা ও থ্রিডি নকশার কভার এখন বেশ জনপ্রিয়। বিশেষ করে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট টিপিইউ এবং হার্ড প্লাস্টিকের কভারের ওপর স্টোন, মুক্তা ও পুঁতি বসিয়ে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় ডিজাইন। ছোট-বড় বিভিন্ন আকারের স্টোন দিয়ে তৈরি করা হচ্ছে ফুল, প্রজাপতি, হার্ট কিংবা জ্যামিতিক নকশা। কোনো কভারে আবার পুরোটা জুড়েই থাকছে মুক্তা বা পুঁতির সাজ। এসব কভার দেখতে অনেকটা গহনার মতো। কার্টুনপ্রেমীদের জন্যও রয়েছে নানা আয়োজন।
জনপ্রিয় অ্যানিমেশন চরিত্র, টেডি বিয়ার, বিড়াল, খরগোশ কিংবা মজার সব কার্টুনের ছবি দিয়ে তৈরি হচ্ছে কভার। এসব ডিজাইন সাধারণত হার্ড প্লাস্টিক, পলিকার্বনেট কিংবা সিলিকন কভারে প্রিন্ট করা হয়। আবার কিছু কভারে থ্রিডি রাবার বা নরম প্লাস্টিকের কার্টুন চরিত্র আলাদাভাবে লাগানো থাকে। তরুণ-তরুণীদের মধ্যে এ ধরনের কভারের চাহিদা বেশি। এ ছাড়া ফিতা, লেস, ছোট কৃত্রিম ফুল, বো, চার্ম ও ঝুলন্ত পুতুল দিয়েও সাজানো হচ্ছে মোবাইল কভার। বিশেষ করে স্বচ্ছ কভারের ভেতরে ছোট ছবি, রঙিন কাগজ কিংবা শুকনো ফুলের নকশা রেখে তৈরি করা হচ্ছে ভিন্নধর্মী ডিজাইন। রেজিনের কাজ করা কভারও নজর কাড়ছে। এতে বিভিন্ন ছোট ডেকোরেটিভ উপকরণ স্বচ্ছ রেজিনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়। ফলে কভারে তৈরি হয় আলাদা একটি থ্রিডি লুক।
বর্তমানে কাস্টমাইজড মোবাইল কভারের চাহিদাও বাড়ছে। কেউ কেউ নিজের পছন্দের রং ও উপকরণ বেছে দিয়ে আলাদাভাবে ডিজাইন করিয়ে নিচ্ছেন। জন্মদিন, ভালোবাসা দিবস কিংবা বিশেষ কোনো উপলক্ষে ব্যক্তিগত ডিজাইনের মোবাইল কভার উপহার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে।
মডেলভেদেও কভারের ডিজাইনে রয়েছে ভিন্নতা। আইফোন, স্যামসাং, শাওমি, ভিভো, অপোসহ বিভিন্ন ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের জন্য তৈরি হচ্ছে আলাদা কভার। ফোনের ক্যামেরার অবস্থান, বাটন ও চার্জিং পোর্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব কভার তৈরি করা হয়।
তবে কভার কেনার সময় শুধু বাহ্যিক সৌন্দর্য দেখলেই চলবে না। কভারের উপাদান, স্থায়িত্ব, ফোনের সুরক্ষা এবং ক্যামেরা ও চার্জিং পোর্টের কাটিং ঠিক আছে কি না তা দেখে নেওয়া প্রয়োজন। নিজের পছন্দ, রুচি ও সৃজনশীলতার ছোঁয়ায় সাধারণ একটি মোবাইল কভারও হয়ে উঠতে পারে আকর্ষণীয় ফ্যাশন অনুষঙ্গ।
সময়ের আলো/প্রিন্ট/জেডি