যে ঢাকা রাতে ঘুমায় না দিনের ব্যস্ততা কমে এলেও থেমে থাকে না রাজধানীর জীবন। কোথাও খাবারের দোকানে আড্ডা, কোথাও চায়ের কাপে গল্প, আবার কোথাও বন্ধুদের নিয়ে রাতের খাবার। গুলশান থেকে পুরান ঢাকা, মিরপুর থেকে মোহাম্মদপুর— রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার পরিচিত এলাকাগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়।
ঢাকা এমন এক শহর, যেখানে রাত নামলেই সবকিছু থেমে যায় না। দিনের যানজট, অফিসের ব্যস্ততা, স্কুল-কলেজের কোলাহল একটু একটু করে কমে আসে। কিন্তু শহরের কিছু এলাকায় তখনো মানুষের আনাগোনা থাকে। কেউ অফিস শেষে বন্ধুদের সঙ্গে দেখা করতে বের হন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেতে যান, আবার কেউ দীর্ঘদিনের অভ্যাসে রাতের চায়ের আড্ডায় মেতে ওঠেন। বিশেষ করে ছুটির দিন ও সাপ্তাহিক বন্ধের আগের রাতে এসব এলাকায় মানুষের উপস্থিতি বেশি চোখে পড়ে।
রাতের ঢাকার এই ব্যস্ততার পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন গল্প। কোথাও আধুনিক রেস্তোরাঁ, কোথাও পুরোনো দিনের খাবারের দোকান, আবার কোথাও রাস্তার পাশের চায়ের স্টলই মানুষের প্রধান আকর্ষণ।
রাতের খাবারের কথা বলতে গেলে পুরান ঢাকার কথা আলাদা করে বলতে হয়। বিশেষ করে নাজিরাবাজার, চকবাজার, বংশাল ও আশপাশের এলাকায় রাতের খাবারের জন্য মানুষের ভিড় দেখা যায়। দিনের তুলনায় রাতের পরিবেশ এখানে কিছুটা আলাদা। সরু রাস্তার দুই পাশে খাবারের দোকান, কাবাবের চুলা থেকে ওঠা ধোঁয়া, বিরিয়ানির সুবাস আর মানুষের হাঁকডাকে তৈরি হয় অন্যরকম আবহ।
নাজিরাবাজারে কাচ্চি বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও, বোরহানি, কাবাব ও বিভিন্ন ধরনের মাংসের পদ পাওয়া যায়। পাশাপাশি রয়েছে নেহারি, হালিম, বিফ চাপ, পরোটা ও লাচ্ছির দোকান। অনেকেই পরিবার বা বন্ধুদের নিয়ে দূর-দূরান্ত থেকে এখানে আসেন শুধু পছন্দের খাবার খেতে। হানিফ বিরিয়ানি ও আশপাশের পরিচিত খাবারের দোকানগুলোও এ এলাকার খাবারপ্রেমীদের কাছে পরিচিত।
রাতের ঢাকায় জমজমাট এলাকার কথা উঠলে প্রথমেই আসে গুলশান ও বনানীর নাম। বিশেষ করে বনানীর ১১ নম্বর সড়ক, ২৭ নম্বর সড়ক এবং গুলশান-২ এলাকার রেস্তোরাঁগুলো সন্ধ্যার পর থেকেই সরগরম হয়ে ওঠে। তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী ও বন্ধুদের দল এখানে সময় কাটাতে আসেন। কেউ অফিস শেষে রাতের খাবার খেতে আসেন, কেউ আবার কফির কাপে চুমুক দিতে দিতে দীর্ঘ সময় গল্প করেন।
এখানকার খাবারের দোকানগুলোতেও রয়েছে বৈচিত্র্য। বার্গার, পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ, গ্রিলড চিকেন, কোরিয়ান, চাইনিজ ও থাই খাবারের পাশাপাশি পাওয়া যায় দেশি খাবারও। বনানীর ১১ নম্বর সড়কের বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁ তরুণদের কাছে বেশ জনপ্রিয়। গুলশানেও রয়েছে ছাদে বসে খাবার খাওয়ার ব্যবস্থা, কফিশপ এবং নানা ধরনের রেস্তোরাঁ।
মোহাম্মদপুরের রিং রোড, তাজমহল রোড, খিলজি রোড, বছিলা ও আশপাশের এলাকায় রাতের বেলায় মানুষের উপস্থিতি চোখে পড়ে। আবাসিক এলাকা হওয়ায় এখানে পরিবার, বন্ধু ও তরুণদের আনাগোনা বেশি। অনেকেই রাতের খাবার বাইরে খেতে পছন্দ করেন। আবার কেউ কেনাকাটা বা অন্যান্য কাজ শেষে পরিচিত রেস্তোরাঁয় বসে সময় কাটান।
এখানে বিরিয়ানি, কাচ্চি, ফাস্টফুড, পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই, চাইনিজ খাবার ও কফির দোকান রয়েছে। খিলজি রোডের আশপাশে বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফে পাওয়া যায়। যেমন অ্যারোমা রোস্টার্স, লখনউই এবং রিং রোডের বিভিন্ন খাবারের দোকান। কিছু বিরিয়ানির দোকানে আবার ভোর পর্যন্ত খাবার পরিবেশন করা হয়।
মিরপুরের ১, ২, ১০, ১১ ও ১২ নম্বর এলাকা রাতের বেলায়ও বেশ ব্যস্ত থাকে। বিশেষ করে মিরপুর-১০ গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও পল্লবী এলাকায় সন্ধ্যার পর থেকে মানুষের আনাগোনা বাড়ে। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফেরা মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের কারণে এসব এলাকায় রাতেও একটি ব্যস্ত পরিবেশ থাকে।
মিরপুরে রাস্তার পাশের খাবারের দোকান থেকে শুরু করে বড় রেস্তোরাঁ—সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। ফুচকা, চটপটি, ঝালমুড়ি, হটডগ, বার্গার, চিকেন ফ্রাই, কাবাব, বিরিয়ানি ও পরোটার দোকান দেখা যায়।
ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর রাতের ঢাকার পরিচিত আড্ডার জায়গা। সন্ধ্যার পর অনেকেই হাঁটতে, ছবি তুলতে কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এখানে আসেন। কেউ লেকের পাশে বসে গল্প করেন, কেউ আবার আশপাশের খাবারের দোকানে গিয়ে ফুচকা, চটপটি, ঝালমুড়ি ও চা খান।
ধানমন্ডির সাতমসজিদ রোড, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকাতেও রয়েছে নানা ধরনের রেস্তোরাঁ ও ক্যাফে। এখানে পিৎজা, বার্গার, পাস্তা, কফি, কাবাব, চাইনিজ ও দেশি খাবারের দোকান পাওয়া যায়। তরুণদের পাশাপাশি পরিবার নিয়েও অনেকেই এসব জায়গায় আসেন।
রাজধানীর উত্তরা এলাকাতেও রাতের জীবন বেশ বৈচিত্র্যময়। বিশেষ করে সেক্টর ৩, ৪, ৭, ১১ ও ১৩-এর বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে এবং খাবারের দোকান সন্ধ্যার পর জমে ওঠে। রাজলক্ষ্মী, হাউস বিল্ডিং, জসীমউদ্দীন রোড ও দিয়াবাড়ী এলাকায় মানুষের চলাচল থাকে।
উত্তরার রেস্তোরাঁগুলোতে বিরিয়ানি, কাচ্চি, চাইনিজ, থাই, পিৎজা, বার্গার ও গ্রিলের পাশাপাশি বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও কফি পাওয়া যায়। দিয়াবাড়ীর খোলা পরিবেশে সন্ধ্যায় ঘুরতে আসেন অনেকে। ঘোরাঘুরি শেষে আশপাশের খাবারের দোকানে বসে সময় কাটান। তবে রাত গভীর হলে দিয়াবাড়ীর মতো খোলা জায়গায় মানুষের উপস্থিতি কমে আসে।
৩০০ ফিটের নীলা মার্কেট রাতের খাবারপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এখানে ফুচকা, চটপটি, বার্গার, পিৎজা, কাবাব, গ্রিল, বিরিয়ানি, চা-কফিসহ নানা ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। বিশেষ করে দেশি হাঁসের ভুনা, গরু ও মুরগির ভুনা, চাপটি, চিতই পিঠা, রুমালি রুটি, ভর্তা ও মিষ্টির চাহিদা বেশি। বন্ধুরা কিংবা পরিবারের সদস্যরা মিলে রাতের বেলা নীলা মার্কেটে চলে যান হাঁসের মাংস ও চাপটি খেতে। বিকেল থেকে ভোর পর্যন্ত দোকানগুলো জমজমাট থাকে।
রাজধানীর আরও কয়েকটি এলাকায় রাতের ব্যস্ততা দেখা যায়। ফার্মগেট ও কারওয়ান বাজারে রাতের দিকে কর্মজীবী মানুষ, পরিবহনকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের চলাচল থাকে। বিশেষ করে কারওয়ান বাজারে রাতের বাণিজ্যিক কার্যক্রমের কারণে অনেক সময় গভীর রাতেও ব্যস্ততা চোখে পড়ে। আশপাশে চা, পরোটা, ডাল, ডিম, ভাত, বিরিয়ানি ও হালকা খাবারের দোকান পাওয়া যায়।
অন্যদিকে বেইলি রোডের রেস্তোরাঁগুলো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খাবারপ্রেমীদের আকর্ষণ করে। এখানে দেশি খাবারের পাশাপাশি ফাস্টফুড, পিৎজা, কাবাব, চাইনিজ ও বিভিন্ন ধরনের মিষ্টান্নের দোকান রয়েছে। পরিবারের সদস্য কিংবা বন্ধুদের নিয়ে রাতের খাবার খেতে অনেকেই এই এলাকায় আসেন।
রাতের ঢাকায় মানুষের উপস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ জীবনযাত্রার পরিবর্তন। অনেকের কর্মঘণ্টা শেষ হয় সন্ধ্যায়। যানজট পেরিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এরপর রান্নার ঝামেলা এড়িয়ে বাইরে খেতে চান কেউ কেউ। আবার শিক্ষার্থী ও চাকরিজীবীদের অনেকের দিনের বেলায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয় না। তাই রাতের অবসরকে বেছে নেন তারা।
এ ছাড়া জন্মদিন উদ্যাপন, বন্ধুদের পুনর্মিলনী, অফিসের সহকর্মীদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সঙ্গে বিশেষ কোনো দিন উদ্যাপন— এসবের জন্যও রাতের রেস্তোরাঁগুলো হয়ে ওঠে পছন্দের জায়গা।
সব মিলিয়ে রাতের রাজধানী যেন দিনের শহরেরই আরেকটি রূপ। এখানে রাত মানেই শুধু ঘুমিয়ে পড়া নয়, অনেকের কাছে রাত মানে নিজের মতো করে কিছুটা সময় বেছে নেওয়া। তবে মধ্যরাতের পর কোন দোকান খোলা থাকবে, তা জানতে যাওয়ার আগে ফোন করে নিশ্চিত হওয়া ভালো।
সময়ের আলো/ইউএমএইচ