নারীরা কেন সাজেন- নিজের জন্য নাকি অন্যের প্রশংসা পেতে?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বেশিরভাগ নারীই সাজতে পছন্দ করেন। কেউ সাজেন নিজের ভালোলাগা থেকে, কেউ প্রয়োজনে, কেউ অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে বা প্রশংসা

2026-11-11T15:39:29+00:00
2026-11-11T15:40:55+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ফিচার
নারীরা কেন সাজেন- নিজের জন্য নাকি অন্যের প্রশংসা পেতে?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ৩:৪০ পিএম
বেশিরভাগ নারীই সাজতে পছন্দ করেন। ছবি : সংগৃহীত
বেশিরভাগ নারীই সাজতে পছন্দ করেন। কেউ সাজেন নিজের ভালোলাগা থেকে, কেউ প্রয়োজনে, কেউ অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে বা প্রশংসা পেতে। সাজের পেছনে নারীর কী মনস্তত্ত্ব কাজ করে, জেনে নেওয়া যাক বিস্তারিত।

মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে, ব্যক্তির পছন্দ, পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী সাজগোজের উদ্দেশ্য বদলে যায়। তবে সাজগোজ কেবল বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর বিষয় নয়; এর সঙ্গে আত্মবিশ্বাস, আত্মপ্রকাশ ও মানসিক ভালো থাকার সম্পর্কও রয়েছে।

মন খারাপের দিনে পছন্দের পোশাক পরা কিংবা একটু সাজগোজ করে অনেকেই স্বস্তি অনুভব করেন। নিজের যত্ন নেওয়ার এই অভ্যাস ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। এতে নিজেকে আরও পরিপাটি, আত্মবিশ্বাসী ও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত মনে হয়।

কেউ সাজেন নিজের ভালোলাগা থেকে। ছবি : সংগৃহীত

কেউ সাজেন নিজের ভালোলাগা থেকে। ছবি : সংগৃহীত


সাজগোজের সময় মানুষ নিজের প্রতি মনোযোগ দেন। পোশাক নির্বাচন, চুল গুছিয়ে নেওয়া কিংবা হালকা মেকআপ করার প্রক্রিয়া অনেকের কাছে মানসিক বিরতির মতো কাজ করে। এতে দৈনন্দিন ব্যস্ততা ও দুশ্চিন্তা থেকে কিছুটা স্বস্তি মেলে।

বর্তমানে অনেক নারীই সাজগোজকে নিজের পছন্দ ও ভালো লাগার প্রকাশ হিসেবে দেখেন। কোথাও যাওয়ার পরিকল্পনা না থাকলেও কেউ কেউ ঘরে নিজের ইচ্ছায় সাজেন। কারণ, পরিপাটি হয়ে থাকলে তাদের আত্মবিশ্বাস ও প্রাণবন্ত অনুভূতি বাড়ে।

মনোবিজ্ঞানে ‘এনক্লোজড কগনিশন’ নামে একটি ধারণা রয়েছে। এ ধারণা অনুযায়ী, মানুষ কী পোশাক পরছেন বা নিজেকে কীভাবে উপস্থাপন করছেন, তা তার চিন্তা ও আচরণে প্রভাব ফেলতে পারে। ফলে পছন্দের পোশাক কিংবা পরিপাটি সাজ কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিবেশে আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হতে পারে।

এছাড়া, মানুষ স্বভাবতই সামাজিক। তাই অন্যের কাছ থেকে প্রশংসা বা ইতিবাচক মন্তব্য পেলে ভালো লাগা স্বাভাবিক। বিয়ে, উৎসব কিংবা বিশেষ কোনো আয়োজনে অনেক নারীই নিজেকে একটু বেশি সুন্দরভাবে উপস্থাপন করতে চান।


তবে, অন্যের প্রশংসাই সাজগোজের একমাত্র উদ্দেশ্য নয়। নিজের রুচি, ব্যক্তিত্ব ও পছন্দ প্রকাশের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। অনেকের কাছে সাজগোজ মানে অন্যের মনোযোগ আকর্ষণ নয়, বরং নিজের মতো করে নিজেকে উপস্থাপন করা।

সাজগোজের জন্য ভারী মেকআপ বা দামি প্রসাধনীর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পোশাক পরা, চুল সুন্দরভাবে গুছিয়ে রাখা, ত্বকের যত্ন নেওয়া, হালকা সুগন্ধি ব্যবহার কিংবা পছন্দের রঙের পোশাক পরাও সাজগোজের অংশ।

অনেক নারী প্রসাধনী ব্যবহার না করেও নিজেদের পরিপাটি ও আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করেন। তাই সাজের ধরন ও সংজ্ঞা ব্যক্তিভেদে আলাদা।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সাজগোজের ছবি ও ভিডিও প্রতিনিয়ত দেখা যায়। এসব কনটেন্ট অনেককে নতুন সাজের ধারণা ও অনুপ্রেরণা দেয়। তবে কখনো কখনো এগুলো সৌন্দর্য নিয়ে অবাস্তব প্রত্যাশা তৈরি করে। অন্যের সঙ্গে নিজের চেহারা বা সাজের তুলনা করতে গিয়ে কেউ কেউ অস্বস্তিতেও ভোগেন।

বিশেষজ্ঞদের পরামর্শ, অন্যের সাজ বা সৌন্দর্যের মানদণ্ড অনুসরণ না করে নিজের পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া উচিত।

সময়ের আলো/মহু

  বিষয়:   নারী  সাজগোজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: