ছবি : সংগৃহীত পৃথিবীটা রহস্যে ভরা। যে রহস্যের অনেক কিছুই এখনো মানুষ জানে না। বিশেষ করে সমুদ্রের গভীরে কী আছে? কী ঘটে? এ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের শেষ নেই। কখনো কখনো সমুদ্রের এমন কিছু ঘটনা সামনে আসে, যা অবাক করে দেয় সবাইকে। তেমনই এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছিলেন জাপানের এক পুরোহিত ও প্রশিক্ষিত ডুবুরি হিরোইউকি আরাকাওয়া।
জাপানের তাতেয়ামা উপসাগরে পানির নিচে একটি মন্দিরের তত্ত্বাবধান করতেন তিনি। ৩০ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন পানির নিচে গিয়ে মন্দিরে ঘণ্টা বাজাতেন। আর এ কাজ করতে গিয়েই একদিন পরিচয় হয় অদ্ভুত এক মাছের সঙ্গে। প্রথম দিকে অন্য সাধারণ মাছের মতোই ছিল সেটি। তবে ধীরে ধীরে মাছটির সঙ্গে আরাকাওয়ার বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিদিন মন্দিরে গেলেই মাছটি তার কাছে চলে আসত। তিনি মাছটির নাম দেন ‘ইয়োরিকো’। নাম ধরে ডাকলেই যেন সাড়া দিয়ে হাজির হতো সে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইয়োরিকোর শরীরেও পরিবর্তন আসতে থাকে। তার মাথা ক্রমেই বড় হতে থাকে। একসময় মাথা ও থুতনি ফুলে এমন অদ্ভুত আকৃতি ধারণ করে, যা দেখে আগের মাছটির সঙ্গে মিল খুঁজে পাওয়া কঠিন। সবচেয়ে বিস্ময়কর বিষয়, মাছটি জন্মেছিল নারী হিসেবে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একসময় পুরুষে রূপান্তরিত হয়।
এই মাছের এমন বৈশিষ্ট্যই একসময় মানুষের নজরে আসে। বিবিসি আর্থের একটি প্রামাণ্যচিত্র নির্মাণের সময় জাপানের সাডো দ্বীপের কাছাকাছি পানিতে ধারণ করা দৃশ্যের মাধ্যমে মাছটির বিষয়টি আলোচনায় আসে। পরে ২০১৭ সালে বিবিসির জনপ্রিয় প্রামাণ্যচিত্র সিরিজ ‘ব্লু প্ল্যানেট-২’-এর ‘ওয়ান ওশান’ পর্বেও মাছটির কথা তুলে ধরা হয়।
মাছটির প্রকৃত নাম এশিয়ান শিপসহেড র্যাস। জাপানে এটি ‘কোবুদাই’ নামে পরিচিত। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের দেখা যায়। জাপান, চীন, কোরীয় উপদ্বীপ এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের আশপাশের পাথুরে প্রবালপ্রাচীরে এদের বসবাস।
কোবুদাই মাছের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর শরীরের পরিবর্তন। বিশেষ করে পুরুষ মাছের মাথা ও থুতনি বেশ বড় এবং ফোলা হয়। এই গড়নের কারণে মাছটিকে দেখতে অনেকটা অদ্ভুত বা ভিনগ্রহের প্রাণীর মতো মনে হতে পারে। এদের চোয়াল শক্তিশালী এবং দাঁতও বেশ বড়। সাধারণত দাঁতগুলো পরস্পর থেকে কিছুটা দূরত্বে থাকে। একটি পূর্ণবয়স্ক কোবুদাই মাছের দৈর্ঘ্য প্রায় ১০০ সেন্টিমিটার বা ৩৯ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের সর্বোচ্চ রেকর্ড করা ওজন ১৪ দশমিক ৭ কেজি।
জাপানে এই মাছের খাদ্য হিসেবে বেশ চাহিদা রয়েছে। এর মাংসের স্বাদ অনেকটা ঝিনুকের মতো বলে মনে করা হয়। তবে অদ্ভুত চেহারা ও বড় দাঁতের কারণে অনেকের কাছে মাছটি বেশ ভীতিকর মনে হতে পারে।
কোবুদাই মাছের জীবনযাত্রার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এদের প্রত্যেকটি পুরুষ মাছের জন্ম হয় নারী মাছ হিসেবে। অর্থাৎ জীবনের শুরুতে এরা সবাই নারী থাকে। বয়স ও শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে এদের কেউ কেউ একসময় পুরুষে রূপান্তরিত হয়। সামুদ্রিক জীবজগতে এ ধরনের পরিবর্তনকে লিঙ্গ পরিবর্তন বা সিকোয়েনশিয়াল হারমাফ্রোডিটিজম বলা হয়।
কোবুদাই মাছের প্রজনন মৌসুম সাধারণত গ্রীষ্মকালে। এ সময় প্রতিটি পূর্ণবয়স্ক পুরুষ মাছ সমুদ্রের একটি নির্দিষ্ট এলাকা নিজের দখলে রাখে। ওই এলাকায় থাকা কয়েকটি নারী মাছের সঙ্গে তার প্রজনন সম্পর্ক গড়ে ওঠে। অন্য কোনো পুরুষ মাছকে নিজের এলাকায় ঢুকতে দিতে চায় না সে। এভাবেই একটি পুরুষ মাছ একটি নির্দিষ্ট এলাকার প্রজননক্ষেত্র নিয়ন্ত্রণ করে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থায় পরিবর্তন আসে। কোনো নারী মাছ বয়স ও শারীরিক পরিপক্বতার একটি পর্যায়ে পৌঁছালে তার শরীরে হরমোনের পরিবর্তন শুরু হয়। নারী হরমোনের কার্যক্রম কমে গিয়ে পুরুষ হরমোনের প্রভাব বাড়তে থাকে। কয়েক মাসের মধ্যেই তার শরীরের গঠন বদলে যায়। মাথা ও থুতনি বড় হতে থাকে। একসময় নারী মাছটি পূর্ণাঙ্গ পুরুষে পরিণত হয়।
নতুন এই পুরুষ মাছের সামনে তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আগের অধিপতি। কারণ একই এলাকায় সাধারণত একাধিক প্রভাবশালী পুরুষের আধিপত্য থাকে না। ফলে নতুন পুরুষ মাছটি আগের পুরুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বড় মাথা ও শক্তিশালী শরীর প্রতিপক্ষকে ভয় দেখাতে ভূমিকা রাখে। লড়াইয়ে যে জেতে, সে-ই ওই এলাকার আধিপত্য ধরে রাখে। পরাজিত পুরুষ মাছকে এলাকা ছেড়ে চলে যেতে হয়।
এভাবেই কোবুদাই মাছের সমাজে একের পর এক পরিবর্তন ঘটে। একটি নারী মাছ সময়ের সঙ্গে পুরুষ হয়ে ওঠে, নতুন করে আধিপত্য প্রতিষ্ঠা করে। আবার তার জায়গা নিতে ভবিষ্যতে অন্য কোনো নারী মাছ পুরুষে রূপান্তরিত হয়। সমুদ্রের গভীরে এভাবেই চলতে থাকে প্রকৃতির এক বিস্ময়কর জীবনচক্র।
সময়ের আলো/এসএকে