কল চলাকালে অডিও আউটপুট হিসেবে ফোন নির্বাচন করুন। ছবি : সংগৃহীত ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর কম বা অস্পষ্ট শোনা গেলে অনেকেই নেটওয়ার্কের সমস্যাকে দায়ী করেন। তবে, দুর্বল নেটওয়ার্ক ছাড়াও ফোনের ইয়ারপিসে ধুলো-ময়লা জমা, স্ক্রিন প্রটেক্টরের কারণে স্পিকার ঢেকে যাওয়া কিংবা কলের সময় ভলিউম কম থাকার মতো কারণেও এমনটি হতে পারে। নতুন কোনো অ্যাপ ইনস্টল বা সেটিংস পরিবর্তনের আগে কয়েকটি বিষয় পরীক্ষা করেই সমস্যার সমাধান করা সম্ভব।
ইয়ারপিসের ময়লা পরিষ্কার করুন
স্মার্টফোনের পর্দার ওপরের দিকে, সামনের ক্যামেরা ও সেন্সরের কাছাকাছি থাকা সরু স্পিকারটিকে ইয়ারপিস বলা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর জালের ভেতরে ধুলো, ত্বকের তেল ও অন্যান্য ময়লা জমতে পারে। এতে শব্দ চলাচলের পথ বাধাগ্রস্ত হয়। ফলে, ফোনে কথা বলার সময় অপর প্রান্তের কণ্ঠস্বর কম বা অস্পষ্ট শোনা যায়।
এ সমস্যা সমাধানে প্রথমে ফোন বন্ধ করতে হবে। এরপর পরিষ্কার ও শুকনো নরম ব্রাশ দিয়ে ইয়ারপিসের ওপরের অংশটি আলতোভাবে পরিষ্কার করতে হবে। এ সময় অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। ইয়ারপিসের ছিদ্রে সূচ, পিন কিংবা সিম কার্ড বের করার সরঞ্জাম ব্যবহার করা উচিত নয়। একইভাবে সেখানে পানি বা পরিষ্কারক স্প্রে ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। এতে স্পিকারের ভেতরের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্ক্রিন প্রটেক্টর ও ফোনের কভার পরীক্ষা করুন
নতুন স্ক্রিন প্রটেক্টর লাগানোর পর থেকে শব্দ কম শোনা গেলে সেটির অবস্থান পরীক্ষা করুন। প্রটেক্টর ঠিকভাবে না বসলে ইয়ারপিসের ছিদ্র আংশিক বা পুরোপুরি ঢেকে যেতে পারে। ফোনের মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন প্রটেক্টর ব্যবহার করলেও এ সমস্যা হতে পারে।
বিষয়টি নিশ্চিত হতে সাময়িকভাবে স্ক্রিন প্রটেক্টর ও ফোনের কভার খুলে একটি কল করে দেখুন। শব্দ স্বাভাবিক হলে ফোনের মডেল অনুযায়ী সঠিক মাপের প্রটেক্টর ব্যবহার করুন।
কলের সময় ভলিউম বাড়ান
ফোনের হোম স্ক্রিনে থাকা অবস্থায় ভলিউম বাটনে চাপ দিলে সাধারণত রিংটোন বা মিডিয়ার শব্দের মাত্রা পরিবর্তিত হয়। কিন্তু কলের সময় শোনা শব্দের ভলিউম আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। তাই ফোনে কথা বলার সময় ভলিউম বাড়ানোর বাটন কয়েকবার চাপুন। পর্দায় কল ভলিউমের নির্দেশক দেখা যাচ্ছে কি না, সেটিও খেয়াল করুন।
ব্লুটুথ ও অডিও সেটিংস দেখুন
কখনো কখনো ফোনের কলের শব্দ ব্লুটুথে সংযুক্ত হেডফোন বা অন্য কোনো ডিভাইসে চলে যেতে পারে। এ কারণে ফোনের ইয়ারপিসে শব্দ কম শোনা যায়। কল চলাকালে অডিও আউটপুট হিসেবে ফোন নির্বাচন করুন। প্রয়োজনে সাময়িকভাবে ব্লুটুথ বন্ধ করে আবার কল করে দেখুন।
আইফোন ব্যবহারকারীরা সেটিংসের অ্যাক্সেসিবিলিটি মেনুতে গিয়ে অডিও ও ভিজ্যুয়াল অপশনে বাম ও ডান চ্যানেলের শব্দের ভারসাম্য পরীক্ষা করতে পারেন।
অন্যদিকে, স্যামসাং ফোনে সেটিংসের অ্যাক্সেসিবিলিটি বিভাগে হিয়ারিং এনহ্যান্সমেন্ট অপশনে মনো অডিও ও সাউন্ড ব্যালান্সের সেটিংস পাওয়া যায়। তবে ফোনের মডেল ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী এসব সেটিংসের নাম বা অবস্থান ভিন্ন হতে পারে।
স্পিকারফোনে কথা বলার সময় শব্দ পরিষ্কার শোনা গেলেও সাধারণ কলে ইয়ারপিস থেকে শব্দ কম আসতে পারে। নেটওয়ার্কজনিত সমস্যা আছে কি না, তা যাচাই করতে অন্য স্থান থেকে কল করে দেখতে পারেন। ফোনে ওয়াই-ফাই কলিং সুবিধা থাকলে সেটি ব্যবহার করেও পরীক্ষা করা যেতে পারে।
সবকিছু পরীক্ষা করার পরও শব্দ কম থাকলে, কড়কড় আওয়াজ হলে কিংবা অপর প্রান্তের কণ্ঠস্বর বারবার কেটে গেলে ইয়ারপিসে হার্ডওয়্যারজনিত সমস্যা থাকতে পারে। এমন পরিস্থিতিতে নিজে ফোন খোলার চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে পরীক্ষা করান।
সময়ের আলো/মহু