নিউমোনিয়া কী, কেন হয়, প্রতিরোধ করবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান সংক্রামক রোগ নিউমোনিয়া। প্রতিবছর এ রোগে ৭ লাখ ২৫ হাজারের বেশি

2026-11-12T12:16:12+00:00
2026-11-12T12:17:21+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ফিচার
নিউমোনিয়া কী, কেন হয়, প্রতিরোধ করবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ১২:১৭ পিএম
নিউমোনিয়ায় শিশুমৃত্যুর প্রায় অর্ধেকের পেছনে বায়ুদূষণের ভূমিকা রয়েছে। ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান সংক্রামক রোগ নিউমোনিয়া। প্রতিবছর এ রোগে ৭ লাখ ২৫ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়। মৃত শিশুদের মধ্যে প্রায় ১ লাখ ৯০ হাজারই নবজাতক। অর্থাৎ প্রতি ৪৩ সেকেন্ডে বিশ্বে অন্তত একটি শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। অথচ যথাযথ প্রতিরোধ, টিকা ও চিকিৎসার ব্যবস্থা করা গেলে এসব মৃত্যুর প্রায় সবই ঠেকানো সম্ভব।

নিউমোনিয়া ফুসফুসের একটি তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ। ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণে এ রোগ হতে পারে। আক্রান্ত হলে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয় এবং বায়ুথলিতে তরল বা পুঁজ জমতে পারে। ফলে, শরীরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়।

নবজাতক, সময়ের আগে জন্ম নেওয়া শিশু এবং অপুষ্টিতে ভোগা শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ ছাড়া, এইচআইভিসহ বিভিন্ন রোগের কারণে যেসব শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তারাও বেশি ঝুঁকিতে থাকে।

কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিউমোনিয়ার সাধারণ লক্ষণ। আক্রান্ত শিশুর শ্বাস-প্রশ্বাস দ্রুত হয় এবং শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যেতে পারে। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াও গুরুতর নিউমোনিয়ার লক্ষণ।

ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত নিউমোনিয়া সংক্রামক। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া জীবাণু অন্যদের সংক্রমিত করতে পারে। এ ছাড়া, শরীরের বিভিন্ন তরল কিংবা জীবাণুযুক্ত কোনো পৃষ্ঠের সংস্পর্শ থেকেও সংক্রমণ ছড়াতে পারে। তবে, জীবাণুর সংস্পর্শে এলেই সবাই অসুস্থ হন না।


শিশুর শারীরিক পরীক্ষা, শ্বাস-প্রশ্বাসের গতি পর্যবেক্ষণ এবং ফুসফুসের শব্দ শুনে নিউমোনিয়া শনাক্ত করা যায়। প্রয়োজনে বুকের এক্স-রে ও রক্ত পরীক্ষা করা হয়। স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত এমন এলাকায় স্বাস্থ্যকর্মীরা এক মিনিটে শিশুর শ্বাস নেওয়ার সংখ্যা গণনা করেও রোগটি শনাক্ত করার চেষ্টা করেন। শিশুর বয়স অনুযায়ী শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতি ভিন্ন হয়। প্রয়োজনে পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রাও পরীক্ষা করা হয়।

নিউমোনিয়ার কারণ অনুযায়ী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হয়। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া সাধারণত স্বল্পমূল্যের অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসা করা সম্ভব। তবে, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে অনেক শিশু প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক পায় না।

অন্যদিকে, ভাইরাস ও যক্ষ্মার জীবাণুসহ মাইকোব্যাকটেরিয়ার সংক্রমণে হওয়া নিউমোনিয়ার চিকিৎসায় ভিন্ন ওষুধের প্রয়োজন হয়। বিশেষ করে শিশুদের যক্ষ্মা অনেক সময় শনাক্ত না হওয়ায় তারা যথাসময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হয়।

গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও নবজাতকদের জন্য অক্সিজেন জীবন রক্ষাকারী চিকিৎসা। ফুসফুসে প্রদাহের কারণে রক্তে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। পালস অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা যায়। কিন্তু স্বাস্থ্যসেবার দুর্বলতা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক দেশে রোগীরা সময়মতো অক্সিজেন পান না।

নিউমোনিয়া প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনের (পিসিভি) মাধ্যমে ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ার ঝুঁকি কমানো যায়। তবে, বিশ্বজুড়ে প্রায় ৩৩ শতাংশ শিশু এ টিকার সব ডোজ পায় না। এ ছাড়া ডিপথেরিয়া, টিটেনাস ও পারটুসিস (ডিটিপি), হাম এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (হিব) টিকাও নিউমোনিয়া থেকে সুরক্ষায় ভূমিকা রাখে।

জন্মের পরপরই শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো, পুষ্টিকর খাবার নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাও জরুরি। পাশাপাশি ঘরের ভেতর ও বাইরে বায়ুদূষণের সংস্পর্শ কমাতে হবে।

শিশুদের নিউমোনিয়ায় মৃত্যুর অন্যতম বড় ঝুঁকি মারাত্মক অপুষ্টি বা ওয়েস্টিং। বিশেষ করে দুই বছরের কম বয়সী শিশুদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। অতিরিক্ত রোগা হয়ে যাওয়া এবং রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার কারণে এসব শিশু নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণে সহজেই আক্রান্ত হয়।

নিউমোনিয়ায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হচ্ছে সাব-সাহারান আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ, অপুষ্টি, সংক্রামক রোগ ও বায়ুদূষণ তাদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। সংঘাত ও মানবিক সংকটে থাকা এলাকাগুলোতেও পরিস্থিতি বেশি উদ্বেগজনক।

নিউমোনিয়ায় শিশুমৃত্যুর প্রায় অর্ধেকের পেছনে বায়ুদূষণের ভূমিকা রয়েছে। দ্রুত নগরায়ণ, অপরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার এবং ঘরের ভেতরের দূষিত বাতাস শিশুদের শ্বাসতন্ত্রের জন্য বড় হুমকি তৈরি করছে। জলবায়ু সংকটও শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, নিউমোনিয়ায় শিশুমৃত্যু কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, পুষ্টিসেবা সম্প্রসারণ, সময়মতো টিকা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং সবার জন্য সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

সূত্র: ইউনিসেফ

সময়ের আলো/মহু
  বিষয়:   নিউমোনিয়া  প্রতিরোধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: