শিশুর বারবার বানান ভুল করে? হতে পারে ডিসলেক্সিয়া

সময়ের আলো ডেস্ক

ফিচার

অনেক শিশুই বারবার বানান ভুল করে, পরিচিত শব্দ চিনতে পারে না, অক্ষর লিখতে গিয়ে উল্টে ফেলে। এর পেছনে থাকতে পারে

2026-11-12T14:01:15+00:00
2026-11-12T14:03:13+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ফিচার
শিশুর বারবার বানান ভুল করে? হতে পারে ডিসলেক্সিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ২:০৩ পিএম
ডিসলেক্সিয়া কোনো মানসিক রোগ কিংবা বুদ্ধিমত্তার ঘাটতি নয়। ছবি : সংগৃহীত
অনেক শিশুই বারবার বানান ভুল করে, পরিচিত শব্দ চিনতে পারে না, অক্ষর লিখতে গিয়ে উল্টে ফেলে। এর পেছনে থাকতে পারে বিশেষ ধরনের স্নায়ুবিকাশজনিত শিখন সমস্যা, যার নাম ডিসলেক্সিয়া।

ডিসলেক্সিয়া শব্দটি এসেছে গ্রিক ভাষার ‘ডিস’ এবং ‘লেক্সিস’ থেকে। প্রথমটির অর্থ অসুবিধা এবং দ্বিতীয়টির অর্থ শব্দ। এটি একটি স্নায়ুবিকাশজনিত শিখন সমস্যা, যা মূলত পড়া ও বানান শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে।

তবে, সব ধরনের পড়ার সমস্যা ডিসলেক্সিয়া নয়। এ সমস্যায় আক্রান্ত অনেক শিশু গল্প শুনে সহজেই বুঝতে পারে, কথা বলতে পারে এবং বিভিন্ন বিষয়ে ভালো ধারণা রাখে। কিন্তু নিজে বই পড়তে গিয়ে শব্দ চিনতে, অক্ষরের সঙ্গে ধ্বনির সম্পর্ক বুঝতে এবং বানান করতে সমস্যায় পড়ে।

মনোবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের মতে, ডিসলেক্সিয়া কোনো মানসিক রোগ কিংবা বুদ্ধিমত্তার ঘাটতি নয়। এটি এমন একটি শিখনগত বৈচিত্র্য, যা মূলত পড়া, শব্দ চেনা ও বানান করার সক্ষমতায় প্রভাব ফেলে। ফলে, আক্রান্ত শিশুরা স্বাভাবিক বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও পড়াশোনার কিছু ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি সমস্যায় পড়ে।

ভারতীয় চলচ্চিত্র ‘তারে জামিন পার’-এর কথা মনে আছে? সিনেমাটির ছোট্ট চরিত্র ঈশান ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিল। পড়াশোনায় দুর্বলতার কারণে পরিবার ও বিদ্যালয়ে নানা ভুল বোঝাবুঝির শিকার হতে হয় তাকে। পরে একজন শিক্ষক তার সমস্যাটি বুঝতে পেরে বিশেষ পদ্ধতিতে শেখানোর উদ্যোগ নেন। এতে বদলে যায় ঈশানের জীবন।


বাস্তবেও এমন অনেক শিশু রয়েছে, যাদের শেখার সমস্যাকে যথাযথভাবে চিহ্নিত না করে অলসতা বা অমনোযোগিতার তকমা দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে এ বিষয়ে সচেতনতা ও শনাক্তকরণের সীমাবদ্ধতার কারণে অনেক শিশু প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুর মস্তিষ্ক ভাষা ও অক্ষর প্রক্রিয়াজাত করে কিছুটা ভিন্নভাবে। এ কারণে পরিচিত বর্ণ ও শব্দ শনাক্ত করতে তাদের বেশি সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়।

ডিসলেক্সিয়ায় আক্রান্ত অনেক শিশু ইংরেজি ‘b’ ও ‘d’ কিংবা ‘p’ ও ‘q’-এর মতো দেখতে কাছাকাছি অক্ষর আলাদা করতে সমস্যায় পড়ে। কখনো শব্দের অক্ষর উল্টে লেখে, আবার কখনো পড়ার সময় পরিচিত শব্দ চিনতে দেরি করে। ডান-বাম দিক নির্ধারণেও কারও কারও সমস্যা হতে পারে।

তবে, শুধু অক্ষর উল্টে লেখা দেখেই কোনো শিশুর ডিসলেক্সিয়া আছে বলে সিদ্ধান্ত নেওয়া যায় না। বয়স ও শেখার পর্যায় অনুযায়ী অনেক শিশুর মধ্যেই এ ধরনের ভুল দেখা যেতে পারে। সমস্যা নিয়মিত হলে এবং পড়া ও বানান শেখায় উল্লেখযোগ্য বাধা তৈরি করলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ডিসলেক্সিয়া বুদ্ধিমত্তার ঘাটতি নয়। সঠিক সহায়তা পেলে এসব শিশু পড়াশোনাসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো করতে পারে। আইনস্টাইন, টমাস আলভা এডিসন, স্টিভ জবস ও টম ক্রুজের মতো পরিচিত ব্যক্তিদের নামও ডিসলেক্সিয়া প্রসঙ্গে আলোচনায় আসে।


ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুদের জন্য প্রচলিত শিক্ষাপদ্ধতির পাশাপাশি বিকল্প ও সহায়ক শিখনব্যবস্থা প্রয়োজন। শুধু পরীক্ষার নম্বর দিয়ে তাদের মেধা ও সক্ষমতা বিচার করা উচিত নয়। বরং শিশুর মানসিক ও সামাজিক বিকাশকে গুরুত্ব দিয়ে শেখার সমস্যাগুলো বোঝার চেষ্টা করতে হবে।

এ ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর শিক্ষা সহায়ক হতে পারে। মোবাইল অ্যাপ ও ডিজিটাল লার্নিং টুলের মাধ্যমে বর্ণ, শব্দ ও উচ্চারণ দৃশ্যমানভাবে উপস্থাপন করা যায়। পাশাপাশি বালি, আটা কিংবা রঙিন কাদামাটি দিয়ে অক্ষর তৈরি করে শেখানোর মতো স্পর্শনির্ভর পদ্ধতিও কাজে আসতে পারে।

শিক্ষক ও অভিভাবকদেরও ধৈর্যশীল হতে হবে। ভুলের জন্য বকাঝকা বা শাস্তি না দিয়ে শিশুর শেখার ধরন বুঝে সহযোগিতা করতে হবে। তাদের ছোট ছোট অগ্রগতিতেও উৎসাহ দেওয়া জরুরি।

ডিসলেক্সিয়া কোনো শিশুর মেধা বা ভবিষ্যৎ নির্ধারণ করে না। প্রয়োজন শুধু তার শেখার ধরন বুঝে যথাযথ সহায়তা দেওয়া। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে এসব শিশুও নিজেদের সামর্থ্য বিকাশের সুযোগ পাবে। 

সময়ের আলো/মহু

  বিষয়:   শিশু  ডিসলেক্সিয়া  শিক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: