গাদি আইজেনকোট। ছবি : সংগৃহীত ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালানোর অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন গাদি আইজেনকোট। নির্বাচনি স্বার্থে ফিলিস্তিনি নাগরিকদের হেয় করা ও প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে তুলে ধরার চেষ্টা ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকোট বলেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে রাজনৈতিক স্বার্থে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা এই জনগোষ্ঠীর বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু তার সমর্থকদের নন, দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী। যারা তাকে ভোট দেননি, তারাও এর অন্তর্ভুক্ত। আরব নাগরিকেরা ইসরায়েলের সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। একটি পুরো জনগোষ্ঠীকে হেয় করা এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা রাষ্ট্রবিরোধী।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনোটিই পায়নি। এ নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরবভিত্তিক দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর আরবভিত্তিক দলগুলোর নেতারা হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছেন—এমন অভিযোগও করে আসছেন নেতানিয়াহু। যদিও দলগুলোর নেতারা হামাসের নেতৃত্বে পরিচালিত ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।
আইজেনকোট বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতভিন্নতা থাকতে পারে, এমনকি তাদের কারও কারও প্রতি তীব্র বিরাগও থাকতে পারে। কিন্তু একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়ার সুযোগ নেই। তিনি নিজেও তা হতে দেবেন না।
আরবভিত্তিক দলগুলো নেতানিয়াহুকে সরিয়ে আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার পক্ষে সমর্থন জানিয়েছে। তবে এসব দলকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন আইজেনকোট। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬৭-তে দাঁড়াত। অন্যদিকে অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব।
নতুন সরকার গঠনের বিষয়ে আইজেনকোট বলেন, যত দ্রুত সম্ভব তাকে দেওয়া দায়িত্ব পালন করতে চান তিনি। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়া গুরুতর ভুল হবে বলেও মন্তব্য করেন।
ইরানে নতুন হামলার পরিকল্পনা নিয়ে ভাবছেন নেতানিয়াহু
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আইজেনকোটের নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় রয়েছে। তবে রাজনৈতিকভাবে চাপে থাকলেও ইরানে আবারও সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু। এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক বাহিনী এবং আইজেনকোটের আগ্রহ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইজেনকোট সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ানো উচিত হবে না।
শুক্রবারের পোস্টে তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেননি।
এর আগে চলতি সপ্তাহে নেতানিয়াহুকে নিজের জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন আইজেনকোট। নেতানিয়াহুর কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকেও জোটে স্বাগত জানানোর ইঙ্গিত দেন তিনি।
২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ছিলেন আইজেনকোট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সময়ের আলো/জেডি