কর্নেল ডা. নাজমুল হুদা খান (অব.)
ছবি : সংগৃহীত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পাদদেশে পৌঁছানো পর্বতপ্রেমীদের কাছে এক স্বপ্নের নাম। সেই স্বপ্ন পূরণের যাত্রা শুধু পাহাড় জয় নয়, বরং প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ, নিজের শারীরিক সক্ষমতা যাচাই এবং মানসিক দৃঢ়তাকে নতুনভাবে আবিষ্কারের অভিজ্ঞতা। ঢাকা থেকে শুরু হয়ে নেপালের হিমালয় অঞ্চলে বিস্তৃত এই অভিযান প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ, বিস্ময় আর চ্যালেঞ্জে ভরা।
ঢাকা থেকে বিমানে প্রথমে নেপালের রাজধানী কাঠমান্ডু। সেখান থেকে সড়কপথে প্রায় ১২০ কিলোমিটার পাড়ি দিয়ে রামছেপ। এরপর ছোট বিমানে হিমালয়ের দুর্গম পাহাড়ি জনপদ লুকলায় পৌঁছে যাই। পাহাড়ের খাড়া ঢালে অবস্থিত তেনজিং-হিলারি বিমানবন্দর বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে পরিচিত। ছোট রানওয়ে, পাহাড়ি আবহাওয়া ও আকস্মিক বাতাসে বিমান অবতরণের অভিজ্ঞতা যাত্রার শুরুতেই বাড়িয়ে দেয় রোমাঞ্চ।
লুকলা থেকেই শুরু হয় মূল ট্রেকিং। অভিজ্ঞ শেরপার নেতৃত্বে চার-পাঁচ ঘণ্টা হেঁটে পৌঁছাতে হয় ফাকডিংয়ে। পরের দিন দুধকোশী নদী, ঝুলন্ত সেতু এবং পাইন ও রডোডেনড্রন বনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নামচে বাজারের পথ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। এরপর খাড়া পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছাতে হয় টেংবুচিতে। পাহাড়ের চূড়ায় অবস্থিত বিখ্যাত বৌদ্ধ মঠ এবং চারপাশের বরফঢাকা পর্বতশৃঙ্গ এক অসাধারণ দৃশ্য তৈরি করে।
ডিংবুচি, লবুচি হয়ে যতই সামনে এগোনো যায়, ততই বাড়তে থাকে উচ্চতা ও শীতের তীব্রতা। কমে আসে গাছপালা, পাতলা হয়ে যায় বাতাস। প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতার ডিংবুচিতে শরীরকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বিরতি ও উচ্চতা অভিযোজন জরুরি।
অবশেষে গোরাকশেপ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছালাম এভারেস্ট বেস ক্যাম্পে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এই ক্যাম্পের চারপাশে হিমবাহ, বরফের স্তূপ আর সুউচ্চ পর্বতশৃঙ্গ। বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সেই মুহূর্ত সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
ফেরার পথেও অপেক্ষা করছিল নতুন চ্যালেঞ্জ। প্রায় ৫ হাজার ৪২০ মিটার উচ্চতার বরফাচ্ছন্ন চোলা পাস অতিক্রম করতে হয় দীর্ঘ ১১ ঘণ্টার পদযাত্রায়। এরপর থাংনাক হয়ে গোকিও উপত্যকা। নীলাভ স্বচ্ছ পানির গোকিও লেক, বিশাল নোগোজুম্পা হিমবাহ ও চারপাশের তুষারাবৃত পাহাড় যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। পরে ফোর্তসে থাংগা ও মনেজা হয়ে আবার লুকলায় ফেরা।
এই অভিযানে পথে বিভিন্ন টি-হাউস বা পাহাড়ি লজে থাকার ব্যবস্থা রয়েছে। খাবারের তালিকায় থাকে ভাত, ডাল, সবজি, নুডলস, স্যুপ, ডিম, আলু ও মোমো। বিমান ভাড়া, গাইড, পোর্টার, আবাসন, খাবার ও অনুমতিপত্রসহ জনপ্রতি আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা বা তার বেশি খরচ হতে পারে।
তবে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং ঝুঁকিমুক্ত নয়। উচ্চতাজনিত অসুস্থতা, হাইপোথার্মিয়া, তুষারঝড় ও দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই আগে থেকে শারীরিক প্রস্তুতি, নিয়মিত হাঁটার অভ্যাস, উপযুক্ত পোশাক, ট্রেকিং বুট, প্রয়োজনীয় ওষুধ ও ভ্রমণবীমা নিশ্চিত করা জরুরি। উচ্চতার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়া এবং অসুস্থ বোধ করলে নিচে নেমে আসাও গুরুত্বপূর্ণ। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো মানেই এভারেস্টের চূড়ায় ওঠা নয়। তবু এই যাত্রা এক অনন্য অর্জন। হিমালয়ের বিশালতার সামনে দাঁড়িয়ে উপলব্ধি হয়, প্রকৃতির কাছে মানুষ কত ক্ষুদ্র। আবার স্বপ্ন, সাহস ও প্রস্তুতি থাকলে সেই মানুষই কত অসাধ্য পথ পাড়ি দিতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি