শীতে উত্তরবঙ্গের পথে, দেখার আছে কত কী

সময়ের আলো ডেস্ক

ফিচার

শীত মানেই ভ্রমণের বাড়তি আমেজ। বর্ষার কাদামাটি কিংবা গ্রীষ্মের তীব্র গরমের বিড়ম্বনা না থাকায় এ সময় দেশের এক প্রান্ত থেকে

2026-11-11T12:02:34+00:00
2026-11-11T12:43:45+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ফিচার
শীতে উত্তরবঙ্গের পথে, দেখার আছে কত কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০২ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ১২:৪৩ পিএম
উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছড়িয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির বৈচিত্র্য হতে পারে শীতের ভ্রমণে দারুণ গন্তব্য। গ্রাফিক : সময়ের আলো
শীত মানেই ভ্রমণের বাড়তি আমেজ। বর্ষার কাদামাটি কিংবা গ্রীষ্মের তীব্র গরমের বিড়ম্বনা না থাকায় এ সময় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান ভ্রমণপিপাসুরা। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছড়িয়ে থাকা ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির বৈচিত্র্য হতে পারে শীতের ভ্রমণে দারুণ গন্তব্য। 


রংপুর

পায়রাবন্দ, দেবী চৌধুরানীর রাজবাড়ি, তাজহাট জমিদার বাড়ি- রংপুর গেলে এসব স্থান অবশ্যই ঘুরে আসা উচিত। পায়রাবন্দ হচ্ছে মিঠাপুকুর উপজেলার একটি গ্রাম, যেখানে মহিয়সী নারী বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। তার সম্মানার্থে পায়রাবন্দ গ্রামে ৩ দশমিক ১৫ একর জমিতে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। যার ভেতর রয়েছে নান্দনিক বাগান, ডরমেটরি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরি, গেস্ট হাউস প্রভৃতি।


দেবী চৌধুরানীর রাজবাড়িটি রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত। ৩২০ বছর আগে ২৮ একর জায়গার ওপর খাল, পুকুর এবং ফসলি জমি বেষ্টিত এ জমিদার বাড়ি নির্মাণ করা হয়। ঐতিহাসিকভাবে বাড়িটি খুব সমাদৃত। কেননা, ইতিহাসে দেবী চৌধুরানী বহুল সুপরিচিত নাম।

রংপুর জেলার কথা ভাবলেই প্রথম যে চিত্র চোখে ভেসে ওঠে, তা তাজহাট জমিদার বাড়ি। শ্বেতশুভ্র বিশাল বাড়িটি সদর উপজেলাতেই অবস্থিত। রংপুর ভ্রমণে গেলে অবশ্যই জায়গাটি ঘুরে আসা উচিত।


পঞ্চগড়

শীতের প্রারম্ভ পঞ্চগড় ভ্রমণের উপযুক্ত সময়। অক্টোবর-নভেম্বরে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলে এ সময়টায় এখানে পর্যটকদের আনাগোনা বেশি থাকে। উল্লেখ্য, পঞ্চগড়ের ডাকবাংলো থেকে কাঞ্চজঙ্ঘার দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যায়। এ ছাড়া পঞ্চগড়ে আরও আছে কাজী টি এস্টেট, জিরো পয়েন্ট, ভিতরগড় দুর্গনগরী, মহারাজার দিঘি, রকস মিউজিয়াম, আটোয়ারী ইমামবাড়া, জগবন্ধু ঠাকুরবাড়ি, গোলকধাম মন্দির প্রভৃতি স্থান।


লালমনিরহাট

এ জেলার কিছু দর্শনীয় স্থান হচ্ছে- তুষভাণ্ডার জমিদার বাড়ি, কাকিনা জমিদার বাড়ি, শালবন, তিন বিঘা করিডোর, তিস্তা ব্যারেজ, বুড়িমারি স্থলবন্দর ও জিরো পয়েন্ট, ভূমি গবেষণা জাদুঘর ইত্যাদি। তুষভাণ্ডার জমিদার বাড়িটি কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, যা ৪০০ বছরের পুরোনো।

কালীগঞ্জ উপজেলারই আরেকটি জমিদার বাড়ি হচ্ছে কাকিনা জমিদার বাড়ি। এটি কাকিনা গ্রামে অবস্থিত এবং এটিও ৪০০ বছরের পুরোনো।


