যে কারণে ব্রাজিলের এই গ্রামে অনেক নারী বিয়ে করছেন না

সময়ের আলো ডেস্ক

ফিচার

ব্রাজিলের পাহাড়ঘেরা গ্রাম নোইভা দো কোরদেইরো। এ গ্রামের অনেক নারীই বিয়ে করছেন না। প্রচলিত ধারণা, গ্রামটিতে পুরুষের সংখ্যা অনেক কম।

2026-11-11T19:49:52+00:00
2026-11-11T19:52:58+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ফিচার
যে কারণে ব্রাজিলের এই গ্রামে অনেক নারী বিয়ে করছেন না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ৭:৫২ পিএম
এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সম্মিলিতভাবে জীবনযাপন করছেন। ছবি : সংগৃহীত
ব্রাজিলের পাহাড়ঘেরা গ্রাম নোইভা দো কোরদেইরো। এ গ্রামের অনেক নারীই বিয়ে করছেন না। প্রচলিত ধারণা, গ্রামটিতে পুরুষের সংখ্যা অনেক কম। কেউ বিয়ে করতে চাইলে তাকে স্ত্রীর সঙ্গে এই গ্রামেই বসবাস করতে হবে। তবে, এখানে পাত্রের সংকটের গল্পের আড়ালে রয়েছে নারীদের নেতৃত্ব, স্বাধীনতা ও সম্মিলিতভাবে সমাজ গড়ে তোলার দীর্ঘ ইতিহাস।

নোইভা দো কোরদেইরোর ইতিহাসের শুরু উনিশ শতকের শেষ দিকে। ১৮৯১ সালের দিকে মারিয়া সেনহোরিনা দে লিমা নামের এক নারী পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে বাধ্য হন। কিন্তু সেই দাম্পত্য জীবন তিনি মেনে নিতে পারেননি। বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামীর সংসার ছেড়ে ভালোবাসার মানুষ ফ্রান্সিসকো ফার্নান্দেসের সঙ্গে চলে যান।

ব্রাজিলের পাহাড়ঘেরা গ্রাম নোইভা দো কোরদেইরো। ছবি : সংগৃহীত

ব্রাজিলের পাহাড়ঘেরা গ্রাম নোইভা দো কোরদেইরো। ছবি : সংগৃহীত


তৎকালীন রক্ষণশীল সমাজ তাদের সম্পর্ক মেনে নেয়নি। স্থানীয় ক্যাথলিক গির্জাও তাদের স্বীকৃতি দেয়নি। প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, এই দম্পতি ও তাদের পরবর্তী চার প্রজন্মকে গির্জা থেকে বহিষ্কার করা হয়েছিল। সামাজিক বঞ্চনা ও অপমানের মুখে তারা লোকালয় থেকে দূরে একটি এলাকায় বসতি গড়ে তোলেন। সেই বসতিই ধীরে ধীরে নোইভা দো কোরদেইরো নামে পরিচিতি পায়।

ধীরে ধীরে মারিয়া ও ফ্রান্সিসকোর পরিবারের সদস্যসংখ্যা বাড়তে থাকে। পাশাপাশি সমাজের নানা কারণে উপেক্ষিত মানুষও সেখানে আশ্রয় নিতে শুরু করেন। একসময় ছোট্ট বসতিটি স্বতন্ত্র একটি গ্রামীণ সম্প্রদায়ে পরিণত হয়।


নোইভা দো কোরদেইরোর অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সম্মিলিতভাবে জীবনযাপন করছেন। কৃষিকাজ, রান্নাবান্না, ঘরবাড়ির দেখাশোনা, উৎপাদন ও আয়সহ বিভিন্ন কাজে নারী-পুরুষ একসঙ্গে অংশ নেন। গ্রামের জমি ও সম্পদের ব্যবহারেও রয়েছে সম্মিলিত উদ্যোগ।

এখানকার নারীরা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ নন। তারা কৃষিকাজ করেন, নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন এবং গ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলমূল, শাকসবজি, মসলা ও বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার উৎপাদনের মাধ্যমে নিজেদের আয়ের পথ তৈরি করেছেন তারা।

মিনাস জেরাইস রাজ্যের পর্যটনবিষয়ক সরকারি ওয়েবসাইটেও গ্রামটিকে নারীদের নেতৃত্ব ও সম্মিলিত শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা একটি সম্প্রদায় হিসেবে তুলে ধরা হয়েছে।

নোইভা দো কোরদেইরোকে ঘিরে সবচেয়ে প্রচলিত গল্প হলো, গ্রামটিতে অধিকাংশ নারী অবিবাহিত এবং বিয়ের জন্য পাত্র পাওয়া যায় না। এমনকি বিয়ের পর পুরুষদের স্ত্রীর গ্রামে এসে থাকতে হয় বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

গ্রামের কিছু নারী স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। ছবি : সংগৃহীত

গ্রামের কিছু নারী স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। ছবি : সংগৃহীত


তবে, এসব তথ্যের বড় একটি অংশ অতিরঞ্জিত। ২০২৩ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, গ্রামটি মোটেও পুরুষশূন্য নয়। সেখানে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। প্রায় ৩৫০ মানুষের বসবাস এই সম্প্রদায়ে।

গ্রামের অনেক পুরুষ কাজের প্রয়োজনে সপ্তাহের বেশিরভাগ সময় বাইরে থাকেন। ছুটির দিনে তারা ফিরে আসেন। এ কারণে বাইরে থেকে গ্রামটিকে নারীদের বসতি বলে মনে হতে পারে।

একই বছর ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলো জানায়, প্রায় এক দশক ধরে গ্রামটি সম্পর্কে ছড়িয়ে পড়া অবিবাহিত নারীদের বসতি এবং পাত্রের সংকটের গল্প মূলত ভুয়া খবরের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। ওই খবরের প্রভাবে বিদেশ থেকেও অনেক পুরুষ বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন।

বাস্তবে গ্রামের কিছু নারী স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন। বিয়ে না করার সিদ্ধান্তও তাদের ব্যক্তিগত পছন্দ। আবার গ্রামের অনেক পুরুষ সন্তান বড় হয়ে কাজের জন্য বাইরে চলে যান এবং কেউ কেউ সেখানে বিয়ে করে সংসারও গড়েন। ফলে, গ্রামে পুরুষের বসবাস নারীদের তুলনায় কিছুটা কম হলেও একে পুরুষের তীব্র সংকট বলা ঠিক নয়।

নোইভা দো কোরদেইরোর প্রকৃত বিশেষত্ব হলো, সামাজিক বৈষম্য ও ধর্মীয় বঞ্চনার মুখে নিজেদের মতো করে জীবন গড়ে তোলার ইতিহাস। এখানকার নারীরা নিজেদের কাজ, মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেন। পারস্পরিক সহযোগিতা ও সমান অধিকার তাদের সম্মিলিত জীবনযাপনের গুরুত্বপূর্ণ ভিত্তি।

একসময় সমাজের প্রচলিত নিয়ম ভাঙার কারণে যে নারীকে অপমান ও বঞ্চনার শিকার হতে হয়েছিল, তার নামেই আজ পরিচিত একটি স্বতন্ত্র সম্প্রদায়। মারিয়া সেনহোরিনা দে লিমার সেই প্রতিবাদ পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সূত্র : ন্যাশনাল জিওগ্রাফিক

সময়ের আলো/মহু

  বিষয়:   নারী  বিয়ে  ব্রাজিল  নোইভা দো কোরদেইরো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: