স্ত্রীকে মুগ্ধ করতে গিয়ে দৃষ্টিশক্তি কমছে পুরুষ পাখির

সময়ের আলো ডেস্ক

ফিচার

স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে পুরুষ পাখিরা নানা রকম বাহারি সাজে নিজেদের সাজায়। কারও থাকে রঙিন পালক, কারও মাথায় শোভা পায়

2026-11-11T12:34:16+00:00
2026-11-11T12:39:19+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ফিচার
স্ত্রীকে মুগ্ধ করতে গিয়ে দৃষ্টিশক্তি কমছে পুরুষ পাখির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ১২:৩৯ পিএম
গোল্ডেন ফিজ্যান্ট। ছবি : সংগৃহীত
স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে পুরুষ পাখিরা নানা রকম বাহারি সাজে নিজেদের সাজায়। কারও থাকে রঙিন পালক, কারও মাথায় শোভা পায় লম্বা ঝুঁটি। তবে, সৌন্দর্য বাড়ানোর এই বিশেষ বৈশিষ্ট্যই বিপাকে ফেলছে দুই প্রজাতির পুরুষ পাখিকে। মাথার ঘন ও লম্বা পালকের কারণে তাদের দুই চোখের সম্মিলিত দৃষ্টিসীমা বা দ্বিনেত্র দৃষ্টিশক্তি স্ত্রী পাখিদের তুলনায় গড়ে ৪১ দশমিক ৩ শতাংশ কমে যাচ্ছে।

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গোল্ডেন ফিজ্যান্ট ও লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্ট প্রজাতির পাখির ওপর গবেষণাটি পরিচালনা করেন বিজ্ঞানীরা।

লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্ট। ছবি : সংগৃহীত

লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্ট। ছবি : সংগৃহীত


এই দুই প্রজাতির পুরুষ পাখির মাথায় লম্বা ও ঘন পালক থাকে। দূর থেকে দেখতে অনেকটা পরচুলার মতো মনে হয়। গলার চারপাশেও রয়েছে বিশেষ ধরনের পালকের আবরণ। মূলত স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্যই পুরুষ পাখিদের শরীরে এসব বাহারি বৈশিষ্ট্যের বিবর্তন ঘটেছে বলে ধারণা গবেষকদের। তবে, এই সাজ তাদের দৃষ্টিসীমা সংকুচিত করছে।

গবেষণার তথ্য অনুযায়ী, পুরুষ গোল্ডেন ফিজ্যান্টের দ্বিনেত্র দৃষ্টিসীমার উল্লম্ব বিস্তার ৭৫ ডিগ্রি। বিপরীতে স্ত্রী পাখির ক্ষেত্রে তা ১০৫ ডিগ্রি। একইভাবে পুরুষ লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্টের ক্ষেত্রে এই বিস্তার ৭০ ডিগ্রি হলেও স্ত্রী পাখির ক্ষেত্রে ১১০ ডিগ্রি।

দুই প্রজাতির তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে দেখা গেছে, পুরুষ পাখিদের দ্বিনেত্র দৃষ্টিসীমা স্ত্রী পাখিদের তুলনায় গড়ে ৪১ দশমিক ৩ শতাংশ কম। শুধু তা-ই নয়, পুরুষ পাখিদের অন্ধ দৃষ্টিক্ষেত্রও স্ত্রী পাখিদের চেয়ে ১৩৭ শতাংশ বেশি। অর্থাৎ, মাথার বিশেষ পালকের কারণে আশপাশের পরিবেশের বড় একটি অংশ তাদের চোখের আড়ালে থেকে যায়।


দৃষ্টিসীমা কমে যাওয়ায় পুরুষ পাখিদের শিকারির উপস্থিতি শনাক্ত করা কঠিন হতে পারে। বিশেষ করে মাটিতে খাবার খোঁজার সময় মাথা নিচু করে রাখলে ওপর থেকে আসা শিকারির গতিবিধি বুঝতে সমস্যা হতে পারে। এতে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। ফলে, স্ত্রী পাখিকে আকৃষ্ট করার জন্য বিবর্তিত বাহারি পালকই শেষ পর্যন্ত তাদের আত্মরক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

গবেষণার অন্যতম প্রধান গবেষক স্টিভ পর্তুগাল ও তার সহকর্মীরা জানিয়েছেন, এই দুই প্রজাতির পুরুষ ও স্ত্রী পাখির দৃষ্টিসীমার এমন পার্থক্য আগে নথিভুক্ত হয়নি। বিষয়টি পর্যবেক্ষণ করতে গবেষকেরা পাখির চোখে আলো ফেলেন। এরপর চোখ থেকে প্রতিফলিত আলোর সাহায্যে চারপাশে তাদের দৃষ্টিসীমা পরিমাপ করেন।

গোল্ডেন ফিজ্যান্ট। ছবি : সংগৃহীত

গোল্ডেন ফিজ্যান্ট। ছবি : সংগৃহীত


গবেষকদের ধারণা, স্ত্রী পাখিকে আকৃষ্ট করার প্রয়োজন থেকেই পুরুষ পাখিদের মাথায় বিশেষ ধরনের পালকের বিবর্তন ঘটেছে। প্রাণিজগতে সঙ্গী আকৃষ্ট করতে প্রাণীদের শরীরে আকর্ষণীয় রং, পালক কিংবা শারীরিক বৈশিষ্ট্য গড়ে ওঠার নজির রয়েছে। তবে, এ ধরনের বৈশিষ্ট্য অনেক সময় প্রাণীর স্বাভাবিক চলাফেরা ও আত্মরক্ষার ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণায় কাছাকাছি সম্পর্কযুক্ত সিলভার ফিজ্যান্ট ও গ্রিন ফিজ্যান্ট প্রজাতির পাখির দৃষ্টিসীমাও পরীক্ষা করা হয়। তবে, এসব প্রজাতির পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে একই ধরনের উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।

গবেষকদের মতে, গোল্ডেন ফিজ্যান্ট ও লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্টের পুরুষ পাখিদের ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য কেন তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে, এ দুই প্রজাতি সাধারণত ঘন বনাঞ্চলে বসবাস করে। সেখানে গাছপালা ও ঝোপঝাড়ের কারণে দূরের দৃশ্য এমনিতেই স্পষ্ট দেখা যায় না। ফলে, মাথার পালকের কারণে দৃষ্টিসীমা সংকুচিত হলেও তাদের ওপর এর প্রভাব তুলনামূলক কম হতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘বায়োলজি লেটার্স’ সাময়িকীতে। এর শিরোনাম ‘দ্য ভিজ্যুয়াল ইমপেডিমেন্ট অব ক্রেনিয়াল অর্নামেন্টেশন ইন মেল ক্রাইসোলোফাস ফিজ্যান্টস’।

সময়ের আলো/মহু 
  বিষয়:   পাখি  গোল্ডেন ফিজ্যান্ট  লেডি অ্যামহার্স্টস ফিজ্যান্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: