কমোডের ফ্লাশ ট্যাঙ্কে থাকা এই ব্যবস্থাকে বলা হয় ‘ডুয়াল ফ্লাশ সিস্টেম’। ছবি : সংগৃহীত বাড়ি কিংবা অফিসের আধুনিক টয়লেটে কমোডের ফ্লাশ ট্যাঙ্কে প্রায়ই দুটি বোতাম দেখা যায়। একটি ছোট, অন্যটি তুলনামূলক বড়। অনেকে না বুঝে যেকোনও একটি বোতাম চাপেন। আবার কেউ দুটি বোতাম একসঙ্গেও চেপে বসেন। অথচ বোতাম দুটি রাখা হয়েছে আলাদা উদ্দেশ্যে। কোনটি কখন ব্যবহার করতে হয়, তা জানা থাকলে পানির অপচয় কমানো সম্ভব।
কমোডের ফ্লাশ ট্যাঙ্কে থাকা এই ব্যবস্থাকে বলা হয় ‘ডুয়াল ফ্লাশ সিস্টেম’। এতে প্রয়োজন অনুযায়ী কম বা বেশি পানি ব্যবহারের সুযোগ থাকে। সাধারণত ছোট বোতাম চাপলে কম পানি এবং বড় বোতাম চাপলে তুলনামূলক বেশি পানি বের হয়। ফলে, প্রতিবার টয়লেট ব্যবহারের পর পুরো ট্যাঙ্কের পানি খরচ করতে হয় না।
প্রস্রাবের পর কমোড পরিষ্কার করতে সাধারণত অল্প পানিই যথেষ্ট। এ ক্ষেত্রে ছোট বোতামটি ব্যবহার করতে হয়। এটি চাপলে ট্যাঙ্ক থেকে কম পানি বের হয়ে বাটির তরল বর্জ্য পরিষ্কার করে। কিছু মডেলে ছোট বোতাম চাপলে প্রায় ৩ লিটার পানি বের হয়। তবে, কমোডের নকশা ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে পানির পরিমাণ কমবেশি হতে পারে।
কঠিন বর্জ্য পরিষ্কারের জন্য তুলনামূলক বেশি পানির প্রয়োজন হয়। তাই এ ক্ষেত্রে বড় বোতামটি ব্যবহার করতে হয়। এটি চাপলে ট্যাঙ্ক থেকে বেশি পানি বের হয়ে কমোডের বাটি পরিষ্কার করতে সাহায্য করে। কিছু মডেলে বড় বোতাম চাপলে প্রায় ৬ লিটার পানি বের হয়। তবে, সব কমোডে পানির পরিমাণ এক নয়।
আগের প্রচলিত ফ্লাশ ট্যাঙ্কে সাধারণত একটি বোতাম থাকত। সেটি চাপলে প্রতিবার নির্দিষ্ট পরিমাণ পানি বের হতো। ফলে, অল্প পানি প্রয়োজন হলেও একই পরিমাণ পানি খরচ করতে হতো।
পানির অপচয় কমানোর লক্ষ্যেই ডুয়াল ফ্লাশ ব্যবস্থার প্রচলন করা হয়। এতে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী কম বা বেশি পানি ব্যবহারের সুযোগ পান। প্রতিদিন একাধিকবার টয়লেট ব্যবহার করা হয় বলে প্রতিবার সামান্য পানি সাশ্রয় হলেও দীর্ঘ সময়ে এর পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে।
ডুয়াল ফ্লাশের সুবিধা পেতে হলে সঠিক বোতাম ব্যবহার করা জরুরি। তরল বর্জ্য পরিষ্কারে ছোট বোতাম এবং কঠিন বর্জ্যের ক্ষেত্রে বড় বোতাম চাপতে হয়। সাধারণত দুটি বোতাম একসঙ্গে চাপার প্রয়োজন নেই। তবে, সব কমোডের বোতামের নকশা ও পানির পরিমাণ এক রকম নয়। তাই নতুন কোনো কমোড ব্যবহার করলে বোতামের গায়ে থাকা চিহ্ন বা প্রস্তুতকারকের নির্দেশনা দেখে নেওয়া ভালো।
এ ছাড়া, ফ্লাশ ট্যাঙ্ক থেকে অনবরত পানি পড়লে বা কোথাও লিক হলে দ্রুত মেরামত করা প্রয়োজন। কারণ, এতে টয়লেট ব্যবহার না করলেও প্রতিনিয়ত পানি অপচয় হতে পারে।
ডুয়াল ফ্লাশ ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করা। তাই অভ্যাসবশত যেকোনো বোতাম না চেপে, কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার করতে হবে তা জেনে নেওয়াই ভালো। এতে পানির অপচয় কমবে এবং সাশ্রয় হবে মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ।
সময়ের আলো/মহু