লালমনিরহাটে রয়েছে অনেক শালবন। অনেক পর্যটক শুধুমাত্র শালবন দেখার জন্যেও লালমনিরহাটে যায়। এছাড়া, পাটগ্রাম উপজেলার সীমান্তে রয়েছে একটি স্বতন্ত্রভূমি, যা তিন বিঘা করিডোর নামে পরিচিত। এটি ঠিক পর্যটন স্থান না হলেও অনেকে কৌতূহলবশত এখানে ঘুরতে যায়, স্বচক্ষে দেখে আসে এখানকার মানুষের জীবনযাত্রা।


কুড়িগ্রাম

এ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো- উলিপুর মুন্সিবাড়ি, নাওডাঙ্গা জমিদার বাড়ি, চান্দামারী মসজিদ, পাঙ্গা জমিদার বাড়ি, ভেতরবন্দ জমিদার বাড়ি, জয়মনিরহাট জমিদার বাড়ি প্রভৃতি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার উলিপুর মুন্সিবাড়িটির নান্দনিক স্থাপত্যশৈলী পর্যটকদের আকর্ষণ করে। অন্যদিকে, নাওডাঙ্গা জমিদার বাড়ির অবস্থান ফুলবাড়ি উপজেলায়। এ বাড়িও বড় পরিসরে নির্মিত। এছাড়া, রাজারহাট উপজেলার চান্দামারী মসজিদটি মোগল ও সুলতানী স্থাপত্যকলার আদলে নির্মিত অনন্য এক স্থাপনা।


ঠাকুরগাঁও

বালিয়া মসজিদ, লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘর, রাজা টংনাথের বাড়ি- এসব হচ্ছে ঠাকুরগাঁও জেলার দর্শনীয় কিছু স্থান। লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘরটি ঠাকুরগাঁও জেলা সদর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত। প্রান্তিক মানুষের জীবনবৈচিত্র ও গ্রামীণ লোকজ সংস্কৃতি তুলে ধরা এবং সংরক্ষণ করা হয়েছে এখানে।


দিনাজপুর

জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হচ্ছে- দিনাজপুর রাজবাড়ি, রামসাগর, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্বপ্নপুরী ইত্যাদি। দিনাজপুর রাজবাড়ির অবস্থান দিনাজপুর সদরেই। অন্যদিকে, জেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত রামসাগর মানবসৃষ্ট দিঘী। এছাড়া, স্বপ্নপুরী দিনাজপুর উপজেলার নবাবগঞ্জ উপজেলায় একটি বিনোদন পার্ক। শীত মৌসুমে এখানে বেশ ভিড় হয়।


নীলফামারী

চিনি মসজিদ, ক্যাথলিক গীর্জা, হরিশ্চন্দ্রের পাঠ, ধর্মপালের গড় নীলফামারী জেলার উল্লেখযোগ্য স্থান। কলকাতা থেকে মর্মর পাথর ও চিনামাটি এনে নান্দনিক স্থাপত্যশৈলীতে চিনি মসজিদটি নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, হরিশ্চন্দ্রের পাঠ মূলত একটি রাজবাড়ির ধ্বংসাবশেষ, যা জলঢাকা উপজেলায় অবস্থিত।


রাজশাহী

রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও পরিপাটি শহর। শহরের উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান হচ্ছে- বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মা গার্ডেন, মুক্তমঞ্চ, টি বাঁধ, সেন্ট্রাল পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি। এছাড়া, রাজশাহীর অন্যান্য উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেক দর্শনীয় স্থান। শহরের বিভিন্ন জায়গায় সময় কাটানো এবং দেখার জন্য পর্যাপ্ত স্থান রয়েছে।

এছাড়া, পুঠিয়া উপজেলায় রয়েছে পুঠিয়া রাজবাড়ি, বাগমারা উপজেলাতে আছে হাজারদুয়ারী জমিদার বাড়ি। বাঘা উপজেলায় আছে ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ।


চাঁপাইনবাবগঞ্জ

এই জেলা আমের জন্য বিখ্যাত হলেও কিছু বছর ধরে আলপনা গ্রামের কারণে নতুন করে জনপ্রিয়তা পেয়েছে এবং পর্যটকদের আনাগোনাও বেড়েছে। এ জেলায় ঘুরতে গেলে দেখে নিতে পারেন বাবু ডাইং, আলপনা গ্রাম, নাচোল রাজবাড়ি, কোতোয়ালী দরওয়াজা, ছোট সোনা মসজিদ, তোহাখানা কমপ্লেক্স, দারাসবাড়ি মসজিদ প্রভৃতি। এখানকার বেশ কিছু টিলায় আদিবাসীরাও বসবাস করেন। অবারিত গাছপালা, পাখপাখালির ডাকাডাকি, আদিবাসীদের জীবনবৈচিত্র দর্শনার্থীদের মুগ্ধ করে। আলপনা গ্রামটি নাচোল উপজেলায় অবস্থিত। এ গ্রামের সৌন্দর্যের টানে সারা দেশ থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসু মানুষেরা।


নাটোর

নাটোরের কিছু দর্শনীয় স্থান হচ্ছে- রানী ভবানীর রাজবাড়ি, উত্তরা গণভবন, চলনবিল ইত্যাদি। রানী ভবানীর রাজবাড়ি নাটোর রাজবাড়ি হিসেবেও পরিচিত। দিঘাপাতিয়া রাজবাড়িটি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। নাটোরের আরও একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে চলনবিল। শীত মৌসুমে চলনবিল জুড়ে আদিগন্ত বিস্তৃত সরিষা ফুল ফুটে থাকে। চলনবিলের এই মোহনীয় রূপের টানে পর্যটকরা এ মৌসুমে চলনবিল দেখতে আসে।


বগুড়া

বগুড়া জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে মহাস্থানগড়, খেরুয়া মসজিদ, রানী ভবানীর পৈতৃক নিবাস, ভীমের জাঙ্গাল, ভাসু বিহার, গোকুল মেধ প্রভৃতি। বগুড়া জেলার সবচেয়ে আইকনিক জায়গা হচ্ছে মহাস্থানগড়। করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড়ের অবস্থান। এই মহাস্থানগড়ই ছিল প্রাচীন বাংলার রাজধানী। এর ভেতর রয়েছে মৌর্য, গুপ্ত, পাল, সেন বিভিন্ন শাসনকালের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ২০১৬ সালে মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।


সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় ঘুরে আসতে পারেন রবীন্দ্র কাছারি বাড়ি, নবরত্ন মন্দির, বঙ্গবন্ধু যমুনা ইকোপার্ক, যমুনা সেতু ইত্যাদি। উল্লাপাড়া উপজেলায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির। তাছাড়া, শীতে উল্লাপাড়ায় আদিগন্ত বিস্তৃত সরিষা ফুলের দেখা মেলে।


জয়পুরহাট

জয়পুরহাটে গেলে যেসব স্থান ঘুরে দেখা যেতে পারে, সেগুলো হচ্ছে লকমা রাজবাড়ি, পাগলা দেওয়ান বধ্যভূমি, নান্দাইল দীঘি ইত্যাদি। বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা পাঁচবিবি। সেই উপজেলাতেই লকমা রাজবাড়ির অবস্থান। ৩০০ বছর পূর্বে রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল। এছাড়া, জয়পুরহাট জেলার কালাই উপজেলায় নান্দাইল দীঘির অবস্থান, যার দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার। ১৬১০ সালে এ দিঘি খনন করা হয়েছিল।


নওগাঁ

নওগাঁ জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বলিহার রাজবাড়ি, দুবলহাটি জমিদারবাড়ি, পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, রবি ঠাকুরের কুঠিবাড়ি, ভবানীপুর জমিদার বাড়ি ইত্যাদি। পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার সবচেয়ে দর্শনীয় একটি স্থান। এটি একটি প্রাচীন বৌদ্ধবিহার, যা সোমপুর বিহার হিসেবেও পরিচিত এবং এর অবস্থান বদলগাছি উপজেলায়। ১৯৮৫ সালে এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করে।

সময়ের আলো/মহু
  বিষয়:   শীত  ভ্রমণ  পর্যটন  উত্তরবঙ্গ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: