ডিম দিয়ে তৈরি করা যেতে পারে মজাদার নানা স্ন্যাকস। ছবি : এআই প্রতিদিন ডিম সিদ্ধ বা পোচ খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। আবার শিশুরাও অনেক সময় ডিম খেতে চায় না। এমন পরিস্থিতিতে ডিম দিয়ে তৈরি করা যেতে পারে মজাদার নানা স্ন্যাকস। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়ন- দুই ক্ষেত্রেই এসব খাবার হতে পারে দারুণ আয়োজন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় বেশির ভাগ পদ। চলুন, ডিম দিয়ে তৈরি ৮টি মজাদার স্ন্যাকসের রেসিপি জেনে নেওয়া যাক।
ডিমের পাকোড়া
উপকরণ
- সিদ্ধ ডিম ২টি
- বেসন ১ কাপ
- লবণ, মরিচ ও হলুদ পরিমাণমতো
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সিদ্ধ ডিম পছন্দমতো টুকরো করে কেটে নিন। একটি পাত্রে বেসন, লবণ, মরিচ, হলুদ ও পরিমাণমতো পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এবার ডিমের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভাজুন। পাকোড়ার রং লালচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। তারপর টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
ডিম পরোটা রোল
উপকরণ
- ডিম ১টি
- পরোটা ১টি
- পেঁয়াজ কুচি পরিমাণমতো
- ধনেপাতা কুচি পরিমাণমতো
- টমেটো কুচি পরিমাণমতো
- লবণ ও মরিচ স্বাদমতো
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে ডিম ফেটে নিয়ে তাতে লবণ, মরিচ, পেঁয়াজ, ধনেপাতা ও টমেটো কুচি মিশিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে সামান্য তেল গরম করে পরোটা দিন। পরোটার এক পাশ কিছুটা ভাজা হলে তার ওপর ডিমের মিশ্রণ ঢেলে দিন এবং দুই পাশ ভালোভাবে ভেজে নিন। এরপর চামচের সাহায্যে রোলের মতো করে পরিবেশন করুন।
ডিম ও আলুর কাটলেট
উপকরণ
- সিদ্ধ ডিম ২টি
- সিদ্ধ আলু ২টি
- লবণ ও মরিচ স্বাদমতো
- ব্রেডক্রাম্ব আধা কাপ
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সিদ্ধ আলু ও ডিম ভালোভাবে চটকে নিন। এতে লবণ ও মরিচের গুঁড়া মিশিয়ে মেখে নিন। এবার মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের সাহায্যে গোল বা পছন্দমতো কাটলেটের আকার দিন। কাটলেটগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভাজুন। সোনালি-বাদামি রং হলে তুলে সালাদ বা সসের সঙ্গে পরিবেশন করুন।
ডিমের নাগেটস
উপকরণ
- আলু কুচি ১ কাপ
- গাজর আধা কাপ
- ডিম ২টি
- গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
- জিরা ও ধনিয়ার গুঁড়া আধা চা-চামচ
- লবণ ও মরিচ পরিমাণমতো
- ময়দা আধা কাপ
- ব্রেডক্রাম্ব আধা কাপ
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ডিম, আলু, গাজর ও সব মসলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি স্টিল বা কাচের পাত্রে সামান্য তেল মাখিয়ে তাতে মিশ্রণ ঢেলে দিন।
চুলায় একটি পাতিলে পানি গরম করে তার ওপর স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের ওপর মিশ্রণসহ পাত্রটি রেখে ঢেকে ২০ থেকে ৩০ মিনিট ভাপে রান্না করুন। মিশ্রণ জমে শক্ত হলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর ছুরি দিয়ে নাগেটসের আকারে কেটে নিন।
অন্য একটি পাত্রে ময়দার সঙ্গে পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। নাগেটসের টুকরোগুলো প্রথমে ময়দার ব্যাটারে, পরে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। সবশেষে গরম তেলে ডিপ ফ্রাই করুন। সোনালি রং হলে তুলে পরিবেশন করুন।
ডিম-আলুর চিজ বল
উপকরণ
- ডিম ৫টি
- সিদ্ধ ডিম ২টি
- সিদ্ধ আলু ১টি
- পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি পরিমাণমতো
- টমেটো সস ১ টেবিল চামচ
- জিরা ও ধনিয়ার গুঁড়া ১ চা-চামচ
- লবণ স্বাদমতো
- ব্রেডক্রাম্ব আধা কাপ
- চালের গুঁড়া আধা কাপ
- চিজ এক-চতুর্থাংশ কাপ
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সিদ্ধ ডিম ও আলু গ্রেট করে নিন। এতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সস, মসলা, লবণ ও কিছুটা ব্রেডক্রাম্ব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
এবার মিশ্রণ থেকে ছোট অংশ নিয়ে গোল বল তৈরি করুন। প্রতিটি বলের মাঝখানে সামান্য চিজ দিয়ে মুখ বন্ধ করে দিন। আলাদা পাত্রে বাকি তিনটি ডিম ফেটিয়ে নিন। বলগুলো প্রথমে চালের গুঁড়ায়, এরপর ফেটানো ডিমে এবং সবশেষে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। গরম তেলে লালচে করে ভেজে তুলে পরিবেশন করুন।
ডিমের স্যান্ডউইচ
উপকরণ
- সিদ্ধ ডিম ২টি
- পাউরুটি ৪ টুকরো
- মেয়োনিজ ১ টেবিল চামচ
- গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে সিদ্ধ ডিম ভালোভাবে চটকে নিন। এতে মেয়োনিজ, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এবার পাউরুটির এক পাশে ডিমের মিশ্রণ ছড়িয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন। চাইলে পাউরুটি হালকা টোস্ট করেও নিতে পারেন।
ডিমের প্যানকেক
উপকরণ
- ময়দা ১ কাপ
- আটা ১ কাপ
- ডিম ২টি
- দুধ ১ কাপ
- চিনি ও লবণ স্বাদমতো
- তেল ১ টেবিল চামচ
- বেকিং পাউডার আধা চা-চামচ
- ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ডিম, চিনি ও সামান্য লবণ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর তেল দিয়ে আবার মেশান। এবার ময়দা, আটা, বেকিং পাউডার ও ভ্যানিলা এসেন্স দিয়ে ধীরে ধীরে দুধ মেশান। খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোনো দলা না থাকে।
ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে অল্প অল্প করে ব্যাটার ঢালুন। চুলার আঁচ কম রাখুন। একপাশ লালচে হয়ে এলে উল্টে অন্য পাশও ভেজে নিন। প্যানকেকের ওপর মধু বা মিষ্টি সিরাপ দিয়ে পরিবেশন করতে পারেন। চাইলে ঝাল খাবারের সঙ্গেও খাওয়া যায়।
ডিম-আলুর মুচমুচে পাকোড়া
উপকরণ
- আলু ২টি, কুচি করা
- ডিম ১টি
- পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি স্বাদমতো
- চালের গুঁড়া আধা কাপ
- জিরা ও ধনিয়ার গুঁড়া আধা চা-চামচ
- লবণ পরিমাণমতো
- তেল পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে কুচি করা আলুর সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, জিরা ও ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিন। এরপর ডিম ও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখুন। মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে পছন্দমতো আকার তৈরি করুন। এবার গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। সোনালি রং হলে তুলে গরম গরম পরিবেশন করুন।
প্রতিদিনের একই ধরনের নাশতার বদলে ডিম দিয়ে তৈরি এসব পদ খাবারে আনতে পারে নতুন স্বাদ। এতে ডিম খাওয়ার একঘেয়েমি কাটবে, পাশাপাশি খাবারের তালিকায়ও আসবে বৈচিত্র্য।
সময়ের আলো/মহু