উড়ন্ত কবুতর। ছবি : সংগৃহীত শত শত কিলোমিটার দূর থেকে নিজের বাসায় ফিরে আসার অসাধারণ ক্ষমতা রয়েছে কবুতরের। পথ চিনতে তারা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাহায্য নেয় বলে দীর্ঘদিন ধরেই ধারণা করে আসছেন বিজ্ঞানীরা। তবে, শরীরের কোন অংশের মাধ্যমে পাখিরা এই অদৃশ্য সংকেত শনাক্ত করে, তা নিয়ে ছিল নানা মত ও বিতর্ক। এ রহস্যের নতুন সূত্র পেয়েছেন জার্মানির একদল গবেষক। তাদের দাবি, কবুতরের যকৃত বা লিভারে থাকা বিশেষ ধরনের রোগপ্রতিরোধী কোষ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বুঝতে সাহায্য করে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব অ্যানিম্যাল বিহেভিয়ারের পরিচালক মার্টিন উইকেলস্কি বলেন, প্রায় ১০০ বছর ধরে বিজ্ঞানীরা প্রাণীদের চৌম্বক অনুভূতির রহস্য উন্মোচনের চেষ্টা করছেন। নতুন গবেষণায় এ বিষয়ে একটি কার্যকর ব্যাখ্যা পাওয়া গেছে বলে তারা মনে করছেন।
পৃথিবীর গভীরে রয়েছে গলিত লোহা ও নিকেলের বিশাল স্তর। এসব ধাতুর অবিরাম চলাচলের ফলে তৈরি হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এই ক্ষেত্র একদিকে যেমন ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ থেকে পৃথিবীকে সুরক্ষা দেয়, অন্যদিকে অনেক প্রাণীর জন্য প্রাকৃতিক কম্পাস হিসেবেও কাজ করে।
কবুতর ছাড়াও সামুদ্রিক কচ্ছপ, তিমি, বাদুড় ও চিংড়িসহ বিভিন্ন প্রাণী পথ খুঁজতে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে। তবে, এত দিন পর্যন্ত পাখির শরীরে এই চৌম্বক সংকেত শনাক্ত করার নির্দিষ্ট স্থান নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ ছিল। কেউ মনে করতেন, এ ক্ষমতার সঙ্গে চোখের সম্পর্ক রয়েছে। কারও ধারণা ছিল, এর সূত্র লুকিয়ে আছে ঠোঁট কিংবা কানের ভেতরের কোনো অংশে।
নতুন গবেষণার সূত্রপাত প্রায় এক দশক আগে। এক বৈজ্ঞানিক সম্মেলনে পাখি বিশেষজ্ঞ মার্টিন উইকেলস্কির সঙ্গে পরিচয় হয় রোগপ্রতিরোধবিজ্ঞানী ক্রিশ্চিয়ান কুর্টসের। সে সময় কুর্টস ম্যাক্রোফেজ নামে এক ধরনের রোগপ্রতিরোধী কোষ নিয়ে গবেষণা করছিলেন।
শরীরের পুরোনো লোহিত রক্তকণিকা ভেঙে ফেলার সময় এসব কোষে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা জমা হয়। বিষয়টি থেকেই গবেষকদের মনে প্রশ্ন জাগে, আয়রনসমৃদ্ধ এই কোষগুলো কি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শনাক্ত করতে পারে?
এ প্রশ্নের উত্তর খুঁজতে তারা কবুতরের চোখ, ঠোঁট, মস্তিষ্ক, প্লীহা ও লিভার পরীক্ষা করেন। এতে দেখা যায়, কবুতরের লিভারে প্রচুর আয়রনসমৃদ্ধ ম্যাক্রোফেজ কোষ রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কোষ স্নায়ুর খুব কাছাকাছি অবস্থান করে।
গবেষক ক্লিভিয়া লিসোভস্কির মতে, কোষগুলোর অবস্থান থেকে ধারণা করা যায়, ম্যাক্রোফেজ ও স্নায়ুকোষের মধ্যে তথ্য আদান-প্রদানের সম্পর্ক রয়েছে।
গবেষণায় ৩৪টি প্রশিক্ষিত কবুতর ব্যবহার করেন বিজ্ঞানীরা। এসব কবুতর জার্মানির গ্রামাঞ্চলে প্রায় ১২ মাইল দূরত্ব অতিক্রম করে নিজেদের বাসায় ফিরে আসতে অভ্যস্ত ছিল।
পরীক্ষার অংশ হিসেবে গবেষকরা কবুতরের লিভারের ম্যাক্রোফেজ কোষগুলোর কার্যকারিতা সাময়িকভাবে বন্ধ করে দেন। এরপর তাদের চলাচল পর্যবেক্ষণ করেন।
পরীক্ষায় দেখা যায়, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এসব কবুতর আর আগের মতো বাসায় ফিরতে পারছিল না। তবে, সূর্য দেখা গেলে তারা আবারও সঠিক পথ খুঁজে নিতে সক্ষম হয়।
এ ফলাফল থেকে গবেষকরা ধারণা করছেন, কবুতর পথ চিনতে অন্তত দুটি আলাদা সংকেত ব্যবহার করে। একটি হলো সূর্যের অবস্থান, অন্যটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। আকাশ পরিষ্কার থাকলে সূর্যের অবস্থান দেখে পথ নির্ধারণ করতে পারে তারা। আর মেঘে সূর্য ঢাকা পড়লে নির্ভর করে শরীরের ভেতরের চৌম্বক কম্পাসের ওপর।
নতুন গবেষণায় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেলেও চৌম্বক অনুভূতির পুরো প্রক্রিয়া এখনো পরিষ্কার নয়। লিভারের ম্যাক্রোফেজ কোষগুলো ঠিক কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শনাক্ত করে, কোন স্নায়ুর মাধ্যমে সেই তথ্য মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কের কোন অংশ তা বিশ্লেষণ করে- এসব প্রশ্নের উত্তর এখনো খুঁজছেন বিজ্ঞানীরা।
এ ছাড়া, অন্যান্য প্রাণীও একই পদ্ধতিতে চৌম্বক সংকেত শনাক্ত করে কি না, তা নিয়েও রয়েছে গবেষণার সুযোগ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জীবপদার্থবিজ্ঞানী থরস্টেন রিটজ নতুন গবেষণাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে তার মতে, প্রকৃতিতে একই সমস্যার সমাধানে একাধিক পদ্ধতি থাকতে পারে। কিছু প্রাণী চোখের বিশেষ অণুর মাধ্যমে চৌম্বক ক্ষেত্র অনুভব করতে পারে, আবার অন্যরা লিভারের ম্যাক্রোফেজ কোষ ব্যবহার করতে পারে।
বিজ্ঞানীদের ধারণা, প্রাণীরা পথ খুঁজে পেতে একাধিক ধরনের প্রাকৃতিক কম্পাসের ওপর নির্ভর করতে পারে। বিশেষ করে অন্ধকার কিংবা প্রতিকূল পরিবেশে চলাচলের ক্ষেত্রে এ ধরনের একাধিক ব্যবস্থা তাদের বাড়তি সুবিধা দেয়।
কবুতরের পথ চেনার ক্ষমতা নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা। তবে, লিভারের বিশেষ কোষের সন্ধান পাওয়াকে এ রহস্য উন্মোচনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন গবেষকরা।
সময়ের আলো/মহু