পারমাণবিক অস্ত্র নিয়ে চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

2026-11-14T13:06:34+00:00
2026-11-14T13:06:34+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পারমাণবিক অস্ত্র নিয়ে চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:০৬ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তিন নেতার এ বৈঠক হবে সম্মেলনের সাইডলাইনে। বৈঠকে বিশ্বের পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। তার মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।

বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর তিন দেশের নেতাদের আলোচনায় ইরান প্রসঙ্গও আসতে পারে বলে জানা গেছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা নয়। এ বিষয়ে মস্কো ও বেইজিং এখনো কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক থেকে কোনো চুক্তি বা সমঝোতা আসবে—এমন প্রত্যাশা নেই বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা ট্রাম্পের। ২১ সদস্যদেশের অংশগ্রহণে দুই দিনব্যাপী এপেক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক।

ওয়েলস বলেন, ফিলিপাইনে মঙ্গলবার অনুষ্ঠেয় আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ট্রাম্পের এশিয়া সফর শুরু হবে। এরপর চীন সফর শেষে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে তাঁর সফর শেষ হবে। এ সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়া এবং মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য অর্জনের লক্ষ্য রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর বড় ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা আর কার্যকর নেই। কার্যত শীতল যুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও ইতি ঘটেছে।


জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন কাঠামোতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, চীনকে অন্তর্ভুক্ত করে আগের চেয়ে ভালো চুক্তি করা সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে চীনও তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে। এর আগে বিবিসিকে সাবেক মার্কিন কর্মকর্তারা ও বিশ্লেষকেরা বলেছিলেন, এ বিষয়ে বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে এবং আলোচনায় কয়েক বছর লেগে যেতে পারে।

চলতি বছর এর আগে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে আতিথ্য দেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় আন্তর্জাতিকভাবে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে রাশিয়া। এ সময় মস্কোর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠে বেইজিং। তবে রাশিয়ার ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত চুক্তি এবং মস্কোর তেল-গ্যাসের বড় ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় ইউরোপে ট্রাম্প প্রশাসনের রাশিয়াপন্থি অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদিকে বেইজিং ও ওয়াশিংটনে বৈঠকের মাধ্যমে ট্রাম্প ও শি দুই দেশের সম্পর্কের উষ্ণতা তুলে ধরার চেষ্টা করেছেন। তবে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় আধিপত্যের প্রতিযোগিতা এবং তাইওয়ান ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইরান যুদ্ধও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের কারণ। ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা ও বাণিজ্যিক অংশীদার চীন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তারা। এর আগে চলতি মাসে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছিল, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্মেলনে এ ধরনের বৈঠকের বিষয়ে প্রস্তুতির ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পারমাণবিক অস্ত্র  চীন  বৈঠক  ট্রাম্প  পুতিন  শি জিনপিং 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: