মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি সহানুভূতি থাকা কিংবা বিপদে পাশে দাঁড়ানো উচিত। ছবি : এআই মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি সহানুভূতি থাকা কিংবা বিপদে পাশে দাঁড়ানো উচিত। দয়ালু হলে শুধু অন্য মানুষই উপকৃত হন না, নিজের মন ও শরীরের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়ে। গবেষকদের মতে, সহানুভূতিশীল আচরণ মানসিক চাপ কমাতে, মন ভালো রাখতে এবং শারীরিক সুস্থতায় ভূমিকা রাখতে পারে। এমনকি দীর্ঘায়ুর সঙ্গেও দয়ার সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতি বছর বিশ্ব দয়া বা সহানুভূতি দিবসে মানুষের মধ্যে ভালো আচরণ, সহমর্মিতা ও পরস্পরের প্রতি দায়িত্ববোধ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এর চর্চা মানুষের সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বেদারি কাইন্ডনেস ইনস্টিটিউট এ বিষয়ে গবেষণা করেছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ড্যানিয়েল ফেসলারের মতে, দয়ার মনস্তত্ত্ব, শরীরবিদ্যা এবং মানুষের মধ্যে ইতিবাচক সামাজিক যোগাযোগ কীভাবে কাজ করে, তা বৈজ্ঞানিকভাবে বোঝাই তাদের লক্ষ্য।
তার ভাষ্য, মানুষের মধ্যে দয়ালু আচরণ ছড়িয়ে দেওয়ার উপায় খুঁজে বের করা এবং অন্যকে সহায়তায় উৎসাহিত করতে পারে- এমন নেতৃত্ব তৈরি করা প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।
গবেষণার ক্ষেত্রে বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সমন্বয়ের চেষ্টাও করছেন সংশ্লিষ্টরা। নৃবিজ্ঞানীরা দেখছেন, কীভাবে একজনের দয়ালু আচরণ অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। সামাজিক বিজ্ঞানীরা নির্দয় আচরণের পেছনের কারণ অনুসন্ধান করছেন। মনোবিজ্ঞানীরা খতিয়ে দেখছেন, সহানুভূতিশীল মনোভাব মানুষের মানসিক অবস্থার উন্নতি এবং বিষণ্নতার লক্ষণ কমাতে কীভাবে ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দয়ালু হওয়া মানে শুধু পরিচিত বা নিজের মতের মানুষের সঙ্গে ভালো আচরণ করা নয়; বরং মতের অমিল থাকলেও অন্যের প্রতি সম্মান ও সহানুভূতি বজায় রাখা।
ড্যানিয়েল ফেসলারের মতে, দয়া মূলত এমন একটি চিন্তা, অনুভূতি ও বিশ্বাস, যার কেন্দ্রে থাকে অন্যের ভালো থাকা। বিপরীতে, নির্দয়তা প্রকাশ পায় অসহিষ্ণুতা ও অন্যের কল্যাণের প্রতি উদাসীনতার মধ্য দিয়ে।
মানসিক চাপ মানুষের কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। অন্যদিকে, ইতিবাচক মানসিক অবস্থা মানুষকে চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলে। তাই অন্যের প্রতি ভালো আচরণ যেমন সামাজিক সম্পর্ক উন্নত করে, তেমনি নিজের মানসিক সুস্থতার ক্ষেত্রেও সহায়ক হতে পারে।
দয়া ও সহানুভূতির প্রভাব শুধু মানসিক স্বাস্থ্যে সীমাবদ্ধ নয়। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক কেলি হার্ডিং তার ‘দ্য র্যাবিট এফেক্ট’ বইয়ে দয়ালু আচরণ ও শারীরিক সুস্থতার সম্পর্ক তুলে ধরেছেন। তার আলোচনায় উঠে এসেছে, সহানুভূতিশীল পরিবেশ ও ইতিবাচক সামাজিক সম্পর্ক রোগ প্রতিরোধক্ষমতা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং দীর্ঘায়ুর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
১৯৭০ সালে খরগোশের ওপর পরিচালিত একটি গবেষণার ফল তাকে বিশেষভাবে বিস্মিত করেছিল। গবেষণায় দেখা যায়, একই ধরনের পরিবেশে থাকা খরগোশগুলোর মধ্যে যেগুলোর যত্ন নেওয়ার ক্ষেত্রে গবেষক বেশি আন্তরিক ও দয়ালু আচরণ করেছিলেন, সেগুলোর ফল তুলনামূলক ভালো ছিল। একজন চিকিৎসক হিসেবে এ ফল তাকে দয়া ও যত্নের শারীরিক প্রভাব নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করে।
হার্ডিংয়ের মতে, দয়ালু আচরণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অন্যের প্রতি যত্নশীল হওয়া এবং সহানুভূতি দেখানো মানুষের সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ।
দয়ালু হতে বড় কোনো আয়োজন বা বিশেষ সামর্থ্যের প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনের ছোট ছোট আচরণের মধ্য দিয়েই এর চর্চা করা সম্ভব।
কেউ নিজের সমস্যা বা অনুভূতির কথা বললে মনোযোগ দিয়ে শুনুন। এতে তিনি নিজেকে গুরুত্ব পাওয়া ও সম্মানিত বোধ করবেন।
কেউ রূঢ় আচরণ করলেও সম্ভব হলে শান্ত থাকুন। পাল্টা আক্রমণ না করে সংযতভাবে কথা বলুন।
যাদের কথা বা মতামত সাধারণত গুরুত্ব পায় না, তাদের কথা শুনুন এবং প্রয়োজনীয় সহযোগিতা করুন।
কেউ খারাপ ব্যবহার করলে, তাৎক্ষণিকভাবে তাকে বিচার না করে তার পরিস্থিতি বা সমস্যার বিষয়টি বোঝার চেষ্টা করুন।
মানুষের ব্যস্ত ও গতিশীল জীবনে অনেক সময় আশপাশের মানুষের ভালো-মন্দের খোঁজ নেওয়ার সুযোগ বা আগ্রহ কমে যায়। অথচ সামান্য উৎসাহ, আন্তরিকতা কিংবা সহযোগিতা একজন মানুষকে কঠিন সময় পার করতে সাহস জোগাতে পারে। একটি ভালো কথা কারও মন ভালো করে দিতে পারে, আবার প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো বদলে দিতে পারে তার জীবনের গতিপথ।
বিশেষজ্ঞদের মতে, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় মানুষের মধ্যে সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দয়ালু হওয়া মানে নিজের স্বার্থ বিসর্জন দেওয়া নয়; বরং অন্যের অনুভূতি ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।
সূত্র : বিবিসি
সময়ের আলো/মহু