ফাস্ট ফ্যাশনের মাশুল দিচ্ছে প্রকৃতি

সময়ের আলো ডেস্ক

ফিচার

ফ্যাশনের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মেলাতে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফাস্ট ফ্যাশন’। কম দামে দ্রুত নতুন নকশার পোশাক বাজারে আনার

2026-11-12T17:03:26+00:00
2026-11-12T17:06:28+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ফিচার
ফাস্ট ফ্যাশনের মাশুল দিচ্ছে প্রকৃতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৫:০৬ পিএম
ফ্যাশনশিল্প এখন পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ছবি : সংগৃহীত
ফ্যাশনের পরিবর্তনশীল ধারার সঙ্গে তাল মেলাতে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফাস্ট ফ্যাশন’। কম দামে দ্রুত নতুন নকশার পোশাক বাজারে আনার এই ব্যবসায়িক মডেল ভোক্তাদের আকৃষ্ট করলেও পরিবেশের ওপর ফেলছে ভয়াবহ প্রভাব। কার্বন নিঃসরণ, পানিদূষণ থেকে শুরু করে বিপুল পরিমাণ বস্ত্রবর্জ্য- সব মিলিয়ে ফ্যাশনশিল্প এখন পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

এক গবেষণার তথ্য অনুযায়ী, বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় ১০ শতাংশের জন্য দায়ী পোশাকশিল্প। এই পরিমাণ আন্তর্জাতিক বিমান চলাচল ও নৌপরিবহন খাতের সম্মিলিত নিঃসরণের চেয়েও বেশি। পানির অপচয় ও দূষণের ক্ষেত্রেও শিল্পটির অবস্থান অন্যতম শীর্ষে।


ফাস্ট ফ্যাশনের মূল ভিত্তি হলো কম খরচে দ্রুত পোশাক উৎপাদন ও বাজারজাত করা। নব্বইয়ের দশকে স্প্যানিশ ব্র্যান্ড জারার হাত ধরে এ ধারার বিস্তার শুরু হয়। বর্তমানে জারা, এইচঅ্যান্ডএম, শিন ও ইউনিক্লোর মতো প্রতিষ্ঠানগুলো নকশা তৈরির মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে পোশাক বাজারে নিয়ে আসছে। দ্রুত নতুন পণ্য বাজারে আনার এই প্রতিযোগিতা উৎপাদন ও ভোগ- দুই ক্ষেত্রেই বাড়িয়ে তুলছে চাপ।

বিজনেস ইনসাইডারের তথ্যমতে, একটি সুতির শার্ট তৈরিতে প্রায় ৭০০ গ্যালন এবং এক জোড়া জিন্স উৎপাদনে প্রায় ২ হাজার গ্যালন পানি প্রয়োজন হয়। পোশাকে রং করার প্রক্রিয়াও পানিদূষণের অন্যতম বড় উৎস। জাতিসংঘের আশঙ্কা, পোশাকশিল্পের কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে আরও ৬০ শতাংশ বাড়তে পারে।


দূষণের আরেকটি বড় কারণ সিন্থেটিক কাপড়। প্রতি বছর এসব কাপড় ধোয়ার সময় প্রায় ৫ লাখ টন মাইক্রোফাইবার সাগরে মিশছে, যা ৫০ কোটি প্লাস্টিক বোতলের সমপরিমাণ। এ ছাড়া, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৯ কোটি ২০ লাখ মেট্রিক টন পোশাক ও বস্ত্রসামগ্রী বর্জ্য হিসেবে ফেলা হচ্ছে। উৎপাদিত পোশাকের প্রায় ৮৫ শতাংশ শেষ পর্যন্ত ভাগাড়ে জমা হয়। ফলে, স্বল্পস্থায়ী ফ্যাশনপণ্যের বর্জ্য পরিবেশের জন্য ক্রমেই বড় সংকট হয়ে উঠছে।

ফাস্ট ফ্যাশনের প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নও। কম খরচে উৎপাদনের লক্ষ্যে অনেক প্রতিষ্ঠান এমন দেশে কারখানা স্থাপন করে, যেখানে শ্রম আইন ও কর্মপরিবেশের সুরক্ষা দুর্বল। এর ফলে শিশুশ্রম, কম মজুরি ও অনিরাপদ কর্মপরিবেশের মতো সমস্যা দেখা দেয়। ২০১৩ সালের রানা প্লাজা ট্র্যাজেডি পোশাকশিল্পের এসব অন্ধকার দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিল।


এ পরিস্থিতিতে ফাস্ট ফ্যাশনের বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে ‘স্লো ফ্যাশন’ বা টেকসই ফ্যাশন। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের তুলনায় বেশি পোশাক কেনার প্রবণতা কমাতে হবে। থ্রেডআপ ও পশমার্কের মতো অনলাইন প্ল্যাটফর্ম পুরোনো পোশাক কেনাবেচায় উৎসাহ দিচ্ছে। অন্যদিকে, রেন্ট দ্য রানওয়ের মতো প্রতিষ্ঠান বিশেষ অনুষ্ঠানের জন্য পোশাক ভাড়ার সুযোগ তৈরি করেছে।

পরিবেশের ক্ষতি কমাতে অর্গানিক তুলা, লিনেন ও পাটের মতো পরিবেশবান্ধব তন্তুর ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, উৎপাদনপ্রক্রিয়ায় প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি ভোক্তাদের অতিরিক্ত কেনাকাটার প্রবণতা নিয়ন্ত্রণ করাও জরুরি।

ম্যানচেস্টার ইউনিভার্সিটির ফ্যাশন মার্কেটিংয়ের জ্যেষ্ঠ প্রভাষক প্যাটসি পেরির ভাষায়, ‘লেস ইজ অলওয়েজ মোর’। অর্থাৎ, কম কেনার মধ্যেই পরিবেশ রক্ষার বড় সুযোগ রয়েছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   ফাস্ট ফ্যাশন  পোশাক  প্রকৃতি  পরিবেশ  দূষণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: