বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, কতটা বিপদে মানবসভ্যতা?

সময়ের আলো ডেস্ক

বিবিধ

তাপমাত্রা বৃদ্ধির সীমা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার লক্ষ্য এখন অনেকটাই অধরা। এক দশক আগে প্যারিস জলবায়ু চুক্তিতে

2026-11-13T16:52:52+00:00
2026-11-13T16:52:52+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিবিধ
বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, কতটা বিপদে মানবসভ্যতা?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম 
ছবি : সংগৃহীত
তাপমাত্রা বৃদ্ধির সীমা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার লক্ষ্য এখন অনেকটাই অধরা। এক দশক আগে প্যারিস জলবায়ু চুক্তিতে দেশগুলো এই লক্ষ্য নির্ধারণ করলেও বৈশ্বিক উষ্ণতা ইতোমধ্যে শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে তাপ আটকে রাখা গ্যাসের পরিমাণও বাড়ছে। পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে নির্গমন কমানোর প্রতিশ্রুতি পূরণেও পিছিয়ে রয়েছে অধিকাংশ দেশ। 

তুরস্কে চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে দেশগুলো যখন উষ্ণতা নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করছে, তখন জাতিসংঘের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর জন্য সবচেয়ে ভালো পরিস্থিতিতেও তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৭ থেকে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বর্তমান ধারায় চলতে থাকলে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

শুনতে ১ দশমিক ৫ ও ২ ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য খুব সামান্য মনে হলেও বিজ্ঞানীরা বলছেন, এই ব্যবধান পৃথিবীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাপমাত্রা যত বাড়বে, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঝুঁকি তত বাড়বে। একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল কিছু বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে পড়তে পারে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটারের জলবায়ুবিষয়ক অধ্যাপক টিম লেন্টন বলেন, তাপমাত্রার প্রতিটি ভগ্নাংশই গুরুত্বপূর্ণ। উষ্ণতা বৃদ্ধির প্রতিটি ভগ্নাংশ ঠেকানো গেলে বড় ধরনের ক্ষতি সীমিত করা সম্ভব।

ধ্বংসের মুখে প্রবালপ্রাচীর

প্রবালপ্রাচীর একটি পূর্ণাঙ্গ বাস্তুতন্ত্রের ভিত্তি তৈরি করে। প্রবাল বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অসংখ্য প্রজাতির প্রাণীর বসবাসের উপযোগী কাঠামো গড়ে ওঠে। ফলে এসব অঞ্চল জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। একই সঙ্গে খাদ্য ও জীবিকার জন্য বিশ্বের কয়েক কোটি মানুষ প্রবালপ্রাচীরের ওপর নির্ভরশীল।

কিন্তু তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রবাল অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে। দীর্ঘ সময় ধরে সমুদ্রের তাপপ্রবাহ চললে প্রবাল বিবর্ণ হয়ে সাদা হয়ে যায়। একপর্যায়ে মারা যেতে পারে সেগুলোও। ১৯৯০-এর দশকের শেষ দিক থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে চারবার প্রবাল বিবর্ণ হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে শক্তিশালী এল নিনোর প্রভাবে সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ায় পঞ্চমবারের মতো বৈশ্বিক প্রবাল বিবর্ণ হওয়ার ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

২০২৩ থেকে ২০২৫ সালের আগের প্রবাল বিবর্ণ হওয়ার ঘটনার আগেই এক গবেষণায় দেখা গিয়েছিল, বিশ্বজুড়ে ৪৪ শতাংশ প্রবাল প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। গত মাসে নেচার সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় কাজ করেছেন প্রবাল গবেষণা সংস্থা করডিও ইস্ট আফ্রিকার পরিচালক ডেভিড ওবুরা।

তিনি বলেন, পরিসংখ্যানগুলো অত্যন্ত উদ্বেগজনক। একই সঙ্গে এগুলো মনে করিয়ে দেয়, সময় খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি ১০ বছর, এমনকি প্রতিটি ৫ বছরও গুরুত্বপূর্ণ।

তাপের প্রতি প্রবালের সংবেদনশীলতার কারণে অধিকাংশ প্রবালপ্রাচীরের টিকে থাকা নির্ভর করছে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি নাকি ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাচ্ছে, তার ওপর। জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি) জানিয়েছে, উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে ৯৯ শতাংশ প্রবাল হারিয়ে যেতে পারে।

ওবুরার ভাষায়, তাপমাত্রা ২ ডিগ্রি বাড়লে অধিকাংশ প্রবালই কার্যকরভাবে টিকে থাকতে পারবে না। কিছু প্রজাতি হয়তো থেকে যাবে, তবে সেগুলোর অনেকগুলো এতটাই বিরল বা ক্ষতিগ্রস্ত হবে যে শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যেতে পারে।

এমন আশঙ্কার মধ্যেও বিভিন্ন অঞ্চলে প্রবালপ্রাচীরকে যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা করছেন সংরক্ষণকর্মী ও উপকূলীয় জনগোষ্ঠী। এর মধ্যে রয়েছে প্রবাল পুনরুদ্ধার, পানিদূষণ কমানো এবং বেশি তাপ সহ্য করতে পারে এমন প্রবালের প্রজনন।

ওবুরা বলেন, বিশ্বের অধিকাংশ মানুষের অবক্ষয়িত বাস্তুতন্ত্র ছেড়ে যাওয়ার সুযোগ নেই। সেখানেই তাদের বসবাস, সেটিই তাদের একমাত্র অবলম্বন। তাই এসব বাস্তুতন্ত্রকে কীভাবে আবার কার্যকর করে তোলা যায়, তা খুঁজে বের করতে হবে।

তাপপ্রবাহের ঝুঁকিতে আরও কোটি মানুষ

বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বোঝায়। কিন্তু এই গড় তাপমাত্রার আড়ালে রয়েছে ক্রমেই তীব্র হয়ে ওঠা তাপপ্রবাহ।

গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা প্রতি ০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিপজ্জনক মাত্রার গরমের ঝুঁকিতে পড়েন আরও ১৪ কোটি মানুষ।

ইতোমধ্যে তাপপ্রবাহে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। চলতি গ্রীষ্মে ইউরোপে অতিরিক্ত গরমের কারণে আনুমানিক ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যায় ভোগা ব্যক্তি, বয়স্ক মানুষ ও গর্ভবতীরা তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তবে তাপজনিত অনেক মৃত্যু হিসাবের বাইরে থেকে যাওয়ায় প্রকৃত প্রাণহানির সংখ্যা প্রায়ই কম উঠে আসে।

টিম লেন্টন বলেন, মানবদেহেরও একটি সহনক্ষমতার সীমা রয়েছে। একপর্যায়ে শরীর সেই সীমায় পৌঁছে যায়। এর সবচেয়ে ভয়াবহ পরিণতি হতে পারে মৃত্যু।

আরও শক্তিশালী হতে পারে ঝড়

জলবায়ু পরিবর্তনের প্রতিটি ডিগ্রি উষ্ণতা ঝড়ের তীব্রতাকেও প্রভাবিত করে। উষ্ণ বাতাস বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বাতাসে জলীয় বাষ্প ধারণের ক্ষমতা প্রায় ৭ শতাংশ বাড়ে। ফলে ভারী বৃষ্টিপাতের ঝুঁকি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলে ইতোমধ্যে বৃষ্টির তীব্রতা বাড়ছে।

বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা আরও বাড়লে অ্যান্টার্কটিকার হিমবাহ ধসে পড়ার মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হতে পারে। এসব হিমবাহ অস্থিতিশীল হয়ে পড়লে বিপুল পরিমাণ বরফ গলে সমুদ্রে মিশবে। এতে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে।

টিম লেন্টনের মতে, কোনো ব্যবস্থার বিপর্যয়ের সীমা ঠিক কোথায়, তা অতিক্রম করার আগে নিশ্চিতভাবে বলা কঠিন। তবে অধিকাংশ ক্ষেত্রেই উষ্ণতা যত বাড়বে, সেই সীমা অতিক্রমের ঝুঁকিও তত বাড়বে। উষ্ণতা কম রাখা গেলে এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই তাপমাত্রা বৃদ্ধির প্রতিটি ভগ্নাংশ ঠেকানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

নির্গমন কমাতে বিদ্যুতায়নের লক্ষ্য

তুরস্কে চলমান জলবায়ু সম্মেলনে দেশগুলো নতুন করে বড় কোনো কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেবে—এমন প্রত্যাশা করা হচ্ছে না। বরং আলোচনার কেন্দ্রে রয়েছে বিদ্যুতায়নের নতুন লক্ষ্য নির্ধারণ। এর অর্থ, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আরও বেশি গাড়ি ও বাড়িতে বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা।

বিশ্বের বিদ্যুতের ক্রমবর্ধমান অংশ সৌর ও বায়ুশক্তির মতো পরিচ্ছন্ন উৎস থেকে আসছে। ফলে গাড়ি ও বাড়িতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে সামগ্রিকভাবে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। তবে বিজ্ঞানীদের সতর্কবার্তা স্পষ্ট—বৈশ্বিক উষ্ণতা যতটা সম্ভব সীমিত রাখতে পারলেই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতি কমানো যাবে। তাপমাত্রা বৃদ্ধির সামান্য পার্থক্যও প্রবালপ্রাচীর, মানবজীবন ও পৃথিবীর পরিবেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   পৃথিবীর তাপমাত্রা  বিপদ  মানবসভ্যতা  কপ-৩১ 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